মায়াবতী, কখনো কি ভেবেছো, কেউ একজন তোমার অপেক্ষায় নিজের কতগুলো বিকেল পার করে দিয়েছে? কেউ একজন তোমার একটুখানি দেখা পাওয়ার আশায় প্রতিদিন সেই চেনা পথটায় চোখ রাখত?
তুমি হয়তো জানতে না, তোমার চলে যাওয়ার পরও কেউ একজন তোমার স্মৃতির কাছে বসে থাকত। তোমার বলা সাধারণ কথাগুলোও আমার কাছে অসাধারণ হয়ে উঠত, অথচ তোমার কাছে আমি ছিলাম হয়তো আর দশটা মানুষের মতোই একজন।
কতবার ভেবেছি, একদিন তোমার সামনে দাঁড়িয়ে বলব— মায়াবতী, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। তোমার চোখের মায়ায় হারিয়ে গেছি আমি, তোমার অজান্তেই তোমাকে ঘিরে আমার কত শত স্বপ্নের জন্ম হয়েছে।
কিন্তু বলা আর হয়ে ওঠেনি। ভয় ছিল, যদি কথাগুলো শুনে তোমার চোখে আমি অচেনা হয়ে যাই! তাই ভালোবাসার কথাগুলো ডায়েরির পাতায় বন্দি করে রেখেছি।
জানো মায়াবতী, মানুষের জীবনে কিছু গল্প থাকে, যার কোনো সুন্দর সমাপ্তি লেখা হয় না। শুধু কিছু স্মৃতি থেকে যায়, কিছু না বলা কথা থেকে যায়, আর থেকে যায় একজন মানুষ— যাকে চাইলেও নিজের গল্প থেকে বাদ দেওয়া যায় না।
তুমি কোনোদিন আমার গল্পের পাঠক হলে না, অথচ তোমাকে নিয়েই লিখে গেলাম আমার জীবনের সবচেয়ে দীর্ঘ কবিতাটি।
*
