উপন্যাস :- বিয়ে বাড়ি
লেখিকা :- হিমি চৌধুরী
গল্পের শুরু...
গ্রুপের সবাই মিলে তাদেরই এক বন্ধুর বিয়েতে যাচ্ছে।
প্রভা, অনু আর নিপা—তিনজন একসঙ্গে গাড়িতে বসে আছে। তিনজনের উত্তেজনা দেখে কে! কখন হিমিদের বাড়িতে পৌঁছাবে, কখন সবার সঙ্গে দেখা হবে—এসব ভেবেই তাদের আনন্দের সীমা নেই।
অন্যদিকে নিরব, রাহুল, ইমু, জান্নাত, ইসরাত সুমাইয়া আর হিমি তাদের পিক করার জন্য বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে সবার অবস্থা প্রায় কাহিল!
এর মধ্যেই রাহুল বিরক্ত হয়ে বলে উঠল—
রাহুল: —বইন, আর পারছি না দাঁড়িয়ে থাকতে!
ইমু:—তাহলে এখানে একটা বিছানা করে দিই, শুয়ে থাক!
নিরব: —হ্যাঁ ভাই, খুব মজা হবে!
ইসরাত:—কী সুন্দর মিষ্টি রোদ! সঙ্গে যদি একটা কাঁথা থাকত, তাহলে ঘুমটাও ভালো হতো!
জান্নাত:—তোরা কি এখানে পিকনিক করতে এসেছিস নাকি?
সবাই যখন নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত, ঠিক তখনই গাড়ি এসে থামল।
গাড়ি থেকে অনু, প্রভা আর নিপা নামতেই হিমি আর নিজেকে সামলাতে পারল না। আনন্দে এক দৌড়ে তাদের দিকে ছুটে গেল।
কিন্তু বন্ধুদের জড়িয়ে ধরার আগেই যা হওয়ার হয়ে গেল!
হিমির ধাক্কায় তিনজন একসঙ্গে রাস্তার ওপর গড়াগড়ি খেতে লাগল।
প্রভা কোনোমতে উঠে কোমরে হাত দিয়ে বলে উঠল—
প্রভা:—ও মা গো! আমার কোমর!
নিপা: —শালি! লাফ দিতে গিয়ে আমার কোমরের জয় বাংলা করে দিলি!
অনু:—এখনই কোমর ভেঙে দিলি! তাহলে বিয়েতে নাচব কীভাবে, ভাই?
তাদের কাণ্ড দেখে সবাই হেসে উঠল। তারপর দৌড়ে গিয়ে তিনজনকে উঠতে সাহায্য করল।
জান্নাত মুচকি হেসে বলল—
জান্নাত:—কী রে ভাই! সবাই দেখি সত্যি সত্যিই শুয়ে পড়েছিস! তোদের কি কাঁথা লাগবে? লাগলে বল!
নিপা: —এই চুপ থাক! বেশি কথা বললে তোরও জয় বাংলা করে দেব!
এবার আর কেউ হাসি থামাতে পারল না।
কিছুক্ষণ পর, হিমিদের বাড়িতে...
সবাই ফ্রেশ হয়ে হিমিদের ঘরে চলে এল। এরপর বিছানার ওপর গোল হয়ে বসে পড়ল সবাই।
হিমি আর তার বোন খাবার নিয়ে ঘরে ঢুকল। সবাই অল্পস্বল্প খেয়ে আবার নিজেদের আড্ডা শুরু করল।
কেউ গল্প করছে, কেউ হাসছে, আবার কেউ একজন আরেকজনকে খোঁচা দিয়ে যাচ্ছে।
এর মধ্যেই হঠাৎ হিমির ফোনে কল আসল।
স্ক্রিনে ভেসে উঠল—ডাক্তার বাবু।
কলটা ধরতে যাবে, ঠিক তখনই প্রভা টান দিয়ে ফোনটা হিমির হাত থেকে নিয়ে নিল। আর নিপা পেছন থেকে হিমির মুখ চেপে ধরল।
হিমি চোখ বড় বড় করে তাদের দিকে তাকাল। কিন্তু বন্ধুরা কি আর এত সহজে ছাড়ার পাত্রী!
প্রভা গলা বদলে ফোন রিসিভ করল।
প্রভা:—হ্যালো জান!
ডাক্তার: —হুম!
প্রভা:—তুমি কী করছো, জান?
ডাক্তার:—এই তো বসে আছি। বাট তোমার কণ্ঠ এমন গলা ফাটিয়ে শোনাচ্ছে কেন?
এবার পাশে বসে থাকা অনু তাড়াতাড়ি বলে উঠল—
অনু: —ওই আসলে, বিয়ের জন্য গলা ওয়াশ করছিলাম তো! তাই একটু অন্যরকম শোনাচ্ছে!
ডাক্তার: —গলা ওয়াশ করে কী হবে, জান?
প্রভা আর কথা না বাড়িয়ে ফোনটা ইমুর হাতে ধরিয়ে দিল।
ইমু: —আচ্ছা জান, এসব বাদ দাও। তুমি কী করো?
ডাক্তার:—এই তো বসে আছি। আপনি কী করেন?
এবার নিপা ফোনটা নিজের হাতে নিয়ে বলল—
নিপা:—কী আর করব! তোমাকে নিয়ে স্বপ্ন দেখি!
ডাক্তার: —তা কী স্বপ্ন দেখেন আমাকে নিয়ে?
প্রভা আরেকটু এগিয়ে এসে বলল—
প্রভা:—এই ধরুন, বাসরঘরে আমি আর আপনি একা। তারপর...
ডাক্তার: —তারপর কী?
অনু লজ্জা পাওয়ার অভিনয় করে মুখে হাত দিয়ে বলল—
অনু: —আমার বলতে লজ্জা করছে! তুমি বলো!
ওদিকে ফোনের অপর পাশে ডাক্তার বাবু কয়েক সেকেন্ড চুপ করে রইলেন।
এদিকে হিমি রাগে ফুঁসছে। কিন্তু বন্ধুরা তার মুখ চেপে ধরে রেখেছে। তার অবস্থা দেখে বাকিরা হাসতে হাসতে শেষ!
