নাম_না_জানা_বিকেলে
আরিশা_আক্তার
সূচনা_পর্ব
বর পালিয়েছে, বর পালিয়েছে এই একটি কথায়ই যেনো পুরো বিয়ের আসর স্তব্ধ হয়ে যায়। আয়েশার বাবা ইসমাঈল সাহেব ধপ করে নিচে বসে পড়েন। ভেবেছিলেন মা মরা মেয়েটাকে বিয়ে দিয়ে দিলে হয়তো ভালো থাকবে। জীবনে কম কষ্ট তো আর পায় নি মেয়েটা। চোখের সামনে মেয়েকে অত্যাচারিত হতে দেখেও কিছুই করতে পারেন নি তিনি। তিনি এক ব্যর্থ বাবা।
রিমা বেগম হা-হুতাশ শুরু করেন। এই বিয়ে ভাঙা মেয়েকে কে বিয়ে করবে। আয়েশাকে তিনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন।
_" অপয়া,মুখপুরী তোর জন্য আমার মেয়েটার ও বিয়ে হবে না। যে মেয়ের বিয়ের দিন বর পালিয়ে যায়, এমন অপয়াকে কে বিয়ে করবে।"
ইসমাঈল সাহেব রিমা বেগমকে থামতে বলছেন। তবুও উনার কোনো থাকার লক্ষণ দেখা যায় নি। রিমা বেগমের চেঁচামেচির মধ্যেই পাত্রের মা এগিয়ে আসেন।
_" আপনারা শান্ত হোন, আমি আমার ছেলের হয়ে ক্ষমা চাইছি!"
মনিরা বেগমের (পাত্রের মা) কথায় রিমা বেগম আরও বেশি চেচামেচি শুরু করেন।
_" আপনার ছেলে অন্যায় করেছে আমাদের মেয়ের সাথে। আর আপনি বলছেন শান্ত হতে। আপনার ছেলের যদি বিয়ে করার ইচ্ছা না-ই থাকবে তো আগে বলেনি কেনো? এখন এই অপয়া মেয়েকে কে বিয়ে করবে?"
_"আপা,দয়া করে আমার কথাটা শুনুন। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আয়েশাকে আমার বড় ছেলের বউ করে নিতে চাই।"
ইসমাঈল সাহেব কিছু বলবেন তার পূর্বেই রিমা বেগম বলে উঠেন,
_" আমরা রাজি। এমনি তো এই মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না। আপনার এক ছেলে যেহেতু পালিয়েছে তো আপনারই দায়িত্ব এই আপদ কে আমাদের ঘাড় থেকে নামানো।"
_" এভাবে বলবেন না, আয়েশা খুবই ভালো মেয়ে।"
সবার কথা বার্তাই আয়েশার কানে আসছে। মেয়েটা নিরবে চোখের জল ফেলছে। ওর কিছুই করার নেই। পরিবার যে সিদ্ধান্ত নিবে সেটাই আয়েশাকে মেনে নিতে হবে। নিজের জীবনের হিসাব মিলাতে গিয়ে আয়েশা ক্লান্ত। চোখ দুটো বুজে আসছে। এরই মধ্যে রুমে প্রবেশ করে আয়েশার ছোট বোন আনিয়া। এসেই আয়েশাকে ঝাপটে ধরে।
_" আপু, কাজি চলে আসছে। এখনই তোমার বিয়ে। তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো?"
আয়েশা নিজেকে সামলে নিয়ে আনিয়ার মাথায় হাত বুলিয়ে বলে,
_" যখনই আপুর কথা মনে পড়বে চলে যাবি। তুই তো রিদিদের বাসা চিনিসই।"
_" আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। আম্মু তোমার সাথে কেনো যে এমন করে? এখন তোমার বিয়ে না হলেই তো হত।"
আয়েশা আর কিছুই বলে না। ছোট বোনটা একদম ওকে ছাড়া থাকতে পারে না। ভীষণ ভালোবাসে কি না তার আপুকে।
চলবে...
