"এইগুলা কি রানছো? এইসব খাওন খাওয়া যায়? আমারে না খাওয়াইয়া মা'রার বুদ্ধি করতাছো তাই না?"
কথাটা বলেই খাবারের প্লেট টাইলসযুক্ত মেঝেতে ছু'ড়ে মা'রলেন নার্গিস বেগম। শাশুড়ির এমন কর্মকান্ডে অবাক হলো সুহানা। শাশুড়ির উদ্দেশ্যে বললো,"খাবার নষ্ট করা ভালো নয় মা। এভাবে খাবারটা ফেলে দিলেন?"
তেলের মধ্যে পানি দেওয়ার মতো ছি'টকে উঠলেন নার্গিস বেগম। চেঁচিয়ে বলে উঠলেন,
"তোমার কাছ থাইকা এহন আমার ভালো মন্দ শিখন লাগবো? রবিনরে বাপ এ তুই কারে বিয়া কইরা আনছোস? আজ তোর বউয়ের লাইগ্গা দেহি এহন আমার না খাইয়া থাকতে হইবো।"
রবিন আয়নার সামনে দাঁড়িয়ে গলায় টাই বাঁধছে। তৈরি হয়ে অফিসে যাবে। রোজ রোজ এমন অশান্তি তার ভালো লাগে না। মুখ দিয়ে বিরক্তিকর আওয়াজ বের করল। সুহানা শাশুড়ির দিকে তাকিয়ে প্রতিবাদের স্বরে বললো,
"একদম মিথ্যে বলবেন না মা এই একই খাবার সকালে আপনার ছেলে খেয়েছে আপনার ছোট মেয়ে খেয়ে টিউশনে গেছে। কই তারা তো কোনো অভিযোগ করল না।"
নার্গিস বেগম এখানে আর দাঁড়ালেন না। এগিয়ে গেলেন ছেলের ঘরের দিকে তারপর জোর গলায় বললেন,"এই মাইয়া তগো ভাই বোইনরে তাবিজ কইরা প্রত্যেকদিন এইসব ছাই পাস রাইন্ধা খাওয়ায় তাই না? বিয়ার আগে অনেকবার কইছিলাম এসব চাকরি জানা মাইয়া মানুষ বিয়া করিস না এরা সংসারী হয় না এরা সংসার ধ্বংস করে।এহন মিললো তো কথা? আইজকা আমারে মিথ্যাবাদী বানায়, কাইল তো বাড়িত তে বাহির কইরা দিবো।"
রবিন মলিন মুখে নিজের কাজ করে যাচ্ছে। মায়ের কথা যেন তার কর্ণকুহর পর্যন্ত পৌঁছাচ্ছে না। নার্গিস বেগম ছেলের এমন ব্যবহারে অপমানিত হলেন। কেঁদে দেওয়ার ভঙিতে বললেন,"পাপ জন্ম দিছি একটা, বিয়ার পর বউ পাইয়া মায়ের কথা শুনে না।"
রবিন অফিস বেগ কাঁধে ঝুলিয়ে ঘর থেকে বের হলো। চিৎকার করে ডাকল,"সুহানা!"
সুহানা মেঝে পরিষ্কার করছিল। স্বামীর ডাকে হাতের কাজ ফেলে দৌড়ে এলো। রবিন ধমকের স্বরে বললো,"মায়ের রান্নাটা একটু ভালো করে রাঁধলে কী হয়? জানো না মা এমন রান্না খেতে পারেন না। রোজ রোজ অশান্তি ভালো লাগে না আমার।"
রবিন চলে গেলো। সুহানার চোখে অশ্রু টলমল করছে। নার্গিস বেগম ঘর থেকে কথাগুলো শুনে খুব খুশী হলেন। সুহানা আর নাস্তা করল না। টেবিল পরিষ্কার করে তৈরি হতে চলে গেলো। সুহানা একটি বেসরকারী ব্যাংকের কর্মকর্তা। কর্মস্থলে যাওয়ার জন্য তৈরি হয়ে ঘর থেকে বের হলো। ড্রয়িং রুম থেকে ডাইনিং টেবিল স্পষ্ট দেখা যায়। টেবিলের দিকে তাকাতেই চমকে গেলো সুহানা। কিছুক্ষণ আগেই নার্গিস বেগম খাবার নিয়ে ছেলের সামনে এত ঝামেলা করলেন অথচ এখন টেবিলে আয়েশে বসে সেই খাবার গুলোই খাচ্ছেন তিনি। সুহানা না দেখার ভান করে বেরিয়ে এলো বাড়ি থেকে।
রবিন এবং সুহানা একই ভার্সিটি থেকে লেখাপড়া করেছে সেখান থেকেই তারা প্রেম নামক সম্পর্কে জড়িয়ে পড়ে। সুহানার এখনো মনে আছে, বাবা কিছুতেই রবিনের সঙ্গে তার বিয়ে দিবেন না। কারণ রবিন ছিল বেকার একটি ছেলে। শেষে বাবার হাতে পায়ে ধরে বাবাকে বিয়েতে রাজি করায় সুহানা। বিয়ের কয়েক মাস পর সুহানা বুঝতে পারে তার শাশুড়ি তাকে পছন্দ করেন না। শ্বশুর বেঁচে থাকতে সামনাসামনি নার্গিস বেগম কখনোই সুহানাকে কিছু বলার সাহস পেতেন না। কিন্তু শ্বশুর মা'রা যাওয়ার পর থেকেই নার্গিস বেগম প্রকাশ্যে সুহানাকে রবিনের সামনে হেনস্তা করতে থাকেন। রবিন সবটা বোঝার পরেও মায়ের উপরে কথা বলে না উল্টো স্ত্রীর উপরেই চড়াও হয়।
সুহানা সঠিক সময়ে অফিসে এসে নিজের আসনে বসলো। গ্ৰাহকদের লাইন লেগে আছে। কেউ টাকা জমা দিতে এসেছে কেউ বা উঠাতে এসেছে। সুহানা নিজের কাজ করতে লাগল।সকালের এমন ঘটনায় কিছুতেই কাজে মন দিতে পারছে না সে।
অন্যমনস্ক হয়ে ডেস্কে বসে আছে রবিন। রবিনের কলিগ মেহজাবিন এগিয়ে এসে জিজ্ঞেস করল, "কিছু হয়েছে কী রবিন? তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন?"
রবিন মেহজাবিনের দিকে তাকালো। তারপর নিজেকে ধাতস্থ করে উত্তর দিলো,"আই অ্যাম ওকে।"
"আমার কাছে একদম মিথ্যে বলবে না, আমি তোমার চেহারা দেখেই তোমার মনের কথা বুঝতে পারি।"
রবিন কিছু লুকালো না। বললো,"অনেক কিছুই হয়েছে।এখন অফিস টাইম এতকিছু বলা সম্ভব নয়।"
"তাহলে আজ আমরা অফিস করবো না। চলো কোথাও ঘুরে আসি এতে তোমার মনও ভালো হবে সব কথাও শোনা হবে।"
"বস কী ছুটি দিবেন?"
"এই দিক আমি দেখছি।" কথাটি বলেই মেহজাবিন চলে গেলো। কয়েক মিনিট পর ফিরে এসে বললো, "বস ছুটি দিয়েছে চলো এবার।"
অফিস থেকে বের হয়ে দুজনে একটি খোলা জায়গায় বসলো। আশেপাশে আরো অনেক জোড়া জোড়া কাপল দেখা যাচ্ছে। মেহজাবিন রবিনের দিকে ফিরে জিজ্ঞেস করল,"এবার বলো কি হয়েছে?"
রবিন মুখটা মলিন করে উত্তর দিলো,"আমি ভালো নেই মেহজাবিন। রোজ রোজ বাড়িতে এমন অশান্তি ভালো লাগে না আমার।"
মেহজাবিন ভ্রু যুগল কুঁচকে তাকিয়ে আছে। রবিন বললো,"বিয়ের দুই বছর পার হয়ে গেছে অথচ এখনো সুহানা মায়ের সঙ্গে মানিয়ে নিতে পারেনি।রোজ মায়ের সঙ্গে ঝামেলা লেগেই থাকে, বাড়িতে গিয়ে এত চিৎকার চেঁচামেচি অভিযোগ কারো কী ভালো লাগে বলো? সারাদিন অফিস করে কোনো পুরুষের কী এসব সহ্য করার ক্ষমতা থাকে বলো?"
কয়েক সেকেন্ড নিরবতা পালন করে মেহজাবিন আচমকা রবিনের হাতে হাত রাখল। বললো,"এমন স্ত্রী রেখে লাভ কী? ছেড়ে দাও ওই মেয়েকে, এসব মেয়ে দিয়ে আর কিছু হলেও সংসার হয় না। তুমি আরও ভালো কোনো মেয়েকে লাইফ পার্টনার হিসেবে ডিজার্ভ করো।"
চমকায়িত দৃষ্টিতে মেহজাবিনের দিকে তাকালো রবিন। এমন কথা নার্গিস বেগমও অনেকবার রবিনকে বলেছিলেন কিন্তু রবিন কখনো সে কথায় পাত্তা দেয়নি। রবিনকে ভাবতে দেখে মেহজাবিন বললো,
"এত ভাবার কিছু নেই, সুহানাকে ডিভোর্স দিয়ে দাও। ও বরং ওর মতই নিজের চাকরি এবং নিজেকে নিয়ে থাকুক।"
"কিন্তু?"
"কিন্তু কী?তুমি কী তোমার স্ত্রীকে খুব ভালোবাসো?"
রবিন তাৎক্ষণিক কোনো উত্তর দিতে পারলো না। মেহজাবিন আবারো বললো,"এত ভেবে কী হবে আমি জানি তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো না। স্ত্রীকে ভালোবাসলে কী আর তার প্রতি বিরক্ত আসতো? আমার সঙ্গেই বা ঘুরে বেড়াতে? বাড়িতে গিয়ে মিথ্যে বলতে?"
রবিনের কাছে মেহজাবিনের বলা কথাগুলো সঠিক মনে হচ্ছে। তারা বেশ কিছুক্ষণ একসঙ্গে সময় কাটালো। মেহজাবিনকে পৌঁছে দিয়ে অনেক রাত করে বাড়িতে ফিরল রবিন। সদর দরজায় কড়া নাড়তেই সুহানা দরজা খুলে দিলো। সোজাসুজি প্রশ্ন করল,"অফিস তো নয়টায় ছুটি হয়। তাহলে দশটায় ফিরলে যে?"
"তোমার কাছে কী এখন আমায় সেই কৈফিয়তও দিতে হবে?"
"কৈফিয়ত দিতে হবে কেন? আমি কী জিজ্ঞেস করতে পারি না?"
রবিন পাশ কাটিয়ে ঘরে চলে গেলো। ভেতর থেকে নার্গিস বেগম চেঁচিয়ে বললেন,"আমার পোলাডারে একটু শান্তিতেও থাকতে দিবো না এই মাইয়া। পোলাডা সারাদিন খাইট্টা অফিস থাইকা ফিরছে, আর হেয় দরজার সামনেই শুরু কইরা দিছে গোয়েন্দাগিরি।"
সুহানার ইচ্ছে করল নার্গিস বেগমকে গিয়ে মুখের উপর কিছু কড়া কথা বলে আসতে কিন্তু তৎক্ষণাৎ নিজেকে সংযত করল।রাতের বেলা অশান্তি বাড়াতে সে চায় না। সুহানা রবিনকে খাবার বেড়ে ডাকল। রবিন বললো,"আমি খেয়ে এসেছি।"
বৈবাহিক জীবনে এই প্রথম সুহানাকে রেখে বাহিরে খেয়ে এসেছে রবিন।সুহানার মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেলো। না খেয়েই সবকিছু গোছগাছ করে ঘরে চলে এলো। রবিন চোখ বন্ধ করে শুয়ে আছে। সুহানা আগ বাড়িয়ে কিছু বললো না পশ্চাৎ ঘুরে শুয়ে রইল।
_____
দিনে দিনে সুহানার কাছে নার্গিস বেগমকে অসহ্য লাগছে। যতই মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করুক না কেন, নার্গিস বেগম ইচ্ছে করে ছেলের সামনে ছেলের বউয়ের ভুলগুলোকে তুলে ধরবেনই। মাঝে মাঝে সুহানার মনে হয় এই শাশুড়ি সমাজ এমন নিষ্ঠুর হয় কেন? এরা কেন ভুলে যায় যে এরাও একটা সময় কারো না কারো পুত্রবধূ ছিলেন।
সুহানার হুট করেই চিন্তা ভাবনা ভুল প্রমাণিত হলো। সুহানা যখন ছোট ছিল তখন দেখতো তার দাদী সর্বদা তার মায়ের নামে তার ফুপুদের কাছে অনেক ভালো ভালো গল্প করতেন। অধিকাংশ মানুষ তাদের মা-মেয়ে মনে করতো। সুহানার বড় ভাই বিয়ে করার পর তার মাও কখনো তার ভাবীর সঙ্গে খারাপ আচরণ করেননি বরং বুঝতেই দেন না তিনি যে একজন শাশুড়ি। গতবার সুহানা যখন বাপের বাড়িতে গিয়েছিল তখন দেখেছিল তার ভাবী সবজি কাটতে গিয়ে হাত কেটে ফেলায় তার মা ভাবীকে মুখে তুলে খাইয়ে দিচ্ছিল।
নার্গিস বেগম যদি শুধু ভালো ব্যবহার করতেন তাহলেও হয়তো সুহানা তাকে মাথায় তুলে রাখতো। তবে এখনো শাশুড়ির জন্য কম কিছু করে না। সারাদিন অফিস করে আসার পরেও শাশুড়ি ওষুধ খেয়েছে কিনা খাবার খেয়েছে কিনা খবর নেয় তার সব খেয়াল রাখে। সকালে দুপুরেরসহ রান্না করে যায় অথচ তারপরেও শাশুড়ির মন পায় না।
সুহানা বিছানায় বসে অফিসের কিছু কাজ করছে। রবিন সুহানার পাশে এসে বসলো। খানিকক্ষণ তাকিয়ে রইল। সুহানা শুধাল,"কিছু বলবে?"
"হুম আমি একটা কথা ভাবলাম।"
"কী কথা?"
"যা বুঝলাম মা তোমাকে মোটেও পছন্দ করেন না, রোজ রোজ অফিসে যাওয়ার সময় এবং অফিস থেকে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে এসব অশান্তি আমারও ভালো লাগে না। তাই অনেক ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নিলাম।"
"কী সিদ্ধান্ত?"
রবিন আবারো কিছুক্ষণ নিরবতা পালন করল তারপর সোজাসাপ্টা উত্তর দিলো,"আমি বরং আরেকটা বিয়ে করি।তুমিও তো চাকরি করো বাড়ির দিকে তো তোমার খেয়াল থাকে না এর থেকে আমি আরেকটা বিয়ে করি যে কিনা সংসার সামলাবে মাকে দেখভাল করবে এতে বাড়িতে আর অশান্তি হবে না।"
সুহানা অবাক হলো। বললো,"কী বলছো এসব? আরেকটা বিয়ে করবে মানে?"
"মানের কী আছে? আমি তো স্পষ্টই বললাম আমি আরেকটি বিয়ে করব।"
"তোমায় ভালোবেসে বিয়ে করেছিলাম কী সতিনের ঘর করার জন্য?"
রবিন পশ্চাৎ ফিরে উত্তর দিলো,"আমিও বাড়িতে প্রতিদিন অশান্তি করার জন্য তোমায় বিয়ে করিনি। সতীনের ঘর করতে না পারলে ডিভোর্স দিয়ে দাও। তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়।"
চলবে ________
[পর্ব:০১]
#বেলা_অবেলা
লেখনীতে: #মাশফিত্রা_মিমুই
