#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
শ্যামা অরণ্যের মাথা বুকে নিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। ভেতরটা জ্ব'লে পু'ড়ে শেষ হয়ে যাচ্ছে তার,আজ সে পুরোপুরি নিঃশেষ হয়ে গিয়েছে।
বৃদ্ধ ফকির মুখে চুকচুক শব্দ করে আফসোসের সুরে বলে উঠে,
"এই জন্যই বলেছিলাম সেদিন,এই পথে তুই যেতে চাস কিনা ভালো করে ভেবে নে। এটা তো হওয়ারই ছিলো।"
হঠাৎ ঘরের ভেতর কারো কন্ঠ শুনে চকিতে ফিরে তাকায় শ্যামা। ঘরের জানালার সামনে বৃদ্ধ ফকিরকে দাঁড়িয়ে থাকতে দেখে রাগে ফেটে পড়ে সে, রাগমিশ্রিত সুরে কাঁদতে কাঁদতে বলে শ্যামা,
"কেনো এসেছেন আপনি এখানে?আমার দুঃখের তামাশা দেখতে এসেছেন?আমার অরণ্যকে আমার থেকে কেড়ে নিয়ে মন ভরেনি?আমার কান্না দেখে মজা নিতে এসেছেন?আপনি অনেক খুশি আজকে তাইনা?আমার অরণ্যকে তিলে তিলে মে'রেছেন আপনি। আজ একেবারেই শেষ সে..."
"মূর্খ মেয়ে! মাথা ঠান্ডা কর! তোর স্বামী তোকে কি বলেছে ভুলে গেছিস?শেকল ভঙ্গ হওয়ার সাথে সাথে সেই শেকলের সাথে সেও ভস্ম হয়ে যাবে,সাথে মুছে যাবে তার সকল পার্থিব স্মৃতি। কিন্তু না সেই শেকল ভস্ম হয়েছে না তোর স্বামী,না মুছে গিয়েছে তোর স্মৃতি। খেয়াল আছে সেটা?"
চমকে উঠে শ্যামা। এবার হুঁশ ফিরে তার,খেয়াল করে পর্যবেক্ষণ করে দেখে সে আসলেই সেই শেকল এখনো একপাশে নেতিয়ে পড়ে আছে,অরণ্যও ভস্ম হয়ে মিলিয়ে যায়নি। সে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় ফকিরের দিকে।
বৃদ্ধ ফকির বলতে থাকে,
"তোর আর তোর স্বামীর কলাইয়ে বাধা আমার দেওয়া সেই কালো সুতোর কথা মনে আছে?"
আবার চমকে উঠে শ্যামা। ব্যাপক উত্তেজনায় এতোদিন তাদের কলাইয়ে বাধা সুতো দুটোর কথা ভুলেই গিয়েছিলো সে। এখন মনে পড়ে তার,এই বৃদ্ধ ফকির বলেছিলো, এই সুতো জোড়া তাদের জোড়া চিরকালের মতো বেঁধে দিবে।
মনে পড়তেই এক বুক আশা নিয়ে তাকায় শ্যামা বৃদ্ধ ফকিরের দিকে,
"আপনি কি আমার অরণ্যকে আবার জীবিত করে দিবেন?ওকে ফিরিয়ে দিবেন আমার কাছে?"
"বোকা মেয়ে! যার যাওয়ার সে যাবেই,মৃ'ত মানুষে প্রাণ সঞ্চার করার ক্ষমতা কারো নেই।"
আবার আশাহত হয় শ্যামা,ধরে আসা গলায় বলে সে,
"তাহলে আপনি যে বলেছিলেন এই সুতো আমাদের কলাইয়ে বাধলে ভাগ্য আমাদের জোড়া চিরকালের মতো বেঁধে দিবে?"
"সেই কথাটাই তো বলতে এসেছি মেয়ে। তোর স্বামীর মানুষ সত্ত্বা এখনো বেঁচে আছে,তবে তোর হাতে সময় বেশি নেই। এই জ্বিন সত্ত্বা নামক শেকলটি এখন চন্দ্রগ্রহণ চলাকালীন দুর্বল,আর এই ভাগ্যসুতোর অনেক গুণ।
তাই এই দুর্বল অবস্থায় সেই শেকল এই শক্তিশালী সুতো বাধা অবস্থায় তোর স্বামীর মানুষ সত্ত্বা আর তার দেহকে নিয়ে যেতে পারছেনা তার সাথে।
অপেক্ষা করছে সে চন্দ্রগ্রহণ শেষ হওয়ার। রাতের প্রথম প্রহর শেষ হলে চন্দ্রগ্রহণ শেষ হবে,সেই জ্বিন সত্ত্বা তখন তার শক্তি ফিরে পাবে। এই সুতোর শক্তিও তখন তাকে আঁটকে রাখতে পারবেনা,তোর স্বামীকে সাথে নিয়ে বিলীন হয়ে যাবে সে। তোর কাছে রাত তিনটা পর্যন্ত সময় আছে।"
শ্যামা ব্যস্ত কন্ঠে জিজ্ঞেস করে,
"কি করতে হবে আমাকে ওকে থামাতে হলে?কিভাবে ফিরে পাবো আমি আমার স্বামীকে?"
"তোর স্বামীর শক্তিশালী মানুষ সত্ত্বাকে ফিরিয়ে আনতে হবে। ভাগ্যসুতো এমনি এমনি কারোও ভাগ্য পরিবর্তন করেনা। তার জন্য পরীক্ষা দিতে হয়,সেই পরীক্ষার ফলাফলের উপর ভাগ্য নির্ভর করে। তোকেও একটি কঠিন পরীক্ষা দিতে হবে তোর ভাগ্যে পরিবর্তন আনতে হলে।"
শ্যামা অরণ্যের শরীর আলতো হাতে বিছানায় শুইয়ে দিয়ে চোখ মুছে উঠে দাঁড়ায়,
"কি করতে হবে আমাকে? যেকোনো পরীক্ষা দিতে রাজি আছি আমি। কিন্তু অরণ্য ঠিক হয়ে যাবেন তো আবার?"
বৃদ্ধ ফকির ফ্যাসফ্যাসে গলায় রহস্যময় হাসি হেসে বলে,
"সেটা তো তোর উপর নির্ভর করে রে মেয়ে সে ঠিক হবে কি হবেনা।
শোন সময় বেশি নেই,আমার কথা মন দিয়ে শোন।
তোকে আমি এমন একটা দুনিয়ায় পাঠাবো যেখানে তোর স্বামীর অভিশপ্ত হওয়ার ঘটনা এখনো ঘটেনি,আমার সাথে দেখা হওয়ার আগেই তোকে তাকে ঠেকাতে হবে। সেই দুনিয়ার অরণ্যের হাত ধরে রাত তিনটার মধ্যে এই ঘরের দড়জা খুলে তোকে প্রবেশ করতে হবে। তখন তুই সেই দুনিয়া থেকে মিলিয়ে গিয়ে এই জগতে ফিরে আসবি। তবে তোর ফিরে আসার সেই সামান্য সময়ের মধ্যে দুই দুনিয়ার অরণ্যের মাঝে ভাগ্যসুতোর মাধ্যমে সাময়িক একটা যোগাযোগ স্থাপন হবে। তখন এই দুনিয়ার অরণ্যের দুর্বল মানুষ সত্ত্বা তার ভাগ্যসুতোর মাধ্যমে শক্তি ফিরে পাবে সেই অরণ্যের মানুষ সত্ত্বা থেকে।
এই শেকল তখন আর তাকে কাবু করতে পারবেনা তার শক্তিশালী অবস্থায়,নিয়ে যেতে পারবেনা তোর স্বামীকে। আর সে জেগে উঠবে আবার একজন পরিপূর্ণ মানুষ হিসেবে।
কিন্তু সাবধান মেয়ে,সেই দুনিয়ার রাত তিনটার মধ্যে অরণ্যের হাত ধরে এখানে না ফিরলে চিরতরে আটকে যাবি তুই সেই দুনিয়ায়। তবে ভয় নেই তোর, আমি বলেছিলাম ভাগ্য তোদের জোড়া চিরকালের মতো বেঁধে দিবে।
এই দুনিয়ার অরণ্য তুই ফিরে না আসলে মিলিয়ে গেলেও,ভাগ্যক্রমে সেই দুনিয়ার অরণ্যের সাথে ঠিক কোনো না কোনোভাবে তোর জুটি বেঁধে যাবে।
অবশ্য তুই চাইলে কোনো ঝামেলা ছাড়া একেবারেই সেই অরণ্যের কাছে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিতে পারিস,এই অরণ্যকে বিলীন হয়ে যেতে দিতে পারিস।
এই অরণ্য আর সেই অরণ্য ভিন্ন দুনিয়ার হলেও,একই মানুষ তারা। তোর ভালোবাসা দিয়ে নতুন করে সাজিয়ে নিস তাকে আবার,কি বলিস?"
শ্যামা ভ্রু কুঁচকে তাকায় বৃদ্ধের কুটিল হাসিমাখা মুখের দিকে,রাগে শরীর রি রি করে উঠে তার।
এক সময় ভেবেছিলো এই বুড়ো অনেক ভালো।
কিন্তু একে এই মুহুর্তে তার কাছে সাক্ষাৎ কোনো শয়তানের থেকে কম মনে হচ্ছেনা।
সে দাঁতে দাঁত চেপে বলে উঠে,
"সেটা নাহয় আমার উপর ছেড়ে দিন। আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হবো,আমার স্বামীর কাছে ঠিক ফিরে আসবো আমি।"
বৃদ্ধ ফকির ফিক করে হেসে বলে উঠে,
"তুই ভুলে যাচ্ছিস মেয়ে,জমিদার অরণ্য তালুকদার কেমন মানুষ। তার মনে দয়া মায়া ভালোবাসা বলতে কিছুই নেই,নিজের মাকে পর্যন্ত বিশ্বাস করেনা সে, তার বাবার থেকেও নিষ্ঠুর আচরণ তার। সেই শয়তান কেনো রাজি হবে তোর হাত ধরে তোকে এই ঘরে নিয়ে আসতে?
সে তোকে চেনেনা জানেনা,তোকে সে জমিদার বাড়ির চৌহদ্দিও মাড়াতে দেয় কিনা সন্দেহ। এতো কম সময়ের মাঝে পারবি তুই তার বিশ্বাস অর্জন করতে?"
স্তব্ধ হয়ে যায় শ্যামা,আসলেই তো। এতো কম সময়ে সে সেই হৃদয়হীন অরণ্যকে এখানে নিয়ে আসতে কিভাবে রাজি করাবে?
বৃদ্ধ ফকির তাগাদা দিলেন,
"ভাগ্যের পরীক্ষা এতো সহজ হয়না মেয়ে।
তবে তুই যেতে যখন চাইছিস,আর বিলম্ব করিসনা।
সেই জগতের অরণ্যের সাথে খুব শীঘ্রই আমার দেখা হতে চলেছে। ইতোমধ্যেই সে বেড়িয়ে পড়েছে আম বাগানের উদ্দেশ্যে।"
বলেই সে তার লাঠি তাক করে ঘরের বন্ধ দড়জার দিকে,তীব্র বেগে খুলে যায় বন্ধ দড়জার কপাট আর সাথে সাথে তীব্র সোনালী আলো চোখ ধাঁধিয়ে দেয় তার।
সাথে সাথে উজ্জ্বল সোনালী আলোয় জ্বলে উঠে তার কলাইয়ে বাধা কালো সুতো,তার সুতো থেকে একটি সোনালী সুতো বের হয়ে বেধে যায় শুয়ে থাকা অরণ্যের হাতের কলাইয়ের সুতোটির সাথে।
তার হাতের সুতোটিও সোনালী আলোর মতো জ্বলে উঠেছে এবং তার হাতের সুতো থেকে একটি সোনালী সুতো বের হয়ে হারিয়ে যায় দড়জার সোনালী আলোর মাঝে।
বৃদ্ধ ফকির বলে উঠে,
"এখন তোদের তিন জনের ভাগ্য ই বাধা এই ভাগ্যসুতোর মাধ্যমে।
এই সুতো সোজা গিয়ে বেধেছে সেই দুনিয়ার অরণ্যের কলাইয়ে। এই সুতো তুই ছাড়া অন্য কেউ দেখতে পাবেনা। এই সুতো যেদিক গিয়েছে তা ধরে এগোলে পেয়ে যাবি তুই সেই দুনিয়ার অরণ্যের দেখা।
বাকিটা সব তোর উপর নির্ভর করছে,তুই কি ফিরে আসতে পারবি নাকি আটকে যাবি চিরতরে?
যা আর বিলম্ব করিসনা,তোর আগে তার আমার সাথে দেখা হয়ে গেলে কিন্তু সব শেষ। সে অভিশপ্ত হওয়ার পর তুই তাকে এখানে নিয়ে আসতে পারলেও লাভ হবেনা কিন্তু।"
শ্যামা এমন কথা শুনে আর এক মুহুর্তও দাঁড়ালোনা। যা হওয়ার দেখা যাবে। সেই দুনিয়ার অরণ্যকে কিভাবে মানাবে এখানে আনার জন্য সেটাও পরে দেখা যাবে। আপাতত তাকে যেতেই হবে।
শ্যামা দ্রুত কদমে হারিয়ে যায় খোলা দড়জার সেই সোনালী আলোর মধ্যে। শ্যামা সেই দুনিয়ায় প্রবেশ করতেই দড়জাটি সশব্দে আবার বন্ধ হয়ে যায়।
বৃদ্ধ ফকির ফিরে তাকায় অনুভূতিহীন অরণ্যের শুয়ে থাকা দেহটার দিকে। এগিয়ে গিয়ে ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে মাথায় হাত রাখে তার।
আক্ষেপের স্বরে স্বগতোক্তি করে বৃদ্ধ জ্বীন,
"আমাকে ক্ষমা করে দিস চারু মা। তোর কষ্ট গুলো আমার আর সহ্য হয়নি,অন্তত তোর ছেলেকে আমি তোর কাছে ফিরিয়ে দিতে চেয়েছিলাম।
ভেবেছিলাম এই অবস্থা হলে তোর ছেলে তার বাবা আর আশেপাশের মানুষদের আসল রূপ বুঝতে পারবে,আর জানতে পারবে একমাত্র তুই ই আপনজন তার।
পরে তুই তোর ছেলের অভিশাপ ভেঙ্গে দিতিস আর তোর ছেলে তোর মনের মতো হয়ে যেতো।
কিন্তু আমি কখনো কল্পনাও করিনি চন্দ্রগ্রহণের আগেই এতো বড় একটা ঘটনা ঘটে যাবে,আমার দেওয়া অভিশাপ তোর আর তোর ছেলের জীবন এভাবে ধ্বংস করে দিবে।
সত্যিই আমাদের জ্বীনদের কোনো মানুষের প্রতি ভালোবাসা দেখাতে নেই,হিতে বিপরীত হয় তাতে।
আমাকে পারলে ক্ষমা করে দিস। তবে চিন্তা করিসনা মা, তোর ছেলে অনেক ভালো জীবনসঙ্গী খুঁজে পেয়েছে।
সে ই পারবে তোর ছেলেকে একটা সুন্দর জীবন উপহার দিতে,আর ভাগ্যে থাকলে সেই দুনিয়ায় তুই অনেক জলদি তোর ছেলেকে ফিরে পেতে চলেছিস। ভালো থাকিস তুই যেখানেই আছিস এটাই আশা করি।"
কথা শেষ করেই অশ্রুসিক্ত নয়নে বিদায় নেয় বৃদ্ধ সেখান থেকে।
চোখ ধাঁধানো সোনালী আলো মিলিয়ে গিয়ে চোখ সয়ে আসতেই শ্যামা নিজেকে একটি কাঁচা মেঠো রাস্তার মাঝখানে দাঁড়ানো আবিষ্কার করে।
১০৪ বছর আগের এই অজপাড়া গ্রামের সাথে তার দেখা সেই উন্নতির ছোঁয়া লাগা গ্রামের কোনো মিল নেই।
রাস্তার পাশ দিয়ে যতদূর চোখ যায় শুধু ফসলি জমি,দূরে কিছু কৃষক তপ্ত রোদ থেকে বাঁচার জন্য গাছের তলায় বিশ্রাম নিচ্ছে। তাকে খেয়াল করেনি তারা।
অরণ্যের ভাষ্যমতে সে বিকেল তিনটার পর বেরিয়েছিলো আম বাগানের উদ্দেশ্য,পশ্চিম দিকে সেই আম বাগান।
সেই সোনালী উজ্জ্বল সুতোটিও এই মেঠোপথ পেরিয়ে পশ্চিম দিকে চলে গিয়েছে।
তার মানে এই দুনিয়ার অরণ্য অনেক এগিয়ে গিয়েছে আম বাগানের পথে।
আঁতকে উঠে শ্যামা, সে সময়মতো পৌছাতে পারবে তো?এর আগেই যদি অরণ্যের দেখা হয়ে যায় জ্বীনের সাথে?
শ্যামা এক মুহুর্তও বিলম্ব না করে সর্বশক্তি দিয়ে ছুটতে থাকে সেই সোনালী সুতোকে অনুসরণ করে।
ভারী লাল বেনারসি,গা ভর্তি ভারী গয়না পরে ছুটতে গেলেও বেশি জোরে দৌড়াতে পারেনা সে।
পথিমধ্যে আশেপাশের লোক আশ্চর্য হয়ে তাকায় তার দিকে,
বধুবেশে এক রমণী দিন দুপুরে এমন উচ্ছৃঙ্খল ভাবে ছুটছে, এটা এই যুগের গ্রামের মানুষদের কাছে আশ্চর্যের বিষয়ই বটে।
কিন্তু শ্যামার এখন লোকলজ্জার তোয়াজ করার সময় নেই।
এক মুহুর্তের বিলম্ব তার ভাগ্যকে পুরোপুরি বদলে দিবে।
কিন্তু সে তো নির্ধারিত ভাগ্য চায়না,নিজের কাঙ্ক্ষিত ভাগ্য নিজে আদায় করে নিতে চায়।
ভারী শাড়ি গয়না নিয়ে ছুটতে গিয়ে হাঁপিয়ে উঠে শ্যামা,খালি পায়ে পাথরের খোঁচা লেগে ছিলে রক্ত বের হতে থাকে। তবুও সে থামেনা।
অরণ্য বলেছিলেন বেশ খানিকটা দূরে সেই আম বাগান।
এভাবে অনেকক্ষণ দৌড়ানোর পর অবশেষে সে সেই আম বাগানের প্রাচীর আর প্রবেশমুখ দেখতে পায়।
মনে মনে প্রার্থনা করতে থাকে শ্যামা,সে যেনো সময়মতো পৌছে যায়।
আম বাগানের প্রবেশমুখে কোনো প্রহরী না থাকায় অনায়াসে প্রবেশ করে শ্যামা। উত্তেজনায় বুক কাঁপছে তার। দৌড়ানোর ফলে শ্বাস নিতে সমস্যা হচ্ছে,একটু দাঁড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলে ভালো হতো।
কিন্তু সে দাঁড়ালোনা,দেরি হয়ে যাবে তাহলে।
সোনালী সুতোকে অনুসরণ করে বড়ো বড়ো আম গাছগুলো পেছনে ফেলে ছুটতে ছুটতে এক সময় কিছুটা সামনে থেকে অরণ্যের রাগী কন্ঠস্বর ভেসে আসে তার কানে,
"আমার বাগানে এসে ঘাটি গাড়ার সাহস দেখিয়েছিস,তাহলে এখন লুকিয়ে আছিস কেনো?সাহস থাকলে সামনে আয়!"
আতঙ্কে শ্যামার হৃদপিণ্ড গলার কাছে চলে আসে যেনো।
শ্যামা তার সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠে,
"অরণ্য!!!!!"
(চলবে)
