#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
বর্তমানঃ
==
শ্যামা অবাক হয়ে মাথা তুলে তাকায় অরণ্যের মুখের দিকে। অরণ্য বুঝতে পেরে বললো,
"হ্যাঁ এই বৃদ্ধ ফকিরটির সাথে নাকি তোমার দেখা হয়েছে। তার সাথে আমার আবার দেখা হয়েছিলো কিছুদিন আগে, এটা তিনি বলেছিলেন আমাকে। সেই কথাও পরে আসবে।"
শ্যামা মাথা নামিয়ে আবার অরণ্যের বুকে মাথা রেখে বলে,
"তারপর কি হয়েছিলো?"
"তারপর শুরু হয় আমার এই অভিশপ্ত জীবন। সেই বিকেলে আম বাগানে জ্ঞান হারিয়েছিলাম আমি।
আমাকে যখন রক্ষীরা বাড়ি নিয়ে আসে সবাই ভেবেছিলো আমি অসুস্থ।
এমনকি সন্ধ্যায় জ্ঞান ফেরার পর আমিও বিষয়টাকে মনের ভুল ভেবে উড়িয়ে দিতে চেয়েছিলাম।
আমার অসুস্থতার কথা শুনে মা পর্যন্ত সব অভিমান ফেলে সেদিন আমার ঘরে ছুটে এসেছিলেন।
আমি সবাইকে আশ্বস্ত করেছিলাম সেদিনের মতো।
কিন্তু আসল ভীবিষিকা শুরু হয় পরের দিন থেকে।
তখন আমার অবস্থা বর্তমানে যা দেখেছো,তার চেয়েও করুণ ছিলো।
দিনের প্রহর শুরু হতেই আকস্মিক শুরু হয় শরীরের অসহ্য যন্ত্রণা,যেনো আমার শরীরের সব অঙ্গকে সহস্র চাকু দিয়ে একসাথে আঘা'ত করা হচ্ছে।
জানালা গলে আসা সূর্যের আলো যেনো ঝলসে দিচ্ছে আমার পুরো শরীর,আমাকে আষ্টেপৃষ্টে পেঁচিয়ে রেখেছে এই শেকল,নড়তেও পারছিলাম না আমি।শুধু ব্যথায় আর্তনাদ করা ছাড়া আমি আর কিছুই করতে পারছিলাম না।
আমার চিৎকার শুনে বাবা-মা সবাই ছুটে আসে আমার ঘরে। সেদিন এক আশ্চর্যের ব্যাপার আবিষ্কার করি আমি।
এই শেকল আমি ব্যতীত আমার মা ছাড়া কেউ দেখতে পায়না। মা তো আমার এই অবস্থা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। বাকিরা শুধু ধরে নিলো আমি অসুস্থ।
তাদেরকে মা শেকলের কথা জানালেও তারা মায়ের কথা পা'গলের প্রলাপ ভেবে গুরুত্ব দেয়নি।
সেদিন প্রথমবার টের পাই আমি যন্ত্রণা কি জিনিস,গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে,পেটের ক্ষিধে অনুভব হচ্ছে কিন্তু আমি একটা আঙুল নাড়ানোর অবস্থায় পর্যন্ত নেই,কিছু খাওয়া দূরের কথা।
সারাদিনের যন্ত্রণা শেষে সন্ধ্যায় আমি নেতিয়ে পড়ি,
রাত বারোটায় হুঁশ ফিরে আমার,তখন শরীরে এক আশ্চর্য পরিমাণ শক্তি অনুভব করি আমি,যেনো আমি যেকোনো কিছু করতে পারবো এই মুহুর্তে।
কিন্তু সেই ক্ষমতাগুলো কি,এদের কিভাবে ব্যবহার করতে হয় তখন আমি কিছুই জানতাম না,আর সেই মুহুর্তে জানার অবস্থাতেও ছিলাম না আমি।
চরম আতঙ্ক আমাকে তখন আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছিলো,জীবনে প্রথমবার ভয় নামের অনুভূতিটার সাথে পরিচয় হয় আমার।
চোখ খুলে যখন আমার শিয়রে মাকে বসে থাকতে দেখি আমি তখন ভয়ে কাঁদতে কাঁদতে আম বাগানে ঘটে যাওয়া সবকিছু জানাই তাকে।
সব শুনে তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন,কিন্তু পরে তিনি আশ্বস্ত করেন আমাকে। অন্য কেউ সেই শেকল দেখতে পায়নি কিন্তু তিনি পেয়েছেন। তার মানে তিনি পারবেন এই অভিশাপ থেকে মুক্ত করতে আমাকে। এখন শুধু চন্দ্রগ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তখন আমি সত্যি একটু আশ্বস্ত হয়েছিলাম,তাহলে আমাকে বেশি অপেক্ষা করতে হবেনা। মা ই সেই ব্যক্তি যে আমাকে নিঃস্বার্থ ভালোবাসে।
সকাল বেলা মা বাবাকে আমার সব খুলে বললেও তিনি বিশ্বাস করেননি। তার কথা হলো যদি ভালোবাসার মানুষই সেই শেকল দেখতে পারে,তাহলে তিনি দেখতে পাচ্ছেন না কেনো?
তিনি কি আমাকে মায়ের থেকে কম ভালোবাসেন নাকি?উল্টো মায়ের থেকে বেশি ভালোবাসা দিয়েছেন তিনি আমাকে। এই প্রশ্নটা আমার মনেও এসেছিলো কিন্তু এর উত্তরের জন্য আমাকে বেশি অপেক্ষা করতে হয়নি।
বাবা যেহেতু বিশ্বাস করেননি আমার অভিশপ্ত হওয়ার কথা,তাই আমার অবস্থাকে অসুস্থতা হিসেবেই গণ্য করা হলো।
তিনি আমার জন্য ডাক্তার,কবিরাজ,ওঝা সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। কিন্তু ফলাফল শূন্য।
কেউ এই রোগ ধরতে পারলো না,সবার একি জবাব যে
এটা বড়ো দুরারোগ্য অসুখ ,এটা থেকে সেড়ে উঠা অসম্ভব।
বাবা অনেক আশাহত হয়েছিলেন এবং তারচেয়ে বেশি আশাহত হয়েছিলাম আমি।
দিনের পর দিন এই অমানুষিক যন্ত্রণা সহ্য করার সময় যখন চরম ভয় আমাকে গ্রাস করতো,তখন কোনো নিরাময় থেকেও বেশি চাইতাম আমার পাশে কেউ থাকুক,আমার ভয় কম লাগবে। মা সবসময়ই ছিলেন আমার পাশে,কিন্তু বাবা একবারও এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেননি সব ঠিক হয়ে যাবে।
আমি তার আরও ভিন্ন রূপ দেখেছিলাম যখন তিনি বুঝলেন আমি আর সেরে উঠবো না।
ইতোমধ্যে তিনি আমায় দেখতে আসা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। তার চিন্তা তখন এই জমিদারি ভার কে সামলাবে,নতুন জমিদার কে হবে,ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে কিনা এসব নিয়ে।
আমি আমার ঘরে বসে সব দেখতে এবং শুনতে পেতাম আশ্চর্যজনকভাবে।
আমর জ্বিন সত্ত্বা রাত বারোটার আগে তার সব ক্ষমতা আমাকে না দিলেও,সে আমার শরীরের অংশ। তার দৃষ্টিশক্তি এবং শ্রবণশক্তি প্রচন্ড প্রখর ছিলো।
সে দিনের বেলায়ও ইচ্ছে করে আমাকে এসব দেখাতো এবং শোনাতো,যেনো আমার কষ্টের মাত্রা আরও বাড়াতে চায় সে।
আমি সত্যি অনেক কষ্ট পাচ্ছিলাম তখন।
নিজের প্রিয় বাবা যাকে আমি ছোট থেকে অন্ধের মতো বিশ্বাস করতাম তার এমন স্বার্থপর ব্যবহার,যেনো আমি কোনো অকেজো যন্ত্র যার ব্যবহার ফুরিয়ে গিয়েছে তাই তাকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে, যে মানুষগুলো আমার সামনে মাথা ঝুঁকিয়ে চলতো তারা এখন আমাকে আর গোনায় ধরেনা,সৎ মা আর সৎ ভাইদের আনন্দ উল্লাস সবকিছু আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিলো।
এতোকিছুর মাঝে শুধু একটা মানুষ আমার পাশে ছিলো,সেটা হলো আমার মা।
সকাল থেকে রাত পুরোটা সময় তিনি আমার পাশে থাকতেন।তার অসুস্থ শরীর নিয়ে একাই আমার শুশ্রূষা করতেন।
আমার অন্ধকার সময়ের একমাত্র আলো ছিলেন আমার মা।
আর কেউ বিশ্বাস করুক না করুক আমরা তো বিশ্বাস করি,চন্দ্রগ্রহণের পর সব ঠিক হয়ে যাবে।জ্বিন সত্ত্বা তখনো পুরোপুরি গ্রাস করেনি আমাকে। আমরা দুজন মুখ বুঁজে সেই দিনটার অপেক্ষা করছিলাম শুধু।
আমি ততোদিনে কে আমার আপন,কে পর সব বুঝে গিয়েছিলাম।
মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম সুস্থ হয়ে উঠলে আর কোনোদিন মায়ের অবাধ্য হবোনা,আর এই স্বার্থপর মানুষ সবগুলো থেকে তাকে নিয়ে অনেক দূরে চলে যাবো।
মাসের অর্ধেক বাকি ছিলো চন্দ্রগ্রহণের,তখন আমার সৎ ভাই রোকন লোকমুখে ছড়িয়ে দেয় জমিদার অরণ্য তালুকদার দুরারোগ্য রোগে আক্রান্ত,তিনি আর সেড়ে উঠবেন না।
বাবা আমার অসুস্থ হওয়ার কথা গোপন রাখতে চেয়েছিলেন যতদিন সবকিছু সামলে না উঠে।
কিন্তু আমার ভাইয়ের তর সয়নি তখন আমাকে নিয়ে হাসি-ঠাট্টা করার,সে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত ছিল আমার অবস্থা নিয়ে তাই এই খুশির খবর সবাইকে শোনাতে তার আর অপেক্ষা সয়নি।
নির্বোধ ছেলে,ঘুণাক্ষরেও টের পায়নি স্বয়ং নিজের মৃ'ত্যুকে
দাওয়াত দিয়ে এসেছে সে।
আমার জমিদারিকালে আমি যতটা ক্ষমতা অর্জন করেছিলাম তার থেকেও বেশি অর্জন করেছিলাম শত্রু।
যাদের কে পদদলিত করে আমি সবার উপরে উঠেছি তারা তো এই সুযোগেরই অপেক্ষায় ছিলো যে কখন আমি দুর্বল হবো আর তারা আমাকে আঘা'ত করবে।
আমার কাছে জমিদারি হারিয়ে নিঃস্ব জমিদাররা ও তাদের সমর্থকেরা,এমনকি দুর্দশায় জর্জরিত সাধারণ মানুষগুলোরও প্রচন্ড ক্ষোভ ছিলো এই জমিদার বংশের উপর।
তারা একজোট হয়ে গোপনে বিদ্রোহ পরিকল্পনা শুরু করে তালুকদার বংশের উপর।
চন্দ্রগ্রহণ হওয়ার কথা ছিলো সেদিন রাতে। সেই দিন জ্বিন সত্ত্বা আমাকে দেখায়,তারা আসছে,আজকে জমিদার বাড়ির সবাইকে জ্যান্ত পু'ড়িয়ে মা'রা হবে এই পরিকল্পনা নিয়ে।
চরম আতঙ্ক তখন পুরোপুরি গ্রাস করে আমাকে,দিশেহারা হয়ে পড়ি আমি।
আমার এই দুনিয়াদারি,এই জমিদার বাড়ি,এখানের কোনো মানুষের প্রতি আর কোনো মায়া অবশিষ্ট ছিলোনা তখন।
আমার সব চিন্তাজুড়ে তখন একটাই বিষয় ঘুরছিলো,
আমার পাশে বসে থাকা আমার একমাত্র ভালোবাসার মানুষটার প্রাণ সংকটে আছে।
এখানে থাকলে মে'রে ফেলবে তারা তাকে। কিন্তু আমি কোনোমতেই বলতে পারছিনা সেটা।
সন্ধ্যা নামতেই যখন সেই শেকল আমাকে ছেড়ে দেয় তখন আমি নেতিয়ে পড়ার আগে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে মাকে বলেছিলাম 'পালাও,বিপদ'।
কিন্তু মা হয়তো বুঝেন নি আমার কথা বা বুঝলেও শেষ পর্যন্ত আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারেননি তিনি।
সেই সন্ধ্যায় অন্ধকার একটু গাঢ় হতেই জমিদার বাড়ি চারদিকে ঘেরাও করে বিদ্রোহীরা।
তারা সংখ্যায় অনেক বেশি ছিলো,জমিদার বাড়ির রক্ষীরাও পেড়ে উঠেনি তাদের সাথে,তাদেরকেই সর্বপ্রথম হ'ত্যা করা হয়।
ততক্ষণে জমিদার বাড়ির সকলে বুঝে গিয়েছে কি ঘটতে চলেছে তাদের সাথে,
মা ও বুঝে গিয়েছিলেন,কিন্তু তবুও তিনি বাকিদের মতো পালানোর চেষ্টা করলেন না।
আমার মা টা ভীষণ সহজ সরল ছিলেন,এটুকুও বুঝেনি ওরা শত চেষ্টা করলেও আমাকে হ'ত্যা করতে পারবেনা আমার অভিশাপের কারণে,তার নিজের প্রাণের চিন্তা করা উচিত। কিন্তু তিনি এক পা ও সরলেন না আমার পাশ থেকে।
বিদ্রোহীরা অবশ্য কাউকে পালাতে দেয়নি,এমনকি চাকরদেরও নয়। তারা জমিদার বাড়ির সবাইকে টেনে হিঁচড়ে বের করে এনে বাগানে জড়ো করে।
মা আর আমাকে যখন আমাদের ঘর থেকে তুলে আনা হচ্ছিলো তিনি তখন শুধু বারবার মিনতি করছিলেন আমাকে ছেড়ে দেওয়ার জন্য।
আমার শরীর তখন দুর্বল হলেও আমার পুরো হুঁশ ছিলো।
আমি বারবার মনে মনে আওড়াচ্ছিলাম,
'মা পালিয়ে যাও এখান থেকে,আমার কিচ্ছু হবেনা,তুমি পালাও'
কিন্তু সেই কথা তার কান অবধি পৌছালোনা।
যেখানে আমার প্রিয় বাবা ভাই সবাই তাদের প্রাণ ভিক্ষা চাইছিলেন আর বলছিলেন যে যা করেছি আমি করেছি,তাদের কোনো দোষ নেই,শাস্তি দিলে আমাকে দিতে।
কিন্তু আমার দ্বারা সারাজীবন অবহেলিত মা উনার শেষ নিঃশ্বাস পর্যন্ত বলে চলেছিলেন 'আমার ছেলেকে ছেড়ে দাও,ও আর কোনো ভুল করবেনা,এবারের মতো ছেড়ে দাও ওকে'।
বিদ্রোহীরা দুই পক্ষের কারোও কথা ই শুনেনি। তারা সবার আগে তাদের গয়নাগাটি দামী জিনিস সব ছিনিয়ে নেয়,তারপর সবাইকে সমানভাবে অত্যা'চার করতে থাকে। সেসব আঘা'ত আমাকে এতোটুকুও কষ্ট দিতে পারেনি। কিন্তু আমার চোখের সামনে আমার মাকে র'ক্তা'ক্ত হতে দেখা আমার জীবনের সবচেয়ে বড়ো শাস্তি ছিলো, আমি তখন তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারিনি,এটা এখনো কষ্ট দেয় আমাকে।
মায়ের শরীরে করা প্রত্যেকটা আঘা'তের সাথে বাড়তে থাকে আমার ক্রোধ। সেই ক্রোধ পুরোপুরি গ্রাস করে আমাকে যখন জমিদার বাড়ির সকলে র'ক্তা'ক্ত অবস্থায় নেতিয়ে পড়ে,আর বিদ্রোহীরা তাদের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
মা তার নিভু নিভু চোখে তাকিয়ে ছিলেন আমার দিকে,তার চোখের পানি,তার র'ক্তা'ক্ত শরীর আমার ভেতরটা ভেঙ্গে পুরোপুরি গুড়িয়ে দিয়েছিলো। সেইদিন সেই মুহুর্তে বুঝতে পারি আমি মাকে কতটা ভালোবাসি,তাকে হারিয়ে ফেলছি আমি একটু একটু করে এই ভাবনাটা সহ্য হচ্ছিলো না আমার।
আমার শরীরের আগুন আমাকে একটুও জ্বা'লাতে পারেনি,আমি সম্পূর্ণ সজাগ ছিলাম।
আমার মায়ের দেহকে আমার সামনে আগুনে পুড়তে দেখছিলাম,তার আর্ত'নাদ শুনছিলাম।
আমার ভেতরের ক্রোধ এবং অন্ধকার সময়ের সাথে বাড়তে থাকে। এক সময় রাত বারোটা বাজলো।
আমার শরীরে অসীম ক্ষমতার সঞ্চার হলো,সাথে সাথে যেনো আমার পুরো বোধশক্তি লোপ পেলো।
আমি তখন কি করছি,কেনো করছি,আশেপাশে কি হচ্ছে সব ভুলে গিয়েছিলাম যেনো। র'ক্তের নেশা পেয়ে বসেছিলো আমায়,মাথায় শুধু একটা ধ্বনি শুনতে পাচ্ছিলাম আমি 'ছিড়ে ফেলো,সবকটাকে ছিড়ে ফেলো'।
আমার জ্বিন সত্ত্বা আমার দুর্বল মানুষ সত্ত্বাকে পুরোপুরি আয়ত্ত্ব করেছিলো সেদিন।
আমার হুঁশ ফিরে যখন চাঁদকে অন্ধকার পুরোপুরি গ্রাস করে,আমার শেকল দৃশ্যমান হয়,আমার জ্বীন সত্ত্বা শক্তিহীন হয়ে পড়ে।
যখন হুঁশ ফিরে তখন আশেপাশে ভয়ার্ত চোখে তাকিয়ে দেখি আমি, একটি ছিন্ন ভিন্ন লা'শের স্তুপের মাঝখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় আবিষ্কার করি নিজেকে।
ঘোর কাটতেই মনে পড়ে আমার মায়ের কথা। শেকল দৃশ্যমান হলেও আমার শরীরে তা দিনের মতো কোনো প্রভাব ফেলেনি। আমি ছুটে যাই সেখানে যেখানে মা ছিলেন।
কিন্তু সব শেষ ততক্ষণে। এক দলা পুড়ে ছার'খার হয়ে যাওয়া দেহাবশেষ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই সেখানে।"
বলতে বলতেই হাঁপাতে থাকে অরণ্য,তার চোখ বেয়ে আবার অঝোরে অশ্রু গড়াতে থাকে সেই দিনটার স্মৃতিচারণ করতে গিয়ে।
শ্যামার নিজের এমন ভয়ংকর দৃশ্য কল্পনা করতেও বুক কাঁপছে,অরণ্যের জন্য নিজের চোখের সামনে এসব ঘটতে দেখা কতোটা কষ্টকর ছিলো সেটা সে কল্পনাও করতে পারছেনা।
শ্যামা একটু উঁচু হয়ে বসে অরণ্যের মাথা নিজের বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে।
কি বলে শান্তনা দিবে বুঝে উঠতে পারছেনা সে।
অরণ্য একটু ধাতস্থ হয়ে আবার বলতে থাকে,
"মায়ের লা'শটা বুকে নিয়ে শান্তিতে কাঁদার সময়টুকুও পাইনি আমি। দিনের আলো ফুটলে আবার বন্দী হতে হবে।
তার আগেই মাকে নিজ হাতে পুকুরপাড়ে সমাধিস্থ করি আমি। আসার সময় শেষ চিহ্ন হিসেবে মায়ের বালা জোড়া নিয়ে এসেছিলাম।
শোকে পুরোপুরি পাথর হয়ে গিয়েছিলাম আমি সেই সময়।
পাতালঘরের সিন্দুকগুলোতে তখনও উপচে পড়া ধন-সম্পদ ছিলো,এত্তো বড়ো জমিদার বাড়ি পুরোটাই আমার ছিলো,আমার ভয়ে তখনো মানুষ এদিকে পা মাড়ানোর সাহস পেতোনা,কটু চোখে তাকানোর বা মায়া দয়া ভালোবাসা দেখানোর কোনো মানুষ অবশিষ্ট ছিলোনা আমার জীবনে।
কিন্তু এই সবকিছুই যেনো অসহ্য ছিলো,শূন্যতা কুঁড়ে কুঁড়ে খাচ্ছিলো আমাকে।
সব হারিয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে গিয়েছিলাম আমি।
আমার মন দুনিয়ার সকল ধন-সম্পদের বদলে হলেও আমার মাকে ফেরত পেতে চেয়েছিলো তখন,কিন্তু এটা এখন কক্ষনো সম্ভব না।"
(চলবে)
