বন্ধু মানেই বিপদ
পর্ব - 1 :
লেখা : Samiya
গ্রামে সন্ধ্যা নামলেই সবাই বলে, পাড়ার শেষ মাথায় যে পুরনো বাড়িটা আছে, ওই বাড়িতে নাকি ভূত থাকে। কিন্তু মিহি, তুলি আর রাই এই কথা বিশ্বাস করে না। ওদের মতে, ভূত-টুত কিছু নেই, সব মানুষের বানানো গল্প।
তবে ওদের তিনজনের আরেকটা পরিচয় আছে। পাড়ার সবাই ওদেরকে এক নামে চেনে - বিপদ পার্টি। যেখানে ওরা তিনজন, সেখানেই কোনো না কোনো বিপদ হবেই হবে।
সেদিন বিকেলে তিনজন মিলে বসেছিল পুকুর পাড়ে। রাই একটা ফুচকা হাতে নিয়ে বললো,
"আচ্ছা, আমরা তো অনেকদিন কোনো দুষ্টুমি করি না। একটা কিছু করা দরকার।"
মিহি চোখ টিপ দিয়ে বললো,
"আমার মাথায় একটা সেই প্ল্যান আসছে।"
তুলি ভয়ে ভয়ে বললো,
"আবার কি প্ল্যান রে? তোর প্ল্যান মানেই তো আমাদের কপালে বিপদ!"
মিহি হাসতে হাসতে বললো,
"আরে শোন আগে। পাড়ার রাগী কাকু, মানে হারুন কাকু, আমাদেরকে সবসময় বকে। আমরা নাকি বেশি চিল্লাই। আজ রাতে আমরা তিনজন ভূত সেজে কাকুকে ভয় দেখাবো। কাকু ভয়ে দৌড় দিবে, আর আমরা মজা দেখবো।"
রাই খুশিতে লাফ দিয়ে উঠলো,
"এটা তো দারুণ হবে! আমি ভূত সাজবো!"
তুলি বললো,
"আমার কিন্তু ভয় লাগতেছে। যদি ধরা খেয়ে যাই?"
মিহি বললো,
"ধরা খাবো না। রাত ৯টায় সবাই যখন ঘরে ঢুকে যাবে, তখন আমরা বের হবো।"
রাতে তিনজন সত্যি সত্যি তৈরি হলো। সাদা চাদর গায়ে দিলো, মুখে সাদা পাউডার মাখলো, চোখে গাঢ় করে কাজল দিলো। আয়নায় নিজেদের দেখে নিজেরাই ভয় পেয়ে গেলো।
তুলি বললো,
"আমাকে তো সত্যি সত্যি ভূতের মতো লাগতেছে!"
মিহি বললো,
"চুপ! এখন আস্তে আস্তে কাকুর বাড়ির দিকে চল।"
তিনজন চুপিচুপি হাঁটতে লাগলো। রাস্তা একদম ফাঁকা। শুধু ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যাচ্ছে। হঠাৎ রাই বললো,
"আমার না খুব ক্ষুধা লাগছে। ভূত সাজার আগে একটা ফুচকা খেয়ে আসলে ভালো হতো।"
মিহি বললো,
"তুই চুপ করবি? ভূতরা ফুচকা খায় না।"
কাকুর বাড়ির সামনে গিয়ে ওরা দাঁড়ালো। কাকু বারান্দায় বসে চা খাচ্ছিলো। মিহি ইশারা করতেই তিনজন একসাথে বলে উঠলো,
"হাউউউউউ..."
কাকু প্রথমে চমকে গেলো। চায়ের কাপ হাত থেকে পড়ে গেলো। কিন্তু তারপরেই কাকুর কুকুরটা, টমি, এমন জোরে ঘেউ ঘেউ শুরু করলো যে তিনজনই ভয় পেয়ে গেলো।
টমি ওদের দিকে দৌড়ে আসতে লাগলো।
তুলি চিৎকার দিয়ে বললো,
"পালা রে পালা! কুকুর আসতেছে!"
তিনজন দৌড় দিলো। দৌড়াতে গিয়ে রাইয়ের চাদর খুলে মাটিতে পড়ে গেলো। তুলির চাদর গিয়ে আটকে গেলো গাছের ডালে। মিহি হোঁচট খেয়ে পড়ে গেলো।
আর তখনই কাকু টর্চ নিয়ে বের হয়ে আসলো। টর্চের আলোতে তিনজনকে দেখে কাকু হাসতে হাসতে বললো,
"ওরে, তোরা ভূত সেজে আমাকে ভয় দেখাতে আসছিস? তোদের ভূত সাজা দেখে তো আমার হাসিই পাচ্ছে!"
তিনজন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো।
কাকু বললো,
"যা, বাড়ি যা। আর কখনো এমন করবি না।"
বাড়ি ফেরার পথে রাই বললো,
"ধুর, ভূত সেজে ভয় দেখাতে গিয়ে নিজেরাই ভয় পেয়ে গেলাম।"
মিহি বললো,
"আরে, এটা তো কেবল শুরু। পরের বার আরও বড় প্ল্যান করবো।"
তুলি বললো,
"না বাবা, আমি আর তোদের সাথে নেই। তোদের সাথে থাকলে আমি একদিন সত্যি সত্যি ভূত হয়ে যাবো।"
তিনজন হাসতে হাসতে বাড়ির দিকে হাঁটতে লাগলো। চাঁদের আলোতে ওদের তিনজনের ছায়া দেখে মনে হচ্ছিলো, সত্যি সত্যি তিনটা ছোট ভূত হাঁটতেছে।
(চলবে...)
