#বেলা_অবেলা
লেখনীতে: #মাশফিত্রা_মিমুই
[পর্ব:০২]
প্রতিক্রিয়াহীন হয়ে গেলো সুহানা। জীবনটা যেনো কয়েক মুহূর্তের জন্য থমকে গেছে। রবিন হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে কিন্তু সুহানা ঘুমাতে পারেনি। চোখের সামনে ভেসে উঠল পুরনো সব স্মৃতি। পুরো একটি বছর নিজের ভালোবাসার প্রস্তাব নিয়ে পাগলের মতো সুহানার পেছনে ঘুরেছে রবিন। একটা সময় এসে সুহানা উপলব্ধি করতে পারলো যে রবিন নামক ছেলেটি তাকে সত্যিই ভালোবাসে।সুহানাও রবিনের প্রণয়ে জড়িয়ে যায়।
একসঙ্গে কত জায়গায় ঘুরেছে কত সময় কাটিয়েছে তার হিসেব নেই। রবিন ছিল সুহানার থেকে দুই বছরের সিনিয়র। রবিন যখন ভাইভা পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছিল ভেঙে পড়েছিল তখনও এই সুহানাই তাকে মনোবল জুগিয়েছে।
রবিনের পিতা নাহিদুজ্জামান ছেলেকে হাত খরচা দেওয়া বন্ধ করে দিলেন। বেকারত্ব রবিনের মনে ডিপ্রেশন সৃষ্টি করে দিয়েছিল আত্মীয় পরিজন মুখ ফিরিয়ে নিয়েছিল। একসঙ্গে বড় হওয়া একসঙ্গে লেখাপড়া করা, টং দোকানে সিগারেটের ধোঁয়া উড়ানোয় সঙ্গ দেওয়া বন্ধুরা যখন ভালো ভালো কোম্পানিতে চাকরি করছিল। বেকারত্বকে জয় করে সাবলম্বী হচ্ছিল তখনও রবিন নামক পুরুষটি বেকারত্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। খাবার নিয়ে তাকে খোঁটা শুনতে হচ্ছিল।
রবিনের থেকে সুহানার পরিবারের আর্থিক অবস্থা ছিল বেশ ভালো। তবুও সুহানা টিউশন পড়ানো শুরু করে। মাস শেষে যেই টিউশন দুটো থেকে যা টাকা পেতো সম্পূর্ণ টাকাটাই রবিনের হাতে তুলে দিতো। প্রেমিকার নিকট হতে অর্থ গ্ৰহণ করতে অস্বীকৃতি জানালেও সুহানার যুক্তির কাছে বাধ্য হয়েই তা নিতে হতো রবিনকে। অনার্স শেষে সুহানা যখন একটি চাকরি নেয় তখনও রবিন ছিল একজন বেকার পুরুষ। নিজের পিতাকে অনেক বুঝিয়ে মানিয়ে তারপর রবিনের হাত ধরে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয় সুহানা।
তখন সংসারের সকল খরচ সুহানা নিজে বহন করেছে।রবিনের ভরসা হয়ে পাশে থেকেছে। চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য অর্থ দিয়েছে। রবিন কথা দিয়েছিল মৃ'ত্যুর আগ পর্যন্ত সুহানার ঋণ সে ভুলতে পারবে না। সুহানা এর বিনিময়ে শুধু ভালোবাসা চেয়েছিল ছোট্ট একটি সংসার চেয়েছিল যা তখন রবিন ঠিকই দিতে পেরেছিল। অর্থ সংকট থাকলেও ভালোবাসার কমতি ছিল না তাদের মধ্যে।
কত তাহাজ্জুদে যে রবিনের জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে সুহানা তার হিসেব নেই। মাঝরাতে জায়নামাজ হতে স্ত্রীর ক্রন্দনের শব্দে কতবার যে রবিনের ঘুম ভেঙেছে তা রবিনই ভালো জানে। সুহানার দোয়া ঠিকই কবুল হয়েছিল। রবিন কয়েকমাস পরেই চাকরি পায়। প্রথমে পদটি নিম্ন হওয়ায় মন খারাপ হয়েছিল রবিনের। তখনও সুহানা স্বামীকে আশ্বস্ত করে বলে,"মন খারাপ করো না। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। এই ভেবে শোকর আদায় করো যে বেকারত্বটা তো ঘুচে গেল।"
রবিন তার যোগ্যতা অনুযায়ী আরো ভালো একটি চাকরি পায়। এবং পূর্বের চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরিতে যোগদান করে। ধীরে ধীরে নিজেকে প্রমাণ করে পদন্নতি পেতে থাকে। ছয় হাজারের বেতন থেকে আজ তার বেতন গিয়ে পঁয়তাল্লিশ হাজারে ঠেকেছে। মায়ের সমস্ত দায়িত্ব নিয়েছে।ছোট বোনের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে। টিনের ছাপোষা বাড়ি থেকে বড় বিল্ডিং এর একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে। এই সাফল্য হয়তো মরহুম নাহিদুজ্জামান দেখে যেতে পারেননি কিন্তু ছেলের প্রতি পুত্রবধূর নিখুঁত ভালোবাসা ঠিকই দেখে গিয়েছিলেন। আজ অনেক কিছু পরিবর্তন হয়েছে রবিনও পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে রবিনের ভালোবাসা। ফিকে হয়ে গেছে ভালোবাসার রং।
যেখানে রবিন অফিস থেকে বাড়ি ফিরে ক্লান্ত শরীর বিছানায় হেলিয়ে দিয়ে আরাম করে সেখানে সারাদিন অফিস করেও সুহানার কোনো ক্লান্তি নেই। দায়িত্বের কাছে তার ক্লান্তিগুলো অদৃশ্য হয়ে হারিয়ে যায়। শাড়ির আঁচল কোমরে গুঁজে সংসারের কাজে নেমে পড়ে অথচ তারপরেও দিনশেষে দায়িত্ব জ্ঞানহীন তকমাটা গায়ে নিয়ে ঘুরতে হয়।
ফজরের নামাজ পড়ে কাজে লেগে পড়েছে সুহানা। আজ শুক্রবার অফিস সাপ্তাহিক বন্ধ। সবার জন্য তাদের পছন্দ মতো নাস্তা বানিয়েছে। রবিন এখনো বিছানায় ঘুমিয়ে আছে।অথচ গৃহবধূদের নেই কোনো ছুটি। তারা সারাদিন,মাস,বছর পরিশ্রম করে যায় তারপরেও শুনতে হয় বাড়িতে থেকে তুমি করোটা কী? কিন্তু সুহানা তো সাবলম্বী একজন নারী।
টেবিলে খাবার দিতেই সুহানা শাশুড়ির ঘর থেকে বড় ননদের কণ্ঠস্বর শুনতে পেলো। ধীরে ধীরে সবাই টেবিলে জমা হলো। সুহানা নিশ্চুপ হয়ে পরিবেশন করছে সবাইকে।
রবিনের বড় বোন রেহানা সোজাসাপ্টা ভাইয়ের উদ্দেশ্যে বললো,"কি রে রবিন তোর বউ চাকরি করে বলে কী এখন আমার মাকে না খেয়ে থাকতে হবে?"
রবিনের খাওয়া থেমে গেলো। দৃষ্টি নত করে বললো,
"কী বলছো আপু? মাকে না খাইয়ে রাখবো কেন?"
"তাহলে প্রতিদিন মাকে খাওয়ার কষ্ট করতে হয় কেন? এখনো কী তোর বউ রান্না করাটাও শিখেনি?"
রবিনের ছোট বোন রিতা বড় বোনের উদ্দেশ্যে বললো,"কই আপু ভাবী তো অনেক ভালো রান্না করে আমরা তো এই রান্নাই খাই আমাদের কাছে তো খারাপ লাগে না।"
নার্গিস বেগম ধমকের স্বরে ছোট মেয়েকে বললেন,
"তুই চুপ থাক বড়গো মাঝখানে কথা কস ক্যান?"
ধমক খেয়ে রিতা চুপ হয়ে গেল। রবিন আড়চোখে সুহানার দিকে তাকিয়ে বড় বোনের উদ্দেশ্যে বললো,
"আর কয়েকটা দিন আমায় সময় দেও আপু এর মধ্যেই সব সমস্যার সমাধান করে ফেলব।"
সুহানা বুঝতে পারলো রবিন যে তাকেই সমস্যা হিসেবে ইঙ্গিত দিয়েছে। খাওয়া দাওয়ার পর্যায় শেষে ঘরে এলো সুহানা। রবিনের উদ্দেশ্যে বললো,
"আমাকে নিয়ে যে তোমাদের এত সমস্যা আমি এতদিন বুঝতে পারিনি। এখন যখন সব আমার কাছে পরিষ্কার হয়ে গেছে তাই আমিও আর কারো সমস্যা হয়ে থাকতে চাই না।"
রবিন চমকানো কণ্ঠে বললো,"তার মানে তুমি ডিভোর্সে রাজি?"
"হুম।"
সুহানা যে এত সহজে মেনে নিবে ভাবতে পারেনি রবিন। নিমিষেই অধরে তার হাসি ফুটে উঠল। সুহানা আলমারি থেকে বাহিরে পরার থ্রী পিছ বের করল। রবিন জিজ্ঞেস করল,"এখনি কী চলে যাচ্ছো নাকি?"
সুহানা মলিন হেসে উত্তর দিলো,"হুম তবে একা নয় তুমিও যাবে।"
"কোথায়?"
"গেলেই দেখতে পাবে।"
রবিন নাকোচ করে দিয়ে বললো,"আমি তোমার সঙ্গে কোথাও যাচ্ছি না।"
"এমন ভাবে বলছো কেন? এটাই না হয় আমার সঙ্গে তোমার শেষ যাওয়া তারপর তো আমি চলেই যাবো।শেষ মুহূর্তের একটি কথা কী রাখা যায় না?"
রবিন আর দ্বিমত করল না। দুজনে তৈরি হয়ে বের হলো বাড়ি থেকে। এতে অবশ্য নার্গিস বেগম এবং রেহানার অনেক কথা শুনতে হয়েছে । কিন্তু সুহানার এতে কিছু যায় আসে না। একটি রিকশার মধ্যে দুজনে উঠে বসলো। রবিন জিজ্ঞেস করল,"কোথায় যাচ্ছি আমরা?"
সুহানা উত্তর দিলো,"গেলেই না হয় দেখতে পাবে।"
গাড়ি থামলো একটি বাড়ির সামনে। সুহানা রিকশা ভাড়া মিটিয়ে রবিনকে নিয়ে বাড়িটির ভেতরে প্রবেশ করল। একটি লোক দরজা খুলে দিলেন। সুহানা এবং রবিনকে নিয়ে সোফায় বসালেন। রবিনের কপালে সুক্ষ্ম কয়েকটি রেখা পড়ল। স্ত্রীকে প্রশ্ন করল,"ইনি কে?"
"ইনি হচ্ছেন মেহজাবিনের প্রাক্তন স্বামী।"
রবিনের কপালটি আরো কুঁচকে গেল। সুহানা বললো,"তুমি নিশ্চয়ই দ্বিতীয় বিবাহটি তোমার কলিগ মেহজাবিনকেই করতে চাইছো? আচ্ছা মেহজাবিন যে একজন ডিভোর্সি নারী তা কী তুমি জানো?"
"হুম জানি কিন্তু তুমি ওর কথা জানলে কিভাবে?"
"তা না হয় পরে বলবো কিন্তু কী কারণে ওর ডিভোর্স হয়েছে তা কী তুমি জানো?"
রবিন মিনমিনে স্বরে বললো,"ওর স্বামী ভালো ছিলো না। গায়ে হাত তুলতো এমনকি পর নারীদের সঙ্গে সম্পর্কও ছিল। মেহজাবিন বাঁধা দেওয়ায় ওর স্বামী তাকে ডিভোর্স দেয়।"
মেহজাবিনের প্রাক্তন স্বামী জাহিদ চায়ের ট্রে হাতে এগিয়ে এলেন। ছোট টেবিলটায় ট্রে রেখে বললেন,
"আমি নয় বরং মেহজাবিন নিজেই আমায় ডিভোর্স দিয়েছিল।"
রবিন চমকালো। জাহিদ বললেন,"মেহজাবিন এবং আমার পারিবারিকভাবে বিয়ে হয়। কয়েক বছর পর জানতে পারি বিয়ের আগে একটি ছেলের সঙ্গে ওর সম্পর্ক ছিল তাতে অবশ্য আমার কোনো সমস্যা ছিল না প্রতিটি মানুষেরই কোনো না কোনো অতীত থাকেই। কিন্তু দিনদিন ওর সঙ্গে আমার সম্পর্কটি বিষাক্ততায় রূপ নিচ্ছিল।ওর জন্য বাধ্য হয়ে আমার মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়েছে। আমার মা কিন্তু সবসময় তাকে নিজের মেয়ের চোখেই দেখত তাও ও মায়ের সঙ্গে অশান্তি করতো। সম্পর্কটাকে টিকানোর জন্য আমি অনেক কিছুই করেছি কিন্তু শেষ রক্ষা আর হয়নি। নিজের প্রাক্তনের জন্য আমাকেই ডিভোর্স দিয়ে প্রাক্তন বানিয়ে দিলো। একটি কথা কী জানেন অন্যকে ঠকালে কিন্তু নিজেকেও ঠকতে হয়। তাই মেহজাবিনও ঠকেছে তার প্রাক্তন তাকে ধোঁকা দিয়েছে। শেষে আমার কাছে এসে হাত জোর করে ক্ষমা চেয়েছিল নতুন করে আমার জীবনে ফিরতে চেয়েছিল। আমি ঠিকই ক্ষমা করে দিয়েছিলাম কিন্তু পুনরায় নিজের জীবনে ফিরিয়ে নেইনি। ধোঁকা বাজদের দ্বিতীয়বার কখনো নিজের জীবনে ফিরিয়ে আনতে নেই নাহলে আবারো ধোঁকা খেতে হবে।"
সুহানা আড়চোখে রবিনের দিকে তাকিয়ে আছে। রবিনের চোখেমুখে বিষ্ময়। জাহিদের কাছ থেকে প্রমাণসহ আরো অনেককিছুই জানতে পেরেছে রবিন। শেষে জাহিদের কাছ থেকে বিদায় নিয়ে সুহানা এবং রবিন চলে এলো।
রবিন প্রশ্ন করল,"তুমি মেহজাবিনের কথা কিভাবে জানলে?"
দুজনে পাশাপাশি হাঁটছে। সুহানা হাঁটতে হাঁটতে উত্তর দিলো,"তুমি আমায় কখনো বুঝলেই না রবিন। তোমার ধারণা মতে আমি শুধু আমার চাকরি নিয়েই ব্যস্ত থাকি। অথচ বাড়ির সকলের এত এত কাজ একা হাতে করেও তোমার মায়ের মন পাইনি আমি। তারপরেও কোনো অভিযোগ নেই আমার। আমি চাকুরীজীবি নারী হলেও পরিবারের কার কী প্রয়োজন কে কোথায় যাচ্ছে সব খবর রাখি আর তুমি তো আমার স্বামী।"
সুহানা দীর্ঘশ্বাস ফেলে বললো,"অনেক শুভাকাঙ্খীর নিকটই শুনেছি, তোমার স্বামীকে একটি মেয়ের সঙ্গে ওখানে দেখে এসেছি এখানে দেখে এসেছি কিন্তু বিশ্বাস করো আমি অত গুরুত্ব দেইনি কারণ তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা ছিল। কিন্তু যখন তোমার বদলে যাওয়াটা দিন দিন চোখের সামনে ধরা পড়ছিল তখনি আমাকে লোকের কথা বিশ্বাস করতে হয়েছে। সেদিন তো আমি নিজ চোখে তোমাদের হাত ধরাধরি করে হাঁটতে দেখেছি তারপরেই মেয়েটির সম্বন্ধে খোঁজ খবর নিয়ে সবটা জানতে পারি। একটা কথা কী জানো রবিন? যেই নারী কিংবা পুরুষ বিবাহিত জেনেও অন্য নারী কিংবা পুরুষকে ভালোবাসার কথা জানায় সে আর যাই হোক সৎ চরিত্রের মানুষ নয়।"
রবিন মাথা নিচু করে নিলো। সুহানা বললো,"তুমি পুরনো সবকিছু ভুলে গেলেও আমি ভুলতে পারিনি। আমি তোমার সফলতার পরে তোমার জীবনে আসা নারী নই আমি তোমার ব্যর্থতার সময় তোমার সঙ্গে জুড়ে ব্যর্থতাকে জয় করা নারী। সফলতা পেয়ে তোমার ভালোবাসা ফিকে হয়ে গেলেও আমার ভালোবাসা সেই শুরুর মতোই আছে। অফিসে আমারও অনেক কলিগ আছে কিন্তু ওই যে আমার মন তো এক পুরুষেই আসক্ত। আসলে কী জানো তোমার মায়ের এত অশান্তির পরেও আমি তোমার কাছে অভিযোগ করিনি কষ্ট পাইনি। তুমি যদি শুরু থেকে আমার পাশে দাঁড়াতে তাহলে আজ হয়তো তোমার মা কিংবা বোনের এত অপমান আমায় সহ্য করতে হতো না। ডিভোর্স নামক শব্দটির সঙ্গে পরিচিত হতে হতো না।"
নিজের ভুলটা বুঝতে পেরেছে রবিন। লজ্জায় সুহানার দিকে তাকাতে পারছে না। সুহানা বললো, "মা হচ্ছেন জন্মদাত্রী। হাজারো যন্ত্রনা সহ্য করে দশ মাস দশ দিন পেটে রেখেছেন। দুনিয়ার আলো দেখিয়েছেন তাই সন্তানের উচিত মায়ের সেবা করা মাকে খুশী রাখা। আর স্ত্রী! নিজের পরিবার পরিজন চেনা মানুষ চেনা জায়গা ফেলে স্বামীর হাত ধরে চলে আসে অপরিচিত একটি স্থানে। নতুন নতুন মুখের ভিড়ে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে মৃ'ত্যুর আগ পর্যন্ত সুখ দুঃখে পাশে থাকে।তাই স্বামী হিসেবে উচিত স্ত্রীর ভালো মন্দ দিক সর্বপ্রথম দেখা স্ত্রীকে বোঝা। অথচ পুরুষরা মা এবং স্ত্রীর স্থান তাদের প্রতি ভালোবাসা গুলিয়ে ফেলে তাদের মধ্যকার যেকোন একজনকে কষ্ট দেয়। তারা ভুলে যায় দুজনের অবস্থান দুদিক থেকে গুরুত্বপূর্ণ। তোমার মা আমার প্রতি অসন্তুষ্ট বলে তুমি আমায় সমস্যা মনে করে নিজের জীবন থেকে তাড়িয়ে দিতে চাইলে অথচ সেই আমিই কিন্তু তোমাকে অপছন্দ করা আমার রাগী বাবাকে বুঝিয়ে তোমার হাত ধরে অজানা পথে পাড়ি দিয়েছিলাম। আমাদের মধ্যে পার্থক্যটি এটাই, আমি তোমায় ভালোবেসেছি সব পরিস্থিতিতে।আর তুমি আমায় ভালোবেসেছো নিজের দুঃসময়ে।
রবিন সুহানার হাত দুটো আঁকড়ে ধরে অনুশোচনার সুরে বললো,"আমাকে মাফ করে দাও সুহানা আসলে আমি ক্লান্ত হয়ে গেছিলাম। কোনটি ঠিক কোনটি বেঠিক সত্যিই গুলিয়ে ফেলেছিলাম। কথা দিচ্ছি আর কখনো এমন ভুল করব না।"
রবিনের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে নিলো সুহানা। বাস কাউন্টারের কাছে পৌঁছেছে তারা। সুহানা বললো,"কারো জীবনে সমস্যা হয়ে থাকতে চাই না আমি। তোমরা মা-ছেলে ভালো থেকো। আর হ্যাঁ দ্বিতীয় বিয়ে করার আগে একটু খোঁজ খবর নিয়ে নিও। বিদায়।"
কোনদিকে না তাকিয়ে বাসে উঠে গেল সুহানা। রবিনের চোখে অশ্রু টলমল করছে। কিন্তু সুহানা সেদিকে খেয়াল করল না।ভুল করার পর অনুশোচনা করার প্রয়োজন আছে। নাহলে পরবর্তীতে এই ভুল যে পুনরায় হবে না তার কোনো নিশ্চয়তা নেই। এত কষ্ট করে সবার বিরুদ্ধে গিয়ে এতদূর সম্পর্কটাকে বয়ে এনে নিজের হাতে সাজানো গোছানো সংসার ফেলে আসার মেয়ে সুহানা নয়। অনেকদিন ধরে মাকে জড়িয়ে ধরে ঘুমায় না সে। সংসারের জাঁতাকলে পড়ে নিজের ইচ্ছে ভালো থাকাটাই ভুলে গেছিলো। আজ সে অনেকদিন পর বাড়িতে যাবে মন খুলে সবার সঙ্গে গল্প করবে। এই সময়টুকু না হয় প্রিয়জনের শূন্যতা অনুভব করতে থাকুক রবিন।
(সমাপ্ত)
*
*
*
