-“আচ্ছা ভালোবাসা কী ? কাউকে ভালোবাসলে মানুষ কীভাবে বোঝে? আর পূর্ণতা, সেটা কী ? পূর্ণতা পেলে মানুষ কতটা খুশি হয় ? উত্তর দিতে পারবেন?
- না! উত্তর দেওয়া সম্ভব না। কারন এই শব্দ গুলো শুধুই আমাদের কল্পনা। আদতে এই শব্দের কোনো অস্তিত্ব নেই।”
এইটুকু লিখে ডায়রিটা বন্ধ করে দিল ঈশিতা। আজ তার পুরনো কথা খুব মনে পড়ছে। কেন মনে পড়ছে? আজ অয়নের জন্মদিন বলে? হয়তো বা। দীর্ঘ চার বছর আগে অয়নের কাছেই মেয়েটা খুব খারাপ ভাবে ঠকে গেছিল। আর সেই ঠকে যাওয়া মেনে নিতে না পারায় ঘর ছেড়েছিল ঈশিতা। এই চার বছর শুধু তার সঙ্গী ছিল তার ডায়েরী, তার বাইক আর তার হেলমেটটা। একটা ছোট্ট ব্যাগে কিছু জামা কাপড় আর ডাইরিটা ভরে ঈশিতা বেরিয়ে এসেছিল ওই বাড়ি থেকে। যেখানে সেই মানুষটা থাকে। অয়ন আর ঈশিতার মধ্যে প্রেমের সম্পর্ক বেশি দিনের ছিল না। অয়ন অনেকবার এপ্রোচ করার চেষ্টা করেও ঈশিতা কে পায়নি। কিন্তু শেষের দিকে যখন বাড়ি থেকে বিয়ে ঠিক হল ঈশিতা দুর্বল হয়ে পড়ল অয়নের উপর। আর এটার সুযোগ নিয়েই অয়ন তাকে ঠকিয়ে ছিল। বলা যায়, ঈশিতার ওপর প্রতিশোধ নিয়েছিল। ঈশিতা দুই বছর ধরে অয়নকে অবহেলা করেছে আর সম্পর্ক শুরুর দেড় মাসের মধ্যে অয়ন সেই অবহেলার প্রতিশোধ নিয়ে নেয়।
জানুয়ারির সন্ধ্যে, কনকনে ঠান্ডা পরিবেশ। দূরে রাস্তাতে ইতিমধ্যে জ্বলে উঠেছে স্ট্রিট ল্যাম্প। দূর থেকে ভেসে আসছে আযানের সুমধুর ধ্বনি। বাতাসে বয়ে চলেছে মিষ্টি ফুলের গন্ধ। ঠিক এর মাঝে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে একটি পুরুষ। গায়ে পাতলা একটা স্যান্ডো গেঞ্জির সাথে ট্রাউজার। আকাশের দিকে তাকিয়ে কি যেন একটা ভাবছে। আচ্ছা তার কি শীত করছে না? হয়তো করছে। ইতিমধ্যে হঠাৎ করে ফোনটা বেজে উঠলো।
-“হ্যালো!”
-“স্যার, ঈশিতা ম্যাডাম ফিরছে।”
-“কবে?”
-“পরশুদিন।”
-“আর কিছু?”
-“আগের বাইকটা আর নেই স্যার। অন্য বাইক নিয়ে ফিরছে।”
-“বাইকটা ম্যান্ডেটরি নয়। আর কিছু জানতে পেরেছো?”
-“হ্যাঁ। ম্যাডাম যেদিন ফিরছেন, খালেদ সাহেবও ওইদিন ফিরবে।”
-“আর অয়ন ?”
-“সেও কাল বউ নিয়ে বাড়ি আসছে। মূলত ম্যাডামকে দেখানোর জন্যই আসছে। আপনি বলেন তো আটকে দি?”
-“না থাক। আসতে দাও। ওরা এলে লাভটা আমারই।”
এই কথোপকথনের পর ফোনটা রেখে দিলো ছেলেটি। তারপর ফোনটা ডান পকেটে রেখে বাম পকেট থেকে একটা ছবি বার করলো। ছবিটা ঈশিতার।
-“মিস প্রজাপতি। আপনার খুব উড়ার শখ তাই না? এবার আপনাকে এতটাই আপন করবো যে আপনি চাইলেও একা উড়তে পারবেন না।”
এরপর ছবিটার উপর একটা চুমু খেয়ে ছবিটা আবার পকেটে রেখে দেয় তারপর আবার আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবতে থাকে ছেলেটি।
ভোর চারটে পঁয়ত্রিশ শাহ বাড়ির সামনে একটা কালো বুলেট এসে থামলো। ঈশিতা বাইক থেকে নেমে তার ব্যাগটা নিয়ে সদর দরজার দিকে এগিয়ে গেল। কলিং বেলটা দুইবার বাজাতে দরজা খুললো ইনায়া।
-“বুবু তুই এসে গেছিস। মা দেখো বুবু চলে এসেছে।”
ইনায়া শাহ, শাহ পরিবারের দ্বিতীয় মেয়ে। বয়স 17 বছর। এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ঈশিতার ছোটো চাচার মেয়ে সে। বড়ো বোন কে নিজের থেকেও বেশি ভালোবাসে।
শাহ বাড়ির কর্তা আমজাদ আলী শাহ অনেক দিন আগেই স্ত্রী কে হারান। দ্বিতীয় বিয়ে না করেই একা হাতে দুই পুত্র ও এক কন্যা কে মানুষ করেছেন তিনি। আমজাদ আলী শাহ এর বড়ো ছেলে আরাফাত শাহ এবং তার স্ত্রী তাজমিরা বেগম এর এক ছেলে তাজওয়ান শাহ এবং এক মেয়ে ঈশিতা শাহ। অন্যদিকে ছোট ছেলে আলামিন শাহ এবং তার স্ত্রী আফসারা বেগমেরও এক ছেলে রিদওয়ান শাহ এবং এক মেয়ে ইনায়া শাহ। আমজাদ আলী শাহ এর একমাত্র কন্যা আর্মিনা বেগমও স্বামী কে হাড়িয়ে দুই ছেলে ও এক মেয়ে কে নিয়ে বাবার বাড়িতেই থাকেন। আর তার ছোটো ছেলেই হলো অয়ন আহমেদ। অয়নের বোন আইমা, ঈশিতা আর রিদওয়ানের সমবয়সী হওয়ায় তারা তিনজন ছোটো থেকে একসাথে পড়াশুনা করেছে। কিন্তু আইমার দাম্ভিকতা এবং উগ্র ব্যবহারের জন্য ঈশিতা এবং রিদওয়ানের সাথে তার কোন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। অন্যদিকে, অয়নের বড়ো ভাই আবিরকে বাড়ির বড়ো ছেলে হিসেবে সবাই ভালবাসে। ভাইবোনদের কাছে আবির অত্যন্ত প্রিয় এবং একজন কাছের মানুষ। তার মতো প্রাণোচ্ছল এবং মিষ্টিভাষী মানুষ আর কেউ নেই। মা এবং ভাই-বোনের মতো অকৃতজ্ঞ সে না। নিজের স্ত্রী নিরা এবং ছোট্ট মেয়ে নির্জা কে নিয়ে সে মামার বাড়িতেই থাকে। এবং মামা ও ছোট ভাই তাজওয়ান কে ব্যবসায় সাহায্য করে।
