১.
সন্ধ্যারাতে ঝড়ো বাতাস উঠল। নয়নতারার মনে হলো এর পেছনে ব্রহ্মপুত্রের হাত আছে। কারণ সারাদিনের দাবদাহ দেখে দাদু বলেছিল রাতে ঝড় উঠবে, এবার মৃত ব্রহ্মপুত্রে জল বাড়বে, জোয়ার আসবে। নয়নতারা গ্রাহ্য করেনি। গত চারদিন ধরে প্রকৃতি পোড়ানো গরম পড়ছে, বৃষ্টি তো হয়নি। তাছাড়া দাদুভাই বলতো ব্রহ্মপুত্র নদ মরে গেছে। এককালে ময়মনসিংহের বুকে খুব দাপট নিয়ে বয়ে যাওয়া এই রাক্ষস কতবার বন্যা দিয়ে ডুবালো ময়মনসিংহকে! সে হিসেব নেই। তবে আজ যৌবন হারিয়ে অসহায় কুঁজো বুড়োর দশা। বুকে জলের ব্যাপক ঘাটতি। তার ওপর গ্রীষ্মের নিষ্ঠুর হামলায় দিনভর জল হারানোর পর বহ্মপুত্রকে দেখে বড় মায়া হয়।
এই তো গত পরশু নয়নতারা কলেজ থেকে ফেরার পথে নতুন পেইন্টিং এর দৃশ্য সংগ্রহ করতে এক পাক ঘুরে এলো ব্রহ্মপুত্রের পাড় থেকে। একটাই কথা তার মাথায় এসেছিল, মৃত নদ। সেই নদ নিয়ে দাদুমণির এমন ঝড়ের আশংকা নেহাত অহেতুক বৈ কী! তাই চার-পাঁচটা মোমবাতি ও একটি ভরা দেয়াশলাই বাক্স বালিশের তলায় রাখা হয়নি। এখন সেটার ভয়াবহ পরিণাম ভুগতে হচ্ছে। নয়নতারা চোখ বুজলেই দেখতে পাচ্ছে ব্রহ্মপুত্রের পানি হু হু করে উপরে উঠছে, একটু একটু করে সমতল, এরপর পথঘাট থেকে শুরু করে মানুষের বাড়িঘর প্লাবিত করছে। নয়নতারার এখন মনে হচ্ছে নদকে এত তুচ্ছজ্ঞান করা উচিত হয়নি। নদ তো নদই।
এই যে অন্ধকার কক্ষ, বাইরে বিকট শব্দে বাজ পড়ছে, মনে হচ্ছে পুরো পৃথিবীটা ফালা ফালা হয়ে যাচ্ছে। এর কিছু সময় পর শুরু হলো আম কালের ঝড়। শিল পড়ছে। নয়নতারা কানে আঙুল চেপে প্রাণপণে দোয়া ইউনুস পাঠ করছে। কাচের জানালায় শিল ছুটে এসে লাগছে, মনে হচ্ছে দুষ্টু ছেলেপেলে ইটের খোয়া ছুঁড়ে মেরে হাততালি দিচ্ছে। দাদু বলে কালবৈশাখী ঝড়ে শিল পড়ে আমের গায়ে দাগ ফেলতে। ঝড়ের খুব হিংসা আমের ওপর। নয়নতারা কাঁথার আড়াল থেকে এক চোখ বের করে দেখল জানালার পর্দার ওপর দিয়ে বিদ্যুতের আলোক-রশ্মির ঝলক জ্বলে-নিভে উঠছে। খুবই ভয়ানক ব্যাপার। একদম ভূতের সিনেমার দৃশ্যের মতো। ভূতের সিনেমাতে ভূত আসার আগে এভাবে পর্দার ওপর বিদ্যুতের ঝলকানি দেখা যায়।
সেই ঝলকানিতে সে কক্ষের একপাশে স্ট্যান্ডে বাঁধিয়ে রাখা ক্যানভাসটিও দেখতে পেল সে। অসম্পূর্ণ একটি অ্যাক্রিলিক রঙে আঁকা পেইন্টিং—মৃত ব্রহ্মপুত্রের পাড়। কেবল দূর দূর অবধি চড়, মাঝে অল্প কিছু সরু পানি-প্রবাহ। নদী পাড়ে জয়নাল আবেদীন সংগ্রহশালার এক টুকরো দৃশ্য ক্যানভাসের এক কোণায় উঁকি মারছে। তার আরও একদিন লাগবে পেইন্টিংটি সম্পূর্ণ করতে।
ছোটবেলায় টিভিতে নয়নতারা ছোটচাচার সাথে 'ম্যান ভার্সেস ওয়াইল্ডʼ শো দেখতো। সেখানে একবার বিয়ার গ্রেলস বলেছিলেন, 'বিদ্যুৎ চমকানোর কম-বেশি ছয় সেকেন্ডের মাঝে মেঘের গর্জন শোনা যায়।ʼ
সে ছোটচাচাকে জিজ্ঞেস করে, ‘চাচ্চু? এমন কেন হয়? দুটো একসাথে কেন হয় না?ʼ
রুয়াদকে টিভি দেখার সময় ডিস্ট্রাব করা হলে সে অত্যন্ত রেগে যায়। বিশেষ করে সায়েন্টিফিক কোনো প্রোগ্রাম দেখার সময়। এরকম প্রোগ্রামগুলো দেখার সময় তার মুখ হাঁ হয়ে থাকে। অনায়াসে এক ঝাঁক মশা-মাছি তার গালে আশ্রয় নিতে পারবে, এমন হাঁ। রুয়াদ বিরক্ত হয়ে বলে, ‘এইজন্য তোর সাথে কিছু দেখতে বসি না। এত প্রশ্ন করবি না। চুপচাপ দেখতে দে।ʼ
নয়নতারা জেদ ধরল, ‘বলো না! তুমি নাকি বিজ্ঞান পারো খুব, তাহলে বলো!ʼ
রুয়াদের ইগো হার্ট হলো। সে তার বিজ্ঞানমনষ্ক মানসিকতা নিয়ে খুবই গর্বিত। বিজ্ঞান তার সবচেয়ে টুরু-লাভ প্রেমিকা।
সে ভাতিজিকে বোঝালো, ‘বিদ্যুৎ চমকায় মেঘের ঘর্ষণের ফলে। ঘর্ষণের ফলে চার্জ উৎপন্ন হলে আলোক-তরঙ্গ সৃষ্টি হয়। কিন্তু আলোর বেগ শব্দের বেগের চেয়ে বেশি। সে-কারণে পৃথিবীতে বিদ্যুতের আলোর ঝলকানি আগে এসে পৌঁছায় এবং শব্দটা আসতে কম-বেশি ছয় সেকেন্ডের মতো সময় লাগে। তাই বিদ্যুৎ চমকানোল আলো আগে দেখা যায় আর মেঘের গর্জন পরে শোনা যায়। আর একটা প্রশ্ন করবি তো দোতলা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আসব।ʼ
ব্যাপারটা আজ কাজে আসলো। প্রতিবার আলো ঝলকানোর পর নয়নতারা গুনতে লাগল, এক, দুই, তিন, চার...ছয় সেকেন্ডের মধ্যেই কানের তালা ফাটিয়ে বাজ পড়ছে। এটা খুব ভালো পদ্ধতি মন থেকে ঝড়ের ভয় দূর করার। পাশে দাদু ঘুমোচ্ছে, বেহুশের মতো। কিন্তু নয়নতারার এখন কান্না পাচ্ছে। এইসব ঝড়ের দিনে ছোটচাচার অনুপস্থিতি নয়নতারাকে দমবন্ধকর অনুভূতি দেয়।
ছোটচাচা আজ তাদের পরিবার থেকে বহু দূরে। তার ঠিকানা নয়নতারা জানে না। অবশ্য জানার প্রয়োজনও মনে করে না এখন আর। সে ঠিক করেছে সে আর কোনো স্বার্থপর রুয়াদ-ভুয়াদের কথা ভাববে না। তার কোনো ছোটচাচা-ফাচা নেই, কোনো ছোটচাচার জন্য তার কষ্টও হয় না। এ বাড়িতে কেউ খেয়ালই করেনি চাচা চলে যাবার পর বাড়িটা যেমন মরে গেছে, নয়নতারাও গুটিয়ে গেছে। চুপচাপ থাকে সে, তার ক্যানভাসগুলোতে সেজে ওঠা চিত্রকর্মগুলোও একেকটা কেমন বিষণ্ন, সেও লাফ-ঝাপ পেড়ে আম্মুর বকা খায় না। নয়নতারাকে ছোট রেখেই সেই বিদ্রোহী লোক সংসার ছাড়ল। এতগুলো বছর পরেও নয়নতারা বড় হতে পারল না। তার এখনও সঙ্গী হিসেবে ছোটচাচার ঘাটতিবোধ হয়।
বাবা মেজাজি লোক। সবাই বলে, তাকে খুব ভালোবাসে। কিন্তু সে জানে, তার কোনো ভুল হলে তার সাথেও বাবার নিষ্ঠুরতার কোনো কমতি হবে না। যেমন রুয়াদের সাথে হয়নি। রুয়াদকেও বাবা অনেক ভালোবাসত! কিন্তু একটা ভুলকে ক্ষমা করেনি। সেটা ঠিক কেমন ভুল ছিল আর কী ছিল বোঝেনি কখনও নয়নতারা। এখন এ বাড়িতে আর কারোই রুয়াদের কথা মনে পড়ে না, শুধু সে-ই রোজ রাতে কান্না করে বেপরোয়া ছেলেটার জন্য।
তার নামটা রুয়াদ রেখেছিল। নাম রেখে রুয়াদ ঘোষনা করল, 'নয়ন শুধু আমার নয়নতারা। আর কারও না। তোমরা নয়নতারা বলে ডাকবে না নয়নকে, নিজেদের ডাকার জন্য নতুন নাম বেছে নাও।ʼ
আজ রুয়াদ ছাড়া সবাই ডাকে। নয়নতারার কান্নার বেগ বাড়ল। রুয়াদ যে এত পাষাণ্ড তা ভাবলেই তার অবাক লাগে। একবার টেলিফোনও করে না। আগে রোজ অপেক্ষা করতো নয়নতারা। এখন অভিমানে সেটা আর করে না। কারণ সে জেনে গেছে, তার রুয়াদের কথা সবসময় মনে পড়লেও, রুয়াদ তাকেও এ বাড়ির সকলের মতোই কঠোরভাবে ঘৃণা করে। নয়ত কল করে লুকিয়েও নয়নতারার খোঁজ নেয়া যায়। তা তো নেয় না।
ছাদ-বাগানের এককোণে কিছু ফুলগাছ লাগিয়েছিল নাফি। কারণ ফুলগাছ চাষের মাধ্যমে মধু সংগ্রহ করা যায়। ফুলগাছ সে লাগিয়েছে, এখন শুধু অপেক্ষা– ফুলগাছ বড় হলেই সে মৌমাছির মতো মধু সংগ্রহ করবে, তারপর গোপনে বাজারে গিয়ে সেগুলো বিক্রি করে রিমোটকন্ট্রোল গাড়ি কিনে আনবে।
কিন্তু একী হায়! কোন অসভ্য যেন ফুলগাছগুলো লণ্ড-ভণ্ড করে দিয়েছে। নাফির কান্না পাচ্ছে, তুফান বেগের কান্না। কিন্তু এভাবে একা কাঁদার মানে হয় না। বাড়ির লোকের সামনে গিয়ে কান্নাটা পুরো বেগে ছাড়তে হবে, তাহলে নতুন ফুলগাছ পাবার সম্ভাবনা আছে।
ঘরবাড়ি নড়েচড়ে উঠল, এতজোরে সে কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকল। অ্যানি দৌঁড়ে এসে এক ধমক মারল, “এই বাবু, কাঁদছো কেন তুমি? মুশকিল হলো তো! বলবে তো কী হয়েছে, কাঁদছো কেন?ʼʼ
নাফি কান্না থামালো তারও খানিক পর। ততক্ষণে বাড়ির বড়রা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নাফি আজ কান্না থামানোর বদলে যা আবদার করবে, তা-ই দেয়া হবে তাকে।
নাফি সুযোগ বুঝে কান্না থামিয়ে বলল, ‘আমার ফুলগাছ... অ্যাএএএ... কে যেন নষ্ট করেছে। মাম, দাদুর বন্দুকটা বের করে দাও তো, আমি তার মাথার খুলি উড়াবো। প্লিজ দাও। শুধু অন্তত একটা খুলি হলেও উড়াবোই।ʼ
রেশমী বই পড়ছিল বসার ঘরের সোফায় বসে। সে আঙুল দিয়ে চশমাটা নাকের ওপর ঠেলে বলল, ‘দিয়ে দাও, ভাবী। তোমার ছেলে শুধু সেই লোকের একটা খুলিই উড়াবে। বাকিগুলোর কোনো ক্ষতি করবে না।ʼ
অ্যানি গম্ভীর মুখে তাকিয়ে বলল, ‘মজা লাগছে খুব তোমার?ʼ
‘না, মজা লাগছে না। বিরক্ত লাগছে। আমার বই পড়ায় ডিস্ট্রাব হচ্ছে।ʼ
অ্যানি জিজ্ঞেস করল, ‘এই নাফি, কে শিখিয়েছে তোমাকে এসব? মার খাওনি অনেকদিন, না? অসভ্যতামির লিমিট ক্রস করছো দিনদিন। ফুলগাছ দিয়ে কী হবে?ʼ
‘মধু পাওয়া যায়। অ্যাএএএ..ʼ
অ্যানি অবাক হয়ে গেল, ‘মধু পাওয়া যায়? এসবই বা কে ঢুকিয়েছে মাথায়?ʼ
‘অদ্র বলেছে। সত্যিই পাওয়া যায়, মাম।ʼ
‘চুপ। পরামর্শ নেবার মতো আর কাউকে পেলে না তোমার ওই হাদারাম চাচা ছাড়া? তার কথাও ধরতে আছে? কী আশ্চর্য! আর একবার কান্নার সাউন্ড এলে মার খাবে তুমি নাফি। মধু ফ্রিজে আছে বের করে খাও। কী একটা অবস্থা, মুধ নাকি ফুলগাছ থেকে বের করে খেতে হবে। ওই লোকটা কোথায়?ʼ
‘আমি মধু খাব না, মাম। অ্যাএএএ আমি খাওয়ার জন্য মধু চাইনি।ʼ
‘তো কেন চাও?ʼ
নাফি কথা বলছে না। নওফেল খেতে খেতে নাফির দিকে তাকাচ্ছে বারবার। এতে নাফির রাগ সাংঘাতিক বাড়ল। কারণ বাবার তাকানোটা সুবিধার না। বাবা মিটমিট করে হাসছে। নাফির দুঃখের কোনো কদরই নেই তার কাছে। সে চেঁচিয়ে উঠল, ‘বাবা! হাসবে না একদম। তুমি কি জানো কতটা খারাপভাবে আমার ফুলগাছগুলোকে উপড়ে ফেলা হয়েছে?
নওফেল হাসি চেপে অবাক হয়, ‘হাসছি নাকি? না তো। আচ্ছা বলো, কতটা খারাপভাবে উপড়ে ফেলা হয়েছে?ʼ
সে মাম্মাকে জিজ্ঞেস করল, ‘মাম, বাবা কি মজা করছে আমার সাথে?ʼ
মাম কথা বলল না। মাম এখন নাফির দিকে কড়া চোখে তাকিয়ে আছে। তাই সে নিজেই বাবাকে ধমক মারল একটা, ‘চুপ। তুমি মনে মনে হাসো, আমি জানি।ʼ
নওফেল অবশেষে কথা দিলো, ‘আমি ফেরার পথে তোমার জন্য ফুলগাছ আনবো। এখন চুপ করো। এসো নাস্তা করবে।ʼ
নাফি শান্ত হলো ঠিকই। কিন্তু সে বোকা নয়। এটা বের করা দরকার কে আসলে তার ফুলগাছের এই হাল করেছে। নয়ত আবার ফুলগাছ আনার পর যদি একই হাল হয়? সে ছুটল। বন্দের কাকু করতেই পারে কাজটা। কিন্তু তার প্রথম সন্দেহভাজন অদ্রিজ।
‘এই নাফি কোথায় যাচ্ছ?ʼ মাম ডাকল।
‘অদ্রকে ডেকে আনি, মাম। একটু অপেক্ষা করো। ও সারারাত ছাদে বসে বসে সিগারেট খায়, আরও কী কী করে। ও-ই করেছে এই পাজি কাজ।ʼ
তার দাদি তাকে খোঁজ দিলো, ‘অদ্র ডাইনিং রুমের কমন বাথরুমে ঢুকেছে। দেখ মরে পড়ে আছে কিনা ভেতরে!ʼ
নাফির আবার কান্না পাচ্ছে। কারণ অদ্র একবার ওয়াশরুমে ঢুকলে কমপক্ষে দুই-আড়াইঘন্টার নিচে বেরোয় না। ততক্ষণে বিচারের মহলটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে। এতক্ষণ ধরে ভেতরে কী করে জানা নেই। নাফির ধারণা, অদ্র ঘুমায়। কারণ সে সারারাত ঘুমায় না। তাই ওয়াশরুমে বসে বসে ঘুমায়।
নাফি বাথরুমের দরজায় দুমদুম করে কিল বসালো। ভেতর থেকে অদ্রিজ গম্ভীর গলায় বলল, ‘আমি তোর ফুলগাছ নষ্ট করেছি, মোটু। ওখানে ঘ্যানরঘ্যান করে লাভ নেই। যা এখান থেকে। আর যেন ধাক্কার আওয়াজ না আসে।ʼ
নাফির ধাক্কার বেগ বাড়ল। কিন্তু লাভ নেই। নাফি অদ্রিজকে ভয়ও পায়। কথা না শুনলে বেরিয়ে নাফিকে ধরে মাথার ওপর তুলে খ্যাঁক করে এক আছাড় মারা অদ্রর জন্য খুব বড় ব্যাপার নয়।
সবাই এখন বসে আছে সোফাতে। এই ফাঁকে নাফি দাদুভাইকে ডেকে এনেছে। দাদুর কাছে পরিপাটি করে অভিযোগটা জানিয়ে রাখল নাফি। এখন শুধু অদ্রিজ বের হলেই অদ্রিজের একটা কঠিন বিচার শুরু হবে। কিন্তু সবার ধৈর্যের বাঁধ ভাঙছে। সাত্তার প্রধান এক ধমক মারলেন, ‘এই ছ্যারা? হাগতে কোনো মানুষের এত দেরি লাগে? হাগিস নাকি ঘুমাস ভেতরে? প্রাঙ্কচুয়ালিটি এত খারাপ কেন হবে জুয়ান মানুষের?ʼ
অদ্রিজ তারও কমপক্ষে বিশ মিনিট পর বেরোলেন। পরনে শুধু একটা হাফ-প্যান্ট। গায়ে কিছু নেই। ঘাঁড়ের ওপর লম্বা চুল। দাড়ি এক মুঠোর বেশি হয়ে গেছে। চুল ও দাড়ির ঝাড় মিলে একটা বিশাল বন তৈরি হয়েছে মুখ ও ঘাঁড়ে। এছাড়া বুকের ওপর বিশাল বিশাল কালো পশম। ঘাঁড়ে তোয়ালে ঝুলছে। সেটাও নোংরা। চোখদুটো রক্তের মতো টকটকে লাল, কোটরে ঢুকে আছে। কেবল তার চোখের যে অদ্ভূত রঙটা, এজিয়ান সাগরের জল মাফিক–সেটা জ্বলজ্বল করে জ্বলে সর্বক্ষণ। ঠোঁট কুটকুটে, ভয়ানক দেখতে লাগে। কিন্তু শরীর একদম চাঙ্গা। ভাবসাব দেখলে মনেহয় এক রাজ্যের কাজ সে এক হাতে করে ফেলবেন ক্লান্তিহীন। তাকে দেখামাত্র নাফি দাদুর খোঁচাতে লাগল।
অদ্রিজ দুলতে দুলতে এগিয়ে এলেন ডাইনিং টেবিলের দিকে, দেখে বোঝা গেল এখনও গোসলই করেনি। তাহলে এতক্ষণ কী করছিলেন ভেতরে? মেজাজ সবার খারাপ হলো। অদ্রিজ চনমনে একটা ভাবসহ গম্ভীর হয়ে বললেন, ‘কী সমস্যা, বড়চাচাʼʼʼ
সাত্তার প্রধান সাহেব রাগে কিছু বলতে পারলেন না। অ্যানি কড়া গলায় চেঁচিয়ে বলল, ‘আপনি ওকে কীসব শেখান, বেয়াদব লোক! আপনার কি কাণ্ডজ্ঞান হবে না? বাইরে তো লোকে ম্যালা গম্ভীর ভাবে আপনাকে, ভেতরের এইসব বাদরামির খবর রাখে? ওকে এসব শিখিয়েছেন কেন?ʼ
অদ্রিজ কানে আঙুল চালিয়ে বলেন, ‘আস্তে কথা বলুন। আমি খারাপ কিছু বলিনি। আপনার ছেলেকে পরিশ্রমী হতে শেখাচ্ছি। শ্রমিকের বড্ড অভাব কিনা এদেশে।ʼ
সাত্তার সাহেব ধমক দিলেন, ‘থাপ্পর খেতে চাস, অদ্র?ʼ
‘না। জিজ্ঞেস করলে কেউ কখনোই স্বীকার করবে না সে থাপ্পর খেতে চায়। আমিও করব না।ʼ
‘শোন, তোকে আমি একমাস সময় দিলাম। এর মধ্যে তুই সভ্য মানুষ হবি। আর তা না হতে পারলে তোর পাছায় লাত্থি মেরে তোকে এই বাড়িছাড়া করা হবে। আজ থেকে গুনবি। একমাস সময়।ʼ সাত্তার সাহেব রাগে কাঁপতে লাগলেন।
অদ্রিজ কোনো জবাব না দিয়ে হেলে-দুলে হেঁটে গিয়ে টেবিলে বসলেন।
সাত্তার সাহেব উঠে গেলে বন্দের নেমে এলো। অদ্রিজ টেবিলে বসে রেশমীকে বললেন, ‘বেহেনজি, খানা খিলাইয়ে। হাম গারীব ভুখসে মারে যা রাহেহে।ʼ
অদ্রিজ এখন প্রচণ্ড উৎফুল্ল এক ভাবে আছেন। কতক্ষণ থাকবেন বলা যাচ্ছে না। কিন্তু যতক্ষণ থাকবেন, ততক্ষণ অতিরিক্ত ফূর্তিতে থাকবেন, অকারণে হাসতেও দেখা যেতে পারে, তুলনামূলক বেশি কথা বলবেন, চরম এক আত্মঅহংকারী ভঙ্গি দেখা যাবে।
রেশমী মুখ কুচকে বলল, ‘পাকিস্তানির আওলাদ, তোমার ফাঁসি হবে রাজাকার বলে। এই তুমি ওয়াশরুম থেকে বের হলি, ওযু করেছো? খাটাশ!ʼ
নাফি বন্দুক খুঁজতে গেছে। আজ অদ্রিজের মাথার একটা খুলি সে উড়িয়েই ছাড়বে। সে অবশ্য জানে না, খুলি কী? আর কয়টা থাকে মানুষের।
অদ্রিজ রুটি ছিঁড়ে পানিতে ভিজিয়ে নরম করে চিবোতে চিবোতে অ্যানিকে বললেন, ‘সেদিন মার্কেটে গিয়ে আপনার ছেলের একটা রিমোটকন্ট্রোল গাড়ি পছন্দ হয়েছে। আপনি কিনে না দিয়ে টানতে টানতে বাড়ি এনেছেন।ʼ
‘সে তো রোজই হয়। কিনতে কিনতে একটা দোকান দিয়ে ফেলেছি খেলনার। রোজ কিনে কি ফ্যাক্টরী বানাতে বলছেন?ʼ
‘না, তা বলছি না। কিন্তু ও আমার কানের গোড়ে ভনভন করছিল। তাই আমি ওকে চমৎকার একটা বুদ্ধি দিয়েছি—নাফি তুই ফুলগাছ চাষ কর। ওখান থেকে মধু পাবি। সেটা বিক্রি করে গাড়ি কিনতে পারবি। খারাপ না বুদ্ধিটা।ʼ
অ্যানি হতবাক হয়ে অদ্রিজকে দেখল। লোকটা তার দেখা সর্বাধিক অদ্ভূত মানুষগুলোর একজন। তাই বলে কেউ এমন উদ্ভট বুদ্ধি কোনো বাচ্চাকে দিতে পারে? অ্যানি চট করে একটি চামচ তুলে ছুঁড়ে মারল অদ্রিজের দিকে। অদ্রিজ দক্ষ হাতে চামচটা ধরে ফেলে বললেন, ‘আমার দেয়া বুদ্ধির উপকার আছে। বহুমুখী উপকার।ʼ
বন্দের এখন পোগ্রাসে গিলছে আর হাসছে। এ অবস্থায় তাকে সাত্তার সাহেব দেখলে কয়েকদিনের জন্য বাড়ি থেকে বহিষ্কার করবেন। কারণ সে জীবনে দাঁত ব্রাশ করে সকালের খাবার খায় না। দুপুরে গোসলের সময় মনে পড়লে দু'এক ঘষা মারে দাঁতে।
অ্যানি বলল, ‘আপনার উপকারের একদিন কি আমার একদিন!ʼ
অদ্রিজ মাথা নাড়লেন, ‘উপকারের কোনো দিন থাকে না, চাচাতো ভাবী। যাহোক উপকার শুনুন—প্রথমত, ও পরিশ্রম ও নিজের ওপর ভরসা করতে শিখবে। দ্বিতীয়ত আমাদের দেশে গাছ কাটা হয় প্রচুর, তাই নাফির মতো বাচ্চা বৃক্ষরোপন করে একটা মহান কাজে অংশ নিতে পারে। আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই গাছে জীবনে মধু হবে না, ওর গাড়ি কেনাও হবে না, কিন্তু আশায় বুক বেঁধে চুপ থাকবে।ʼ
অ্যানি কপালে হাত চেপে বসে রইল। রেশমী ও সাত্তার সাহেব অনেক আগেই উঠে চলে গেছে। নাফির দাদি নাসিম-আরা বেগম পোড়া বেগুনের মতো নরম-গরম হয়ে বসে আছেন। তিনি অদ্রিজকে দু'চোখে সহ্য করতে পারেন না। ওরকম বনমানুষকে সহ্য করার মানে হয় না। কোনো নিয়ম-নীতি নেই, উনার পঞ্চান্ন বছরের জীবনে দেখা সবচেয়ে বিকট চরিত্রের একটা মানুষ অদ্রিজ। তার চেয়ে বড় কথা এত বড় দামড়া ছেলে একটা বিয়ে করতে চায় না। এখন একটাই উপায়, ওকে কবিরাজের কাছে নিয়ে গাছ ও পানিপড়া খাওয়ানো। তিনি তাকে তাকে আছেন। কোনো একদিন টুকুস করে ধরে নিয়ে গিয়ে অদ্রিজের তদবীর করিয়ে আনবেন। যাতে পরদিন সকালে সুরসুর করে এসে পায়ে পড়ে, 'বড়মা, প্লিজ একটা বিয়ে করিয়ে দাও! আমার আর কুমার থাকা সম্ভব হচ্ছে না।ʼ
কিন্তু নাসিম-আরা বেগমের এতেও সন্দেহ আছে, কবিরাজের তদবীর আদতেও অদ্রিজের ওপর কাজ করবে কিনা। ওর ঘাড়ে মোট একান্নটা জিনের বাদশাহর বসবাস।
নাফি দাদুর বন্দুক না পেয়ে মোটা একটা পাইপ এনেছে অদ্রিজের মাথা ফাটানোর জন্য।
অদ্রিজ দৌড়ে আবার বাথরুমে ঢুকতে ঢুকতে বললেন, “সর মোটু। আমি কিছু করিনি। কাল রাতে জব্বর একটা ঝড় হয়েছে। তোর গাছের সাথে যা সুবিচার ঝড় করেছে। এখন তুই ঝড়কে একটা ধন্যবাদ জানিয়ে হাঁ করে 'আব্বাʼ ডাক।ʼʼ
নাফি অদ্রিজের কথা বিশ্বাস করার মতো বোকা না। সে বাথরুমের দরজার সামনে সামনে পাইপ নিয়ে দাঁড়িয়ে রইল। অদ্রিজ গোসল করে বেরোনোর সাথে সাথে তার মাথা ফাটানো কনফার্ম আজ।
হক ম্যানশনে এখন সদস্য সংখ্যা চার। বাবা, মা, দাদি এবং নয়নতারা। এদের পারিবারিক সদস্য ও আত্মীয়দের বয়সের হিসেবটা একটু গোলমেলে। এই যেমন নয়নতারার বাবা ওয়াসিম হক সাহেবের চেয়ে রুয়াদ গুণে গুণে সতেরো বছরের ছোট। যেখানে ওয়াসিম সাহেবের মেয়ের বয়সই সতেরো। এটা কোনোভাবে মানা গেলেও বাকি সম্পর্কগুলো আরও গোলমেলে। কারণ নয়নতারার দাদুভাই ও দাদুর ছোটভাইয়ের মধ্যেও বয়সের তফাত এমনই। যার ফলে তার দাদি বুড়ো হয়ে গেলেও ছোটদাদি বলতে গেলে এখনও জোয়ান মহিলা। কিন্তু আবার আরেকদিকে দাদুর বড়বোনের নাতিগুলো দাদুর ছেলে অর্থাৎ রুয়াদের জুটির। সোজা কথায় একদিকে যেমন রুয়াদের চাচা তার ভাইয়ের বয়সী প্রায়, অন্যদিকে ফুপুগুলো দাদির বয়সী। সেক্ষেত্রে ফুপাতো বোনের ছেলেগুলো রুয়াদের নিজের জুটির। একেকটা সন্তানের জন্মের মাঝে এত বছরের অবসরে কেন গেছিলেন পূর্বপুরুষেরা, বিষয়টা ভাবনার।
সকাল সকাল এ বাড়িতে সাধারণত চা হয়। বাড়িটা এখনও নিয়মের গণ্ডিতে বাঁধা। এটার একটা কারণ আছে। ওয়াসিম হক একজন প্রাক্তন আর্মি অফিসার। কোনো কারণে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করলেও সেই নিয়ম ও মেজাজ পেছনে ফেলতে পারেননি। এ বাড়িতে ভুল ও নিষেধাজ্ঞা অমান্যর সুযোগ নেই। রক্ষণশীলতার চরমে পর্যায়। নয়নতারার দাদাও ছিলেন এমন লোক। শুধু রুয়াদটা যে ওমন হতচ্ছাড়া কোত্থেকে হয়েছিল, বলা যাচ্ছে না। সে না বাবার নিয়ম মেনেছে, না ভাইয়ের।
চা খেতে খেতে ওয়াসিম সাহেব জিজ্ঞেস করলেন, ‘নয়ন, কলেজে যাবি না আজ?ʼ
নয়নতারা পাশেই বসা। সে এখন রংতুলি দাঁতে ঠেকিয়ে গভীর ভাবনায় নিমগ্ন। ক্যানভাসের ভেতরে চোখদুটো গেঁথে গেছে। পেন্টিংয়ে ব্রহ্মপুত্রকে বেশি শুকনো লাগছে। এটা নয়নতারার ভালো লাগছে না। একটি নদ এমন জলহীন হতে পারে না। আর কিছু জল বাড়াতে হবে। কিন্তু তাতে বাস্তবতা বজায় থাকবে না। এ নিয়ে সে বড় দ্বন্দ্বে পড়েছে।
ওয়াসিম সাহেব গোপনে মৃদু হাসলেন। নয়নতারার হাতের চিকন চিকন নরম আঙুলগুলোতে রঙের ছিটেফোঁটা লেগেছে, ওড়নাতেও লাগিয়েছে। তা দেখলে ওর মা চেঁচাবে একচোট। চুলগুলো একটি ক্ল ক্লিপে আটকে রাখার পরেও তা যেভাবে বিক্ষিপ্ত-এলোমেলো হয়ে গেছে, মনে হচ্ছে একটি জোয়ারভাসা নদীকে বাঁধ দেবার চেষ্টা। চুলগুলো সুন্দর হয়েছে মেয়েটার। পরনে এখন হালকা গোলাপি একখানা স্কার্ট ও সাদা কুর্তি। জর্জিয়াটের গোলাপি ওড়নাখানি বিছিয়ে পড়েছে মেঝেতে। নয়নতারাকে আঁকতে দেখতে বড় ভালো লাগে হক সাহেবের। কেন, তিনি জানেন না। আঁকাআঁকি শিখেছিল নয়নতারা চাচার কাছে। পরে তিনি শখ করে আর্ট একাডেমিতে ভর্তি করেছিলেন। কারণ আঁকাআঁকির প্রতি নয়নতারার নিজস্ব শিল্পগুণ ও আগ্রহ তীব্র। পুরো বাড়িটা তার আঁকা চিত্রকর্মের ক্যানভাসে ভরা। সে বেশির ভাগ চিত্রকর্ম অ্যাক্রিলিক রঙে করে। কিন্তু ব্রহ্মপুত্র নদ আঁকতে আজ বসেছে অয়েল প্যাস্টেল নিয়ে, একটু বেশি মনোযোগে।
নয়নতারার খেয়াল-জ্ঞানও বেশ প্রখর। হক সাহেবের পাঁচ মিনিট আগে করা প্রশ্নের জবাব সে পাঁচ মিনিট পর দিলো, ব্রহ্মপুত্রের জল কম-বেশি আঁকার দ্বন্দ্ব মিটিয়ে নিয়ে। জল কমই থাকবে। কেননা রুয়াদ বলতো, একজন শিল্পী যখন চিত্রকর্ম করবে, তাতে যথাসম্ভব বাস্তবতার ছোঁয়া রাখাটাই কর্তব্য। কেননা এটাই চিত্রশিল্পীর মাধুর্য, তারা বাস্তবতাকে রঙের আঁচড়ে তুলে আনবে। নয়নতারা চিত্রের রেফারেন্স হিসেবে ব্রহ্মপুত্রকে বাস্তবে যেমন দেখেছে, তেমনটাই সে আঁকবে বলে ঠিক করে চনমনে স্বরে বাবার জবাব দিলো, ‘না, বাবা। গ্রীষ্মকালীন ভ্যাকেশন শুরু হবে আগামীকাল থেকে। আজ যাব না। আমার পেইন্টিংটা শেষ করতে হবে আজ।ʼ
হক সাহেব বললেন, ‘নতুন হোম টিউটর ম্যাম ভালো তো?ʼ
‘হুউউ, ভালোই তো। কেন বলছো?ʼ
‘কেন আবার?ʼ হাসলেন ওয়াসিম সাহেব, ‘ভালো না হলে ছাড়িয়ে দিতে হবে।ʼ
নয়নতারার দাদি রুবিনা বেগম পান চিবোতে চিবোতে গোমড়া মুখে বাঁকা চোখে দেখলেন একবার ছেলেকে। মনে মনে বললেন, ‘তোরে বাড়ি থেইকা ছাড়ায়ে দেয়া দরকার, বেক্কল। সময় আছে ভালো হ, নয়ত কপালে তোর শনি আছে।ʼ
ওয়াসিম সাহেব কেবল নয়নতারার সাথেই টুকটাক হাসেন, কথা বলেন। বাকিরা ভয়ে কাঁপে। অবশ্য নয়নতারার সাথে হাসার একটা গুরুত্বর কারণ আছে। সে বাড়ির সবচেয়ে ছোট সদস্য। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ভুল নেই তার। তাই কোনো ক্ষোভ নেই তার ওপর।
হক সাহেব আবার ডাকলেন, ‘নয়ন।ʼ
বেখেয়ালী চিত্রশিল্পী রঙমাখা হাতের পিঠে কপালের চুল সরিয়ে জবাব দিলো, ‘হ্যাঁ, বাবা।ʼ
‘কাল ভালুকা যাব, আমবাগান দেখতে। এবার খুব বেশি আম হয়েছে, আবার এ বছরই ঝড় বেশি। সব আমে দাগ হয়ে গেছে, খবর পেলাম। তুই যাবি সাথে? গ্রীষ্মের ছুটিতে ঘুরে এলি একটু, মন ভালো হবে।ʼ
প্রস্তাবটা ভালো। কিন্তু নয়নতারা চমকে উঠল। সে দরকার পড়লে দুটো কালো রঙের ভাল্লুকের সাথে একঘণ্টা খাঁচায় বন্দি থাকতে পারে, কিন্তু বাবার সাথে কোথাও নয়। সে খুব বিশ্বাসযোগ্য ভঙ্গিতে বলল, ‘আমার তো প্রাইভেট, কোচিং মিস যাবে, বাবা। পড়ালেখার খুবই চাপ।ʼ
ওয়াসিম সাহেব চায়ের কাপ নামিয়ে বললেন, ‘তাহলে কোনো দরকার নেই। মনোযোগ দিয়ে পড়। পরে-টরে যাওয়া যাবে।ʼ
একটা ফকির এসেছে দরজায়। সে একটা গীত গাইছে– 'কত ট্যাহা কত পয়সা অকারণে চলি যায়, অসহায়রে দান করিলে আখিরাতে পাওয়া যায়।ʼ
শুনতে খুব সুমধুর। কিন্তু রান্নাঘর থেকে কাজের মহিলাটি মুখ ঝামটি মেরে বলল, ‘যান যান। অন্য কুনুহানে দেহেন। হপে আইজ এই বাইত্তে কিছু দিয়াম না।ʼ
ওয়াসিম সাহেবের মুখটা এক মুহুর্তে লাল টকটকে হয়ে গেল। নয়নতারা রঙতুলি দাঁতে ধরে কাজের মহিলার আত্মার মাগফেরাত কামনার সাথে সাথে চারবার দোয়া ইউনুস ও দুইবার সুরা ফালাক পড়ে নিলো।
ওয়াসিম সাহেব বজ্রকণ্ঠে এক ধমক মারলেন, ‘বাড়ি থেকে কিছু দেবে না, সেটা তুমি বলবে? হ্যাঁহ?ʼ
মহিলা কেঁদে ফেলল না শুধু, কোনোরকম বলল, ‘না, ছার। রোজ দিই, আইজও...
‘আজ কী? সব বাড়ি থেকেই যদি এভাবেই অন্য কোথাও পাঠানো হয় ওদেরকে, তাহলে অন্য কোথাওটা আসলে কোথায়?ʼ
তিন্নি বেগম এগিয়ে এসে মিনতি করলেন, ‘আচ্ছা মাফ করো। ভুল মানছি আমি ওর হয়ে। শান্ত, হও। আমি দিয়ে আসছি।ʼ
‘থামো। তার কোনো দরকার নেই। তোমাদের হাতে মানুষের ভালো হতে পারে না। এ আমি জানি। যে হাতের মালিকের মনে দানের অভিপ্রায় নেই, সেই হাত দিয়ে দান নয়, হবে ভন্ডামি।ʼ
তিনি কৌটো ভরে চাউল ও কিছু টাকা নিয়ে গিয়ে ভিক্ষুককে দিয়ে বললেন, ‘এ বাড়ি থেকে যদি আবার কখনও খালি ফিরে যেতে হয়, তবে পরেরবার শুধু আসবেন কথাটা আমাকে জানাতে।ʼ
কাজের মহিলাটিকে কাজ ছাড়িয়ে দেওয়ার কথা এখন। তবে হুদা সাহেব দিলেন না। কারণ হরিণ শিকারের অপরাধে বাঘকে হত্যা করা যায় না। ওয়াসিম সাহেব মেজাজ সামলাতে দ্রুত দোতলায় উঠে গেলেন।
সকলে শ্বাস ছাড়ল। যতক্ষণ তিনি বাড়িতে থাকেন, সকলে বোবা ও মহান প্রাণী এ বাড়ির। এমনকি গোটা পাড়াসুদ্ধ আর রাস্তার লোকেও তাঁকে দেখলে শতভাগ শুদ্ধমানব হয়ে যায়। এটারও কারণ আছে। রাস্তাঘাটে উনার প্রতিপত্তি আরও উল্লেখযোগ্য। যারা চেনে, তারা জানে। একবার এক রিক্সাওয়ালাকে এক চড়ে বেহুশ করে ফেলার রেকর্ড আছে। অটোওয়ালার অপরাধ হলো গন্তব্যে না পৌঁছাতেই বারবার জিজ্ঞেস করা, ‘ছার এইখানে? আর কদ্দূর? আমার তো ঠকা হইবো। আপনে তো এতদূরের কথা কন নাই। ভাড়াডা তো কম চাইয়ালাইছি। এই ভাড়ায় তো এতদূর যাইবাম না। বোকা পাইয়া মানুষ ঠকান।ʼ
ওয়াসিম সাহেব আস্তে করে নেমে গিয়ে ভাড়া মিটালেন। আর তখন রিক্সাওয়ালা বলল, ‘আচ্ছা আপনে যাইবেন আর কদ্দূর? ওঠেন নিয়া নামাইয়া দিয়া আহি। দশ টাহা বাড়াইয়া দিয়েন।ʼ
ওয়াসিম সাহেবের এক চড় খেয়ে রিক্সাওয়ালা ধপাস করে পড়ে তো গিয়েছিল, কিন্তু তারপর লোকটার কী হয়েছে তা দেখার সুযোগ পাওয়া যায়নি। নয়নতারাকে টানতে টানতে নিয়ে চলে হেঁটে এগিয়ে এসেছিলেন হক সাহেব। রিক্সাওয়ালা গন্তব্যে পৌঁছে দিয়ে একশো টাকা চাইলেও হক সাহেব আপত্তি করতেন না। কিন্তু নামার পর আবার উঠতে বলা বড় অপরাধ।
আজ গতরাতের মতো ঝড়-বৃষ্টি নেই। বাবা গ্রামের বাড়ি গেছে। তাই কেউ আজ নয়নতারাকে দশটার সময় ভাত খাইয়ে ধমকে ঘুমোতে পাঠাবে না। রাতে কয়েকবার দেখতে আসবে না, এবং এসে অনেকক্ষণ শিয়রে বসে থেকে যাওয়ার সময় মাথায় কয়েকবার হাত বুলাবে না।
আজ নয়নতারা আর ক্যানভাসে বসল না। উদাস চিত্তে অনেকক্ষণ বারান্দায় বসে রইল। এলাকা থেকে বিশাল আয়োজনে ঘুরতে যাবার পরিকল্পনা হয়েছে। কিন্তু সে স্বপ্ন অথবা কল্পনাও করতে পারে না যাবার কথা। কিন্তু তার যেতে ইচ্ছে করছে। আগে হতো না। এরকম অবাধ্য ইচ্ছেরা আজকাল জাগে। কীসব ভয়াবহ অবাধ্য ইচ্ছেরা যে জ্বালায় আজকাল তাকে! ছোট থেকে বাবা এত কড়া শাসনে মানুষ করেছে, তবু কেন এমন সব নিষেধাজ্ঞার প্রতি অদম্য ঝোঁক এসেছে তা বোঝা যাচ্ছে না। বয়সের দোষ বোধহয়!
চলবে..
#কয়েকটি_নক্ষত্র_নিঃশেষে
-তেজস্মিতা মুর্তজা
