অভিমানী ডিসেম্বর
লেখক : আফিয়া জাহিন এবং সামিহা আলম সিনহা
পর্ব - ১
আজ পহেলা ডিসেম্বর। দিনটি যেভাবে কেটেছে, তা কেউ ঠিক বুঝে উঠতে পারেনি। কিন্তু ঘড়ির কাঁটাতে যখন ১১টা বেজে ৪৫ মিনিট, তখন মনে হলো সময় যেন হঠাৎ থমকে গেছে।
হয়তো তাশহাদের বাড়ির সব ছোট ছেলেমেয়েরা রাত ১২টা বাজার অপেক্ষা করছে। আর বড়রা সবাই ঘুমাচ্ছে—যাঁরা জেগে আছেন, তাঁদের চোখও ঘুমে ঢুলে আসছে, তবুও রাত ১২টা না বাজা পর্যন্ত যেন ঘুমাতে পারবেন না।
সবাই যখন আনন্দ করার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই একজনকে দেখা গেল বেশ বিষণ্ণ ও উদাসীন। তার মুখে কোনো আনন্দের ছাপ নেই। প্রতিদিন যার দুষ্টুমি ও চঞ্চলতায় ঘরের সবাই অতিষ্ঠ হয়ে উঠত, আজ সে অদ্ভুতভাবে চুপচাপ।
তখন জারা এসে সেই মেয়েটির কাছে, অর্থাৎ নাবিহার কাছে এসে খোঁচা মেরে বলল,
"এই নাবিহা, তোর ভাইয়ের জন্মদিন! তুই এখানে একা একা বসে আছিস কেন?"
নাবিহা চরম বিরক্তির সাথে জবাব দিল,
"তাতে তোমার কী? তুমি তোমার মতো মজা করো!"
"তুই এত গম্ভীর হয়ে আছিস কেন?"
নাবিহা এবার চোখ ঘুরিয়ে অন্যদিকে মুখ করে বলল,
"তুমি এত এক্সাইটেড কেন?"
নাবিহা এই জারা মেয়েটিকে একদম পছন্দ করে না। জারা ও জাকারিয়া হলো আপন ভাই-বোন, আর তাদের একজন বড় ভাই রয়েছে যিনি পড়াশোনার জন্য বিদেশে থাকেন। অন্যদিকে জারা হলো নাবিহাদের ফুফাতো বোন। ঠিক তখনই নুসাইবা এসে নাবিহার কানে কানে ফিসফিস করে বলল,
"এই ন্যাকড়ার সাথে আমরা কথা বলব না, চলো রেডি হই।"
এই কথাটি সে প্রায় দশবার বলেছে। কিন্তু এবার নুসাইবা নিজেই বিরক্ত হয়ে বলল,
"ও তো বড় বোনের কোনো পাত্তাই দেয় না! ওকে গুনাতেই ধরে না!"
নাবিহা বলল,
"ওরে, আর সাত দিনের বড় বোন, একটু নাটক বন্ধ করো তো! ভালো লাগছে না।"
"তোমার ভালো লাগবে না কেন?" বলতে বলতে সেখানে এসে দাঁড়াল নওশিন।
নওশিন হলো নুসাইবার বড় বোন, যার পড়াশোনা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আর নাবিহা ও নুসাইবা—এই দুজনে এবার একসাথে নবম শ্রেণীতে পড়ে। এছাড়া জাবা এবার এসএসসি (SSC) পরীক্ষা দেবে, তৃশান পড়ছে ইন্টার প্রথম বর্ষের ছাত্র, আর্য এবার এইচএসসি (HSC) পরীক্ষার্থী, এবং জাকারিয়া পড়ছে সপ্তম শ্রেণীতে।
নওশিন তখন নাবিহাকে উদ্দেশ্য করে বলল,
"যাও তো তোমরা, তাড়াতাড়ি তুমি আর তোমার সাত দিনের বড় বোন রেডি হয়ে নাও।"
বড় বোনের কথা শুনে তারা ঘরের দিকে পা বাড়াল। নওশিন, নাবিহা আর নুসাইবা—এই তিনজন একসাথে একই রুমে থাকে। তারা রেডি হয়ে বের হলো। তাদের বয়সের তফাত মাত্র সাত দিন, ছোট-বড় বলতে ওইটুকুই। তাই হয়তো তাদের নামগুলোও মিলিয়ে রাখা হয়েছে।
পাশাপাশি দুজনে একই রঙের পোশাক পরেছে। তাদের দেখতে একদম যমজ বোনের মতো লাগছিল। যেন একজনের ব্যথা লাগলে অন্যজনেরও কষ্ট অনুভূত হয়!
ঘড়ির কাঁটায় তখন ১১টা বেজে ৫৩ মিনিট, তারপর ৫৮ মিনিট... তৃশানের জন্মদিনের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। তৃশান হলো নাবিহার আপন বড় ভাই। নাবিহা আর নুসাইবা দুজনে আবার একই ড্রেস পরেছে।
নওশিন তাদের দেখে মনে মনে বলল,
"এদেরকে যে আমি এগুলো পরতে মানা করেছিলাম! আল্লাহ, তুমি আমাকে এই বাদরগুলোর হাত থেকে বাঁচাও!"
তৃশান কেকের সামনে দাঁড়িয়ে আছে। তার পাশে পরিবারের অন্য ভাইদের মতো আর্যও উপস্থিত রয়েছে। জারা গিয়ে তৃশানের গা ঘেঁষে দাঁড়াল, যা তৃশানের একদম পছন্দ হলো না। তৃশান পুরো ঘরে একজনকে খুঁজছে—সে হলো নাবিহা। নাবিহা যেন তার কলিজার টুকরো, কিন্তু তৃশান কখনো তা নাবিহাকে প্রকাশ করে বুঝতে দেয়নি।
নাবিহাকে নিজের কাছে টেনে এনে সে জারাকে সামান্য সরিয়ে দিল। দেখতে দেখতে হঠাৎ ঘরের লাইট অফ হয়ে গেল। মোমবাতিগুলো জ্বলে উঠল।
অমনি নওশিন, নুসাইবা, ছোট দুই বাচ্চা মেহেরাজ ও মেহেরান, আর্য আর জারা—সবাই তৃশানের দিকে তাকিয়ে সুর মিলিয়ে একযোগে বলে উঠল,
"Happy Birthday To You, Trishan!"
কেক কাটা ও খাওয়া শেষ হতেই সবাই নিজের ঘরে চলে গেল, কারণ পরদিন ছোটদের স্কুল রয়েছে।
পরদিন সকালে ছোট বাচ্চারা সবাই হেঁটে হেঁটে স্কুলে রওনা হলো। এ দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন পাখির ছানারা কিচিরমিচির করতে করতে সারিবদ্ধভাবে হেঁটে চলেছে। পিছন ফিরে তাকাতেই দেখা গেল—আর্য তার কালো স্পোর্টস বাইকটা নিয়ে একদম নিরুত্তাপ ভঙ্গিতে পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। লোকালয়ের ভিড় বা হুল্লোড়ে সে কখনোই খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করে না; একা থাকতেই সে বেশি পছন্দ করে। তবে বন্ধুদের সাথে আড্ডা বা ক্লাসের টেবিলে বসলে আবার একটা চিলতে নিভৃত হাসি কিংবা মজার খোঁচা দিতেও ছাড়ত না। গম্ভীর স্বভাবের এই মানুষটা বাইকের গতি সামান্য কমিয়ে গম্ভীর চোখে একবার রাস্তার পাশের সবাইকে দেখে নিল, তারপর আর এক মুহূর্তও নষ্ট না করে নিজের মনেই হুশ করে চোখের পলকে রাস্তা পার হয়ে মিলিয়ে গেল।
তার ঠিক পরেই তৃশান বাইক নিয়ে হাজির হলো। তৃশান তার বাইকের গতি কমিয়ে নাবিহা, নুসাইবা আর জারার পাশে এসে আস্তে আস্তে গাড়ি চালাতে লাগল।
তৃশান হঠাৎ নাবিহা আর নুসাইবাকে উদ্দেশ্য করে বলল,
"তোরা দুজন এসে বাইকে বোস।"
নাবিহা গম্ভীর গলায় বলল,
"তুমি যাও, আমরা হেঁটে যাব।"
তৃশান নাবিহার কথার দিকে নজর না দিয়ে আবার বলল,
"এসে বোস বলছি!"
নাবিহা আর নুসাইবা এবার চুপচাপ বাইকে উঠে বসল। জারা তখন তৃশানের দিকে তাকিয়ে একটু ন্যাকামি ভরা স্বরে বলল,
"তৃশান ভাই, আমি কোথায় বসব?"
তৃশান কোনো উত্তর না দিয়ে নাবিহা ও নুসাইবাকে নিয়ে চট করে টান দিয়ে চলে গেল। জারা একা পড়ে গিয়ে রাগে গজগজ করতে করতে বাধ্য হয়ে হেঁটে হেঁটে স্কুলে রওনা হলো।
স্কুলে পৌঁছে নবম শ্রেণীর ছাত্রী নাবিহা ও নুসাইবা নিজেদের ক্লাসে চলে গেল। ক্লাসে ঢোকার পরই তাদের সাথে দেখা হলো তাদের ঘনিষ্ঠ বন্ধু অনন্যার।
এদিকে এইচএসসি পরীক্ষার্থী আর্যর ক্লাসে চলছে শেষ লেকচার। জীবনের একটা বিশাল অধ্যায় শেষ হওয়ার কদিন আগেই যেন এই শেষ ক্লাসটি সবার কাছে ভীষণ ভারী মনে হচ্ছিল। ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে শিক্ষক যখন বিদায়ী লেকচার দিচ্ছিলেন, তখন আর্য বেঞ্চে একটু আড়ালে একা হয়ে বসে তার ঘনিষ্ঠ বন্ধুদের দিকে তাকাতে বাধ্য হলো। বন্ধুদের কোলাহল আর হুল্লোড়ের মাঝেও আর্যর স্বভাবসুলভ গম্ভীর ব্যক্তিত্ব যেন পুরো পরিবেশ থেকে একটু আলাদা করে রেখেছিল তাকে। ক্লাস শেষ হওয়ার পর বন্ধুরা সবাই মিলে একচোট জোরাজুরি করে তাকেও আড্ডায় টানার চেষ্টা করল, আর তখনই আর্য একটা আলগা খোঁচা বা মজার মন্তব্য ছুড়ে দিয়ে পরিবেশটা হালকা করে দিল। তবে আড্ডার ঠিক মাঝেই সে আবার নিজের খোলসে ফিরে গেল, কারণ এই অতিরিক্ত হইচই বা ভিড় তার কখনোই খুব একটা পছন্দ নয়। সবার চোখেই কোথাও না কোথাও একটা বিদায়ের চাপা বিষণ্ণতা লুকিয়ে ছিল।
স্কুলের লম্বা করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ অনন্যার চোখের সামনে দিয়ে হেঁটে গেল আর্য। পরীক্ষার আগের ব্যস্ততা আর টেনশনের মাঝেও আর্যকে হঠাৎ এভাবে সামনে দিয়ে হেঁটে দেখে অনন্যার বুকটা যেন এক মুহূর্তে কেঁপে উঠল। পলকের জন্য তাদের দু'জনের চোখাচোখি হলো। আর্য এক পলক অনন্যার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল, কোনো অপ্রয়োজনীয় বাড়তি কথা বা ভাবভঙ্গি ছাড়াই সে নিজের মতো হেঁটে চলে গেল। আর অনন্যা দ্রুত দৃষ্টি সরিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। বুকের ভেতর তখন এক অজানা ঝড় বয়ে যাচ্ছে।
এদিকে ক্লাসে ফিরে অনন্যা নাবিহা ও নুসাইবার পাশে নিজের জায়গায় বসল। ক্লাসে চারপাশজুড়ে তখন আড্ডার গুঞ্জন। শিক্ষক না থাকায় সবাই যার যার মতো সহপাঠীদের সাথে খোশগল্পে মেতে আছে। হাসাহাসি আর হালকা হৈচৈয়ে পুরো ঘরটা বেশ মুখরিত।
এমনই এক ফাঁকে নাবিহা অনন্যার দিকে তাকাল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে রহস্যময় মুচকি হাসি। অনন্যাকে আলতো করে কনুই দিয়ে খোঁচা দিয়ে সে বলে উঠল,
— "কী রে অনন্যা, আজকাল কাউকে আর অনুসরণ করতে দেখা যায় না যে?"
কথাটা শুনে অনন্যা হাতের কাজ থামিয়ে চোখ তুলে তাকাল। তার চোখে হালকা বিস্ময়।
— "কাকে অনুসরণ করব?"
নাবিহা হেসে বলল,
— "কেন, যার জন্য একসময় তোর এত ব্যস্ততা ছিল? যার একঝলক দেখা পাওয়ার জন্য তুই ছটফট করতিস?"
পুরোনো স্মৃতির আঁচ লাগতেই অনন্যার চেহারায় বিরক্তির মেঘ জমে উঠল। করিডোরে ঘটে যাওয়া সেই মুহূর্তটার রেশ কাটিয়ে সে কিছুটা গম্ভীর হয়ে জবাব দিল,
— "নাবিহা, পুরোনো কথা বাদ দে তো।"
— "আচ্ছা, বাদ দিলাম," নাবিহা একটু থেমে অনন্যার চোখের দিকে তাকাল। তারপর স্বরের মধ্যে খানিকটা প্রচ্ছন্ন কৌতূহল মিশিয়ে বলল,
— "তবে সত্যি করে একটা কথা বল তো... সেই মানুষটা যখন আজও তোর সামনে দিয়ে হেঁটে যায়, এখনো কি তোর বুকটা একটু হলেও ধক করে ওঠে?"
অনন্যা কিছুক্ষণ চুপ থেকে বলল,
— "জানি না।"
নাবিহা মুচকি হেসে বলল,
— "এই ‘জানি না’টাই কিন্তু অনেক কিছু বলে দেয়।"
নাবিহাদের ক্লাসে পড়াশোনার সময় হঠাৎ খেয়াল হলো—নাবিহার কলম প্রায় শেষ পর্যায়ে, কালিতে আর চলছে না। জারাদের ক্লাস তাদের পাশের রুমেই। নাবিহা বাধ্য হয়ে নুসাইবাকে বলল,
"নুসাইবা, জারার কাছে একটা এক্সট্রা কলম আছে, চেয়ে আন তো।"
নুসাইবা জারার কাছে যেতেই জারা মুখ বাঁকিয়ে জবাব দিল,
"না, আমার কাছে কোনো এক্সট্রা কলম নেই!"
নুসাইবা ফিরে এসে নাবিহাকে বলতেই নাবিহা মেকি কান্নার সুর করে বলে উঠল,
— "ওমাগো! এই চরম দুঃসময়ে আমার ফুফাতো বোনটা আমাকে কলম দিল না! আমার জীবনটাই বৃথা!"
নাবিহার এই ঢং দেখে ক্লাসের বাকি বন্ধুরা সমস্বরে হেসে উঠল। অনন্যা তো হাসতে হাসতে বেঞ্চে লুটিয়ে পড়ার উপক্রম! নুসাইবাও খিলখিল করে হেসে উঠে বলল,
— "দূর পাগলী! তোর এই মহা দুরাবস্থা দেখে তো মনে হচ্ছে কলমের অভাবে তোর পরীক্ষা ফেল করা সময়ের ব্যাপার মাত্র!"
সবার হাসাহাসিতে ক্লাসের কোণটা একমুহূর্তে জমজমাট হয়ে উঠল। নাবিহা চোখ বড় বড় করে বলল,
— "হাসিস না বলছি! কলম না পেলে তোদের সবার খাতা থেকে পাতা ছিঁড়ে লিখব!"
কথাটা শুনে ক্লাসের সবাই আরও জোরে হেসে উঠল।
অতঃপর ক্লাস শেষ হলে সবাই বাসায় ফিরে এলো। ছোট বাচ্চা মেহেরাজ আর মেহেরান বাসায় ফিরেই খেলাধুলায় মেতে উঠল। আর ড্রয়িংরুমে বসে তৃশান সোফায় হেলান দিয়ে ঠাণ্ডা ফলের জুস খাচ্ছিল।
ঠিক তখনই নাবিহা আর নুসাইবা রুমে এসে ঢুকল। নাবিহা তার ব্যাকপ্যাকটি সোফায় ছুড়ে ফেলে সোজা ড্রয়িংরুমের দিকে হেঁটে গেল। সেখানে তৃশান বসে সোফায় হেলান দিয়ে জুসের গ্লাসটা হাতে ধরেছিল।
নাবিহা কোনো কথা না বলে তৃশানের হাত থেকে জুসের গ্লাসটি টেনে নিয়ে এক চুমুক দিল। তৃশান চোখ কপালে তুলে বলল,
— "তুই এটা কী করলি? এটা তো আমার জুস!"
নাবিহা ভ্রু কুঁচকে উত্তর দিল,
— "হ্যাঁ, তো কী হয়েছে? আমি তোর বোন না? তোর জুসে আমারও অধিকার আছে!"
তৃশান মুচকি হেসে বলল,
— "পাগল একটা!"
তারপর নাবিহা নিজের রুমে গিয়ে জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এল। ধোয়া হাত-মুখ মুছে খাবার টেবিলের দিকে পা বাড়াল সে, কারণ এখন পরিবারের সবাই মিলে একসাথে দুপুরের খাবার খাবে।
