স্নিগ্ধ এক সকাল। চারপাশে ভেসে আসছে পাখিদের মিষ্টি কিচিরমিচির শব্দ। শীতের কুয়াশার চাদর মুড়ি দিয়ে নতুন সাজে সেজে উঠেছে তিলোত্তমা কলকাতা। ভোরের নরম রোদ ধীরে ধীরে উঁকি দিচ্ছে শহরের আকাশে। রাস্তার দুপাশে ব্যস্ততা শুরু হয়ে গেলেও সকালের স্নিগ্ধ পরিবেশে যেন এক অদ্ভুত মায়া মিশে রয়েছে। কুয়াশায় মোড়া শহরটাকে দেখে মনে হচ্ছে, প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে তুলেছে এক অপরূপ ক্যানভাস।
মাসটা জানুয়ারি। দীর্ঘ ছুটির আমেজ কাটিয়ে নতুন উদ্যমে আবারও ছন্দে ফিরছে শহর কলকাতা। বেলা একটু বাড়তেই শুরু হয়ে গেছে মানুষের ব্যস্ততা। কেউ ছুটে চলেছে অফিসের উদ্দেশে, কেউবা স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের পথে। সবার চোখেমুখে নতুন দিনের ব্যস্ততা, আর মনের মধ্যে রয়েছে নানা স্বপ্ন ও প্রত্যাশা।
ব্যস্ত এই শহরের বুকেই অবস্থিত কলকাতা বিশ্ববিদ্যালয়। আজ সেখানে নতুন বছরের প্রথম দিনের মতোই এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দীর্ঘ ছুটি কাটিয়ে পুরোনো ছাত্রছাত্রীরা ফিরে এসেছে নিজেদের চেনা আঙিনায়। পাশাপাশি নতুন শিক্ষার্থীদের আগমনে মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। কারও চোখে নতুন ভবিষ্যতের স্বপ্ন, কারও মনে নতুন বন্ধু পাওয়ার আনন্দ, আবার কেউ কেউ নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।
ঠিক সেই সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে প্রবেশ করল দুজন মেয়ে। তাদের মধ্যে একজন বসে আছে হুইলচেয়ারে, আর অন্যজন যত্ন করে হুইলচেয়ারটি ঠেলে নিয়ে যাচ্ছে সামনের দিকে।
হুইলচেয়ারে বসে থাকা মেয়েটির নাম শ্রেয়সী রায়চৌধুরী মিষ্টি। পরনে সুন্দর একটি থ্রি-পিস, খোলা চুলগুলো কাঁধ ছুঁয়ে নেমে এসেছে পিঠের ওপর। তার মুখশ্রীতে রয়েছে এক অদ্ভুত মায়া, আর চোখ দুটোয় লুকিয়ে আছে হাজারো না-বলা কথা।
অন্য মেয়েটির নাম মধুমিতা বসু মধু। সে শ্রেয়সীর ছোটবেলার বন্ধু। তাদের বন্ধুত্বের সম্পর্ক এতটাই গভীর যে, একজনের মনের কথা অন্যজনকে আলাদা করে বলে দিতে হয় না।
বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতেই আশপাশের বেশ কয়েকজন ছাত্রছাত্রীর দৃষ্টি তাদের দিকে ঘুরে গেল। কেউ কৌতূহলী চোখে তাকিয়ে রইল, কেউ আবার নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে লাগল।
মানুষের এই কৌতূহলী দৃষ্টি শ্রেয়সীর কাছে নতুন নয়। তবুও প্রতিবার এমন পরিস্থিতিতে সে ভেতর থেকে অস্থির হয়ে পড়ে। আজও তার ব্যতিক্রম হলো না।
সে অজান্তেই নিজের দুহাত দিয়ে পরনের থ্রি-পিসের কাপড় খামচে ধরল। বুকের ভেতরটা কেমন যেন ধড়ফড় করতে লাগল। চারপাশের মানুষগুলোর দৃষ্টি থেকে নিজেকে আড়াল করতে ইচ্ছে করছিল তার।
একবার চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল শ্রেয়সী। নিজেকে শান্ত করার চেষ্টা করল। মনে মনে নিজেকেই বোঝাতে লাগল, সে এখানে কারও করুণার পাত্রী হতে আসেনি। নিজের স্বপ্নগুলোকে সত্যি করতে এসেছে। অন্যদের মতো তারও অধিকার আছে নিজের পছন্দের জীবন বেছে নেওয়ার, নিজের পরিচয়ে পরিচিত হওয়ার।
কিন্তু মনের ভেতরের অস্বস্তিটা যেন কিছুতেই কমছিল না।ঠিক তখনই নিজের কাঁধে কারও হাতের কোমল স্পর্শ অনুভব করল সে। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখতে পেল মধুকে।
মধু তার দিকে তাকিয়ে চোখের ইশারায় শান্ত হতে বলল। ঠোঁটের কোণে ফুটিয়ে তুলল আশ্বাসভরা একটুকরো হাসি,মধুর সেই হাসি দেখে শ্রেয়সীও ধীরে ধীরে নিজেকে সামলে নিল। তার ঠোঁটের কোণেও ফুটে উঠল মৃদু হাসি।
এরপর দুজনে আবার এগিয়ে চলল ভার্সিটির ভেতরের দিকে।
ঠিক সেই সময় দূর থেকে তাদের দেখতে পেয়ে একটি মেয়ে প্রায় দৌড়ে এগিয়ে এল। কাছে এসেই কোনো কথা বলার আগেই হুইলচেয়ারে বসে থাকা শ্রেয়সীকে জড়িয়ে ধরল সে।
প্রিয়া: শ্রেয়সী! তুই এসেছিস শেষমেশ! তাহলে আঙ্কেল রাজি হলেন? আমি যে কতটা খুশি হয়েছি, তোকে বলে বোঝাতে পারব না!
প্রিয়ার কথায় শ্রেয়সীর মুখে হাসি ফুটে উঠল।
প্রিয়া সেন পিয়ু, । শ্রেয়সী আর মধুমিতার মতো সেও তাদের ছোটবেলার বন্ধু। তিনজনের বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে। একই স্কুল, একই কলেজ পেরিয়ে এবার তিনজনই ভর্তি হয়েছে একই ভার্সিটিতে।
শ্রেয়সীর বাবা প্রথমে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে রাজি হননি। মেয়েকে নিয়ে তাঁর চিন্তার শেষ ছিল না। নতুন পরিবেশে শ্রেয়সী নিজেকে মানিয়ে নিতে পারবে কি না, অন্যদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে কি না, কিংবা কেউ তাকে কষ্ট দেবে কি না—এসব চিন্তাই তাঁকে বারবার দ্বিধায় ফেলেছিল।
কিন্তু শ্রেয়সীর নিজের স্বপ্ন পূরণের ইচ্ছা, তার জেদ আর মধু ও পিয়ুর আশ্বাসের কাছে শেষ পর্যন্ত তাঁকে হার মানতেই হয়েছে।
আর তাই আজ শ্রেয়সী এসেছে নিজের স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে।
এদিকে প্রিয়ার কাণ্ড দেখে মধুমিতা আর চুপ থাকতে পারল না।
মধুমিতা: এই শাকচুন্নি! আগে মিষ্টিকে ছাড়। দেখছিস না, বেচারির দম বন্ধ হয়ে যাবে!
প্রিয়া শ্রেয়সীকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে মধুমিতার দিকে ঘুরে তাকাল। তারপর দুই ভ্রু কুঁচকে বলল—
প্রিয়া: কী বললি? আমি শাকচুন্নি? এই তুই আমাকে শাকচুন্নি বললি, আর তুই একটা গন্ডার!
মধুমিতা: প্রিয়া...!
মধুমিতার গলায় হুমকির সুর শুনেও প্রিয়া একটুও ভয় পেল না। বরং জিভ বের করে ভেংচি কেটে বলল—
প্রিয়া: কী করবি, হ্যাঁ? কী করবি?
কথাটা শেষ হতে না হতেই মধুমিতা তার দিকে তেড়ে গেল।
মধুমিতা: দাঁড়া! আজ তোকে আমি দেখাচ্ছি মধুমিতা বসু কাকে বলে!
ব্যস! আর যায় কোথায়!
প্রিয়া দিল এক দৌড়। আর তার পেছনেই ছুটল মধুমিতা।
ভার্সিটির মাঠে দাঁড়িয়ে দুজনের এই কাণ্ড দেখে আশপাশের কয়েকজন ছাত্রছাত্রী অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ মুচকি হাসল, কেউ আবার মাথা নেড়ে নিজেদের কাজে ফিরে গেল।
আর হুইলচেয়ারে বসে থাকা শ্রেয়সী?
সে শুধু মুচকি মুচকি হাসতে লাগল।
এই দুই পাগলির কাণ্ড দেখে তার মনে হলো, পৃথিবীটা যতই বদলে যাক, কিছু মানুষ কখনো বদলায় না। সময়ের সঙ্গে সঙ্গে বয়স বাড়ে, জীবনের পথ বদলে যায়, দায়িত্ব বাড়ে; তবুও কিছু সম্পর্ক থেকে যায় আগের মতোই সরল, সুন্দর আর নিখাদ।
প্রিয়া আর মধুমিতা ঠিক তেমনই।
ছোটবেলা থেকেই দুজনের মধ্যে খুনসুটি লেগেই থাকে। কখনো একজন আরেকজনের চুল টেনে দেয়, কখনো সামান্য কথায় শুরু হয় ঝগড়া। অথচ একে অপরকে ছাড়া তাদের এক মুহূর্তও চলে না।
শ্রেয়সী মনে মনে ভাবল, 'এরা আর কোনো দিনও বদলাবে না! বড় হয়েছে শুধু বয়সে, বুদ্ধিতে সেই আগের মতোই রয়ে গেছে।'
ভাবতে ভাবতেই তার ঠোঁটে আরও একটু হাসি ফুটে উঠল।
কিছুক্ষণ পর প্রিয়া আর মধুমিতা দুজনেই ফিরে এল। যদিও প্রিয়ার মুখে তখনও দুষ্টু হাসি, আর মধুমিতা রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে।
শ্রেয়সী: তোদের দুজনের ঝগড়া কি কোনো দিন শেষ হবে না? ভার্সিটিতে এসেও সেই ছোটবেলার মতোই রয়ে গেলি!
প্রিয়া: আরে, তুই ওকে কিছু বলবি না? দেখ না, আমাকে কী কী বলছে!
মধুমিতা: আমি কী বলেছি? তুই আমাকে গন্ডার বললি কেন?
প্রিয়া: কারণ তুই একটা গন্ডার!
মধুমিতা: প্রিয়া ....
প্রিয়া কানে তাড়াতাড়ি আঙ্গুল।
প্রিয়া: আচ্ছা বাবা, আর বলব না! হয়েছে?
কথাটা বলে প্রিয়া মুখ চেপে হাসতে লাগল।
শ্রেয়সী এবার আর হাসি ধরে রাখতে পারল না। তার হাসির শব্দে মধুমিতার মুখের রাগও ধীরে ধীরে মিলিয়ে গেল।
তিন বান্ধবী আবারও নিজেদের চেনা ছন্দে ফিরে এল।
কিছুক্ষণ পর মধুমিতা হুইলচেয়ারের হাতলে হাত রেখে বলল—
মধুমিতা: চল, এবার ক্লাসরুমে যাওয়া যাক। প্রথম দিনেই দেরি করে ঢুকলে কিন্তু স্যারের কাছে বকুনি খেতে হবে।
প্রিয়া: হ্যাঁ, চল চল! আজ আবার নতুন স্যার আসবেন শুনেছি। কেমন দেখতে, কে জানে!
মধুমিতা: তোর সবকিছুতেই শুধু দেখতে কেমন, সেটাই আগে জানতে হবে, তাই না?
প্রিয়া: হুম! দেখতে ভালো হলে পড়াশোনায় মনোযোগও বেশি থাকবে!
মধুমিতা: তোর মাথায় যে কী চলে, ভগবানই জানেন!
শ্রেয়সী: তোরা দুজন এবার থামবি? চল না, প্লিজ!
তিনজনের কথোপকথনে আবারও হাসির রোল উঠল।
মধুমিতা ধীরে ধীরে হুইলচেয়ারটি ঠেলে নিয়ে এগিয়ে চলল ক্লাসরুমের দিকে। পাশে পাশে হাঁটতে লাগল প্রিয়া। আর শ্রেয়সী তাকিয়ে রইল বিশ্ববিদ্যালয়ের বিশাল ভবনটির দিকে।
আজ তার জীবনের একটি বিশেষ দিন।
নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা—সবকিছু মিলিয়ে বুকের ভেতরটা কেমন যেন করছে। ভয় আছে, অনিশ্চয়তা আছে, কিন্তু তার চেয়েও বেশি রয়েছে নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখার ইচ্ছা।
সে জানে, তার পথটা হয়তো অন্যদের তুলনায় একটু বেশি কঠিন হবে। হয়তো অনেক সময় মানুষের কৌতূহলী দৃষ্টি তাকে কষ্ট দেবে, হয়তো কিছু পরিস্থিতিতে তাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে ,তবুও সে হাল ছাড়বে না।
কারণ তারও কিছু স্বপ্ন আছে। তারও ইচ্ছে হয় আকাশ ছুঁতে, নিজের পরিচয়ে পরিচিত হতে, নিজের মতো করে বাঁচতে।
আর কে জানে, এই বিশ্ববিদ্যালয়ের চেনা-অচেনা মুখগুলোর ভিড়েই হয়তো লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটি।
এমন এক গল্প, যার শুরু হবে হয়তো একটুখানি অভিমান দিয়ে, তারপর ধীরে ধীরে জন্ম নেবে ভালো লাগা। আর সেই ভালো লাগা কখন যে গভীর ভালোবাসায় রূপ নেবে, তা হয়তো কেউই বুঝতে পারবে না।
হয়তো এই বিশ্ববিদ্যালয়েরই কোনো এক কোণে অপেক্ষা করছে এমন একজন মানুষ, যে শ্রেয়সীকে তার শারীরিক দিক দিয়ে নয়, তার মনের সৌন্দর্য দিয়ে চিনবে।
যে তার চোখের ভাষা বুঝবে, তার নীরবতার আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলো অনুভব করবে।
যে তাকে দুর্বল ভেবে আগলে রাখতে চাইবে না, বরং তার পাশে দাঁড়িয়ে তাকে আরও শক্তিশালী হতে সাহায্য করবে।
কিন্তু সেই মানুষটি কে?
সে কি শ্রেয়সীর জীবনে নিয়ে আসবে একমুঠো রোদ্দুর, নাকি তার শান্ত জীবনে ঝড় তুলে দেবে?
সেই উত্তর লুকিয়ে রয়েছে ভবিষ্যতের পাতায়।
আর সেই ভবিষ্যতের প্রথম দরজাটি আজই খুলতে চলেছে।
#চলবে
