#এক_বনে_দুই_বাঘ ‘নক্ষত্রদের মৃত্যু নেই’
১৩.
®রোজা রহমান নাঈমা
‘
মালিথা ভিলায় তুষার-বৃষ্টির কমতির সমাপ্তি হতে যাচ্ছে অতি শিঘ্রই। তুষার প্রশিক্ষণ শেষ করে ফিরছে। বিকেলের দিকে পরিবারের সাথে নিয়মমাফিক ফোনকলে কথা বলার সময়ই সে জানিয়েছে—পরশুদিন অর্থাৎ ২২ জানুয়ারি সে ফিরছে৷ এবং ফেব্রুয়ারি থেকে তার ফিল্ড অ্যাটাচমেন্ট শুরু হবে।
তুষার আসার খবর বিকেলেই মালিথা ভিলার পরিবেশটাকে চোখের পলকে পাল্টে দিয়েছে। বাড়ির বড় ছেলেটা যখন জন্ম নিয়েছিল, ঠিক ওইরকম আনন্দ দেখা দিয়েছে মালিথা ভিলার সদস্যদের মাঝে। মা জাকিয়া জামানও সেই একইরকম ভাবে উচ্ছ্বসিত হচ্ছেন বলে মনে হচ্ছে। তাঁর মাতৃসত্ত্বা সেই প্রথমবার মা হওয়ার আনন্দের মতোই পরমানন্দয় ছেয়ে গেছে৷ তাঁর বড় মানিক অর্থাৎ প্রথম সন্তান দীর্ঘ সময় পর বাড়িতে ফিরছে, সেটাও আবার সফলতা মাথায় করে নিয়ে, আনন্দ হবে না বুঝি? এই আনন্দ অনির্বচনীয়!
সন্তান জন্মের পর তাকে সুস্থ ও সঠিকভাবে লালন-পালন করার চিন্তা অত্যাধিক পরিমাণে থাকে একমাত্র মাতা-পিতার। সন্তানকে সঠিক শিক্ষায় লালন-পালন করে সফলতার শিখরে পৌঁছাতে দেখাটা হয় মাতা-পিতার অতি আকাঙ্ক্ষায়িত স্বপ্ন। অবশেষে সেই স্বপ্ন জাকিয়া জামান ও জাকির মালিথার পূরণ হচ্ছে। ব্যাপারটা ভীষণ আলাদা বটে!
জাকিয়া ছেলের জন্য কী করবেন না করবেন তা আজ থেকেই বুঝে উঠতে পারছেন না যেন। এতটাই উদগ্রীব তিনি বড় ছেলের জন্য হয়ে উঠেছেন। সন্ধ্যা ক্ষণের চা-নাস্তায় বড়দের মাঝে আলোচিত বিষয় হয়ে উঠেছে তুষার। সেই সঙ্গে সঙ্গে বৃষ্টিও। বড়দের মাঝে বৃষ্টিকে নিয়ে আলোচনা চলছে। তুষার এলে বৃষ্টিকে মালিথা ভিলায় আনা যাবে কী, যাবে না, নাকি শুধুই বৃষ্টির বাড়ির সদস্যদের ডাকা উচিত। এছাড়া এঙ্গেজমেন্ট অনুষ্ঠানও করা উচিত বলে মনে করছেন বড়রা। যেহেতু শুধুমাত্র বৃষ্টিকেই আঙটি পরিয়ে রেখে আসা হয়েছে, এখানে অনুষ্ঠান করে আত্মীয়-স্বজনদের বিয়ের বিষয়টা জানানোর প্রয়োজনীয়তা অনুভব করছেন জাকিয়া৷
আম্বিয়া আলোচনার মাঝে বললেন,
“ সেটা তো আমরা ভাবছি, বুবু। তবে কথা হচ্ছে, বৃষ্টির পরিবার কীভাবে নেবে বিষয়টাও জানতে হবে। ওনারা যেহেতু গ্রামের মাঝে থাকেন৷ এসব বিষয়ে আশেপাশের লোকজনের কথা ওঠার পরোয়া ওঁনারা করবেন না, তার নিশ্চয়তা তো আমরা এখনই দিতে পারছি না। সবচেয়ে ভালো হয়, তুষার কী চায় সেটা জেনে নিলে।”
জাকিয়া জামান সম্মতি সূচক মাথা ঝাঁকিয়ে বললেন,
“ এটাই ভালো মনে হয়৷ তুষারের সাথে আগে বসে নিই। তারপর না হয় দেখা যাবে, কী করা যায়। ওরা চাইলেই আমরা আয়োজন করব, না চাইলে শুধু বৃষ্টির বাবাদের আসতে বলে দেব, কী বলিস?”
“ হ্যাঁ, এটাই। এটাই ভালো হয়৷”
ওঁনারা আরো কিছু আলাপআলোচনা চালিয়ে গেলেন৷ মালিথা ভিলার তিন কর্ত্রী এমনই৷ তিন কর্ত্রী একে অপরকে এতটাই গুরুত্ব দেন, যে তা থেকে সহজেই সবার মাঝে একটি সরলতার পাহাড় তৈরি করে ফেলে। সবার সব সন্তানের বিষয়াদি নিয়েও সবার মাঝে পরামর্শের মতো ব্যাপার ঘটে। এখানেই তাদের মেলবন্ধনটা অসম্ভব ভাবে নজরে আসার মতো। বাড়িটাই যে এমন! এখানে সুখ অক্লান্ত পরিশ্রম করে।
.
শশী আর কুয়াশা দু’জনে নীহারের কক্ষে ভিড় জমিয়েছে। সেখানে শিশির আর হিম উপস্থিত ছিল আগে থেকে। তুহিন বিকেলে কোনো একটা কাজে বেরিয়েছিল এখনও বাড়িতে ফেরেনি। কক্ষে হিম আর শিশিরের মাঝে বেশি ভাব দেখা যাচ্ছে। কুয়াশা তো এমনি এমনি বলে না— ভাইকা চামচা!
হিম শিশির ভাইয়ের সাথে গেইম খেলছিল, তখন কুয়াশারা কক্ষে ঢোকে। বলা যায় শিশিরের শান্তি তখনই কক্ষ থেকে পালিয়ে গেছে আপনা-আপনি। তবে শিশিরের মনোযোগ তখনও গেইম থেকে সরে না। বেশ মনোযোগী ছিল সে গেইম খেলায়। কুয়াশা আর শশী এসেই নীহারের সাথে তুষার ফেরার আনন্দ-উল্লাসে মেতে উঠেছে। সাথে তাদের ভাই ফেরার কিছু পরিকল্পনা চলেছে আরকি। আর এদিকে ভাই-বোনদের আড্ডাবাজির মাঝে সবচেয়ে কমন বিষয় হলো— শিশির কুয়াশা যেখানে এসঙ্গে থাকবে, সেখানেই তাদের ঠোকাঠুকি বাঁধাটা অত্যাবশ্যকীয়। বিষয়টা এমন যে- আড্ডাবাজি হবে আর শিশির কুয়াশার ঝগড়া হবে না তাই কখনো হয় নাকি?
কুয়াশার অতিরিক্ত আনন্দ তো বাড়ির একজনের দু’চোক্ষের বিষ। তাই কুয়াশা যখন অতি আনন্দ প্রকাশ করতে মগ্ন, তখন শিশির বিরক্তিতে চ’ সূচক ধ্বনি উচ্চারণ করে বলে ওঠে,
“ তোর হাওয়া মানেই আমার চরম মাথা ব্যথা। এলি কোথায় তুই? এত আনন্দ কোত্থেকে আসে তোর?”
কুয়াশা সে কথায় চেঁতে উঠল। তার আনন্দগুলো যে এই ছেলের পূর্ব থেকে অসহ্যের কারণ, সেটা দেখলেও কুয়াশার মেজাজ চড়ে যায়। যেন অপরাধ না করেও শিশিরের কাছে সে অপরাধী৷ আর সারাজীবনই এটা থাকবে বলে মনে হয়৷ একটা মানুষ কখনো অপরাধ না করেও অপরাধী হতে চায়? কুয়াশাও চায় না৷ তার মনে হয় শিশিরের মাথাটা ফাটিয়ে দিয়ে কবরে শায়িত করে আসতে পারলে কিছুটা শান্তি মিললেও মিলতে পারে তার।
কুয়াশা বেজায় ক্রোধে শিশিরকে বলল,
“ তুমি কি জানো, তুমি একটা পাকা ইবলিশ শয়তান?”
“ শয়তান আবার কাঁচা হয় কীভাবে?”
ভ্রু’জোড়া আরো বেশি কুঁচকে গেছে শিশিরের। চোখে-মুখে তার বিরক্তির অন্ত নেই। কুয়াশা আরো ফোঁসফোঁস করে উঠল মনে হয়৷ সারাদিন শয়তানের মতোই লেগে থাকে তার পেছনে৷ সে শিশিরকে খাব খাব একটা ভাব নিয়ে ঝাঁঝে বলল,
“ তুমি সেই শয়তান ইবলিশ। মনুষ্যকুলে তোমাকে বড্ড বেমানান লাগে।”
“ খুব জানিস তো মনে হয়? তাহলে তোর এটাও জানা উচিত, ইবলিশ যাকে ধরে তাকেও শয়তান বানিয়ে ফেলে। কারণ শয়তান মৃত্যু ছাড়া সঙ্গ ছাড়ে না।”
নীহার ঠোঁট চাপে এবার। কিছু বলতে গিয়েও মুখে লাগাম টানল বলে মনে হয়। শিশির চোরা চোখে নীহারকে দেখল। ব্যাপারটা লক্ষ্য করেছে সে। ভাগ্যিস নীহার মুখ ফসকে বলে ফেলেনি,
“ তুইও ছাড়িস না! শয়তান ইবলিশের দায়িত্বটা পালন করে ফেল বরং৷”
নীহার চোরা চোখে শিশিরের দিকে তাকিয়ে বৃদ্ধা আঙ্গুল দিয়ে নাকে বারকয়েক ডলা দিল৷ হাসি আটকানোর চেষ্টা আরকি। অন্যদিকে শশী নিঃশব্দে শরীর দুলিয়ে হাসছে। কখন জানি হা হা শব্দ করে হেসে ফেলতে বাধ্য হয়। বেশ উপভোগ্য বলে মনে হয় তার শিশির ভাই ও কুয়াশা বুবুনের ঝগড়া করাটা। আর এটা সে সেই ছোটবেলা থেকেই জানে। দুই-তিনদিনে এগুলো অগণিত বার দেখার সুযোগ হয়েছে তার।
শশী আগামীকাল চলে যেতে চেয়েছিল। কিন্তু আজ বিকেলে তুষার আসার খবর শুনে একেবারে তুষারের সাথে দেখা করে তবেই যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। শশী মাঝে মধ্যেই নীহারের দৃষ্টিতে দৃষ্টি না মেলালেও নজর ঠিকই ফেলছে নীহারের ওপর। এত শান্তি লাগে তখন দৃষ্টিতে তার! শশী বুঝে পায় না এমন অনুভূতির কী নাম দেবে সে? এই ক্ষেত্রে সে কেন আনাড়িপনা হয়ে গেল? তাকে তো ইঁচড়েপাকা বলা হয়, অথচ নিজের অনুভূতি চিনতে এত সময় যাচ্ছে কেন?
কুয়াশা শিশিরকে আর গুণে দেখল না। তার কাজে সে নিমগ্ন হলো। মনে হলো জিদে আরো বেশি করে আনন্দ উপভোগ করা শুরু করল৷ আর সবসময় কুয়াশার এই জিদেই কাজ হয়ে যায়। শিশির কতক্ষণ কুয়াশার সেই আচরণের বিষয়টা লক্ষ্য করে নিজের কাজে মনোযোগী হলো। কুয়াশার কিছু মনে হলো পুনরায়। নীহারকে তখন ডাকল,
“ ব্রেভ বয়?”
“ হুঁ?”
“ আচ্ছা, বড় ভাইয়া এলে বৃষ্টি ভাবিকে কুষ্টিয়ায় নিয়ে এসে একটা সারপ্রাইজ দিলে কেমন হয়? আমরা তো ভাইয়া আসবে বলে সারপ্রাইজের প্ল্যান করলাম, বাট ভাবিকে নিয়ে তো করলাম না?”
নীহারের কপালে মেকি ভাবনার রেখা আর মুখেও তেমন শব্দ। কিছু ভেবে বলল,
“ উমম, করা যায়। বাট বাড়ির মানুষ কীভাবে নেবে সেটাই ভাববার বিষয়। কথা বলতে হবে।”
“ আমি না হয় ম্যানেজ করে নেব, ভাইয়া। চলো আমরা কিছু প্ল্যান করি।”
“ ল্যাদা একটা মেয়ে হয়ে সবসময় আগে আগে ভাবাটা তোর স্বভাব দোষ?”
“ না, রক্তের দোষ।”
শিশিরের কথার উত্তরে কুয়াশার ত্যাড়া জবাব৷ কুয়াশা শিশিরকে গুণে না দেখলেও শিশির কি থেমে থাকবে নাকি? ফলস্বরূপ আবারও বাঁধল৷ একটু আগে যেটা বেঁধেছে সেটা বোধহয় দু'জনই ভুলে গেছে। শিশির রক্তের দোষ কথাটা বলতে বুঝে নিল নিজেকেও। যেহেতু তারা একই বংশের রক্ত। আর কুয়াশা সেটাই বুঝিয়েছে৷ অর্থাৎ শিশিরও তেমনই। এই দু'জনের ইঙ্গিতপূর্ণ কথাবার্তাকে ডিকোড করলে অনেক রকমই সূত্র পাওয়া যেতে পারে। যা থেকে দু’জনের খুনাখুনির মতোও পরিস্থিতি তৈরি হবার সম্ভাবনা প্রবল৷
এই যেমন এখন হেলান দিয়ে আধশোয়া অবস্থা থেকে শিশির লাফিয়ে উঠে কুয়াশাকে ধরে টুপ করে গিলে ফেলার মতো কল্পনা করে ফেলল। কল্পনাটা বাস্তবায়ন করা আর হয় না। ওটা সময়সাপেক্ষর ব্যাপার-স্যাপার৷ তবে কবে না যেন সময় করে সত্যিই গিলে নিতে পারে সে। শিশির ধমকে বলল,
“এই অসামাজিক! রক্তের দোষ বলতে কী বোঝাতে চাইছিস তুই? হ্যাঁ? তোর স্বভাবকে আমাদের রক্তের দোষ কেন বানাচ্ছিস? তুই হ্যা-ই একটা খান্নাস!”
“ হ্যাঁ, তুমি যেমন একটা ইবলিশ!”
শিশিরের তখন মনে চাইল— যে কাজটা সে পরে কখনও করবে বলে ভেবে থাকে, সে-কাজটা সে এখনই করে ফেলুক। এই ল্যাদা মেয়েটা তাকে সম্মান তো দূরে থাক, দাম অবধি দেয় না! কতটা অধঃপতন!
শিশিরের মুখে মুখে তর্ক করা বিষয়টা একদমই পছন্দ না। উদ্ভিন্ন বয়সের রগচটা স্বভাব হয়েছে৷ সবসময় যেন টগবগে গরম রক্ত নিয়ে ঘোরাঘুরি করে। কুয়াশাকে সে শাসন করার প্রয়োজন মনে করে না, তবে ওর সাথে যে বেয়াদবিটা করে সেটাও সে বরদাস্ত করতে পারে না।
কুয়াশাও ঠিক একইভাবে শিশিরকে মানতে পারে না। যে তাকে ভালোবাসা তো দূরের কথা, পছন্দ অবধি করে না, তার এত ঝাড়ি-পাড়ি সে কেন বরদাস্ত করবে? ভালোবেসে যদি এমন কিছু করতো কুয়াশা সব সাদরে গ্রহণ করতো। যেমনটা পরিবারের বাকি সদস্যদের সাথে করে সে। কুয়াশার মতে— যার ভালোবাসা মুরদ নেই, তার খবরদারী করারও অধিকার নেই।
নীহার আবার ঠোঁট চেপে ধরে। শেষ অবধি কুয়াশার কাছে শিশির ইবলিশ খেতাব পেয়েই গেল। ব্যাপারটা নিয়ে শিশিরকে চেঁতানোর দরকার ছিল বড়। হাসফাঁস করতে লাগল সে। তবে এখন আর মুখ খুলল না৷ খুললে বিপদ তার ওপর দিয়ে সুনামী রূপে ধেয়ে আসবে।
শশী বলল,
“ আমরা জানলাম, ভাইয়া তুমি ইবলিশ শয়তান আর কুয়াশা বুবু একটা খান্নাস৷”
শশী এতটা ইনোসেন্টের মতো করে কথাটা বলল যে নীহার হাসি আর আটকে রাখতে পারল না। শব্দ করে হেসে দিল। শশী সেই হাসি দেখল ফ্যালফ্যালে দৃষ্টিতে। নীহার ভাই এতটা আলাদা কেন? সে যখন সিরিয়াস মুডে থাকে, তখন তার মতো সাংঘাতিক ব্যক্তি পাওয়া দুষ্কর বলে মনে হয়৷ আর যখন ফানি মুডে থাকে তখন তার মতো উল্লাসী মানুষ আর দুটি নেই যেন। বড়ই জটিল মানুষ নীহার ভাই।
কুয়াশা চোখমুখ কুঁচকে শিশিরের দিকে তাকিয়ে আছে শশীর কথায়। নীহার হাসতে হাসতে বিছানার ওপর চিত হয়ে পড়ে একটা গড়ানিও দিল। শশী অষ্টম আশ্চর্য দেখার মতো করে নীহারকে দেখছে। শিশির বুঝে গেছে নীহার কেন এত হাসছে। ভাবলেশহীন একটা ভাব ফুটিয়ে বিরক্তি নিয়ে চেয়ে আছে৷ তার ভাই-ই তার চরম শত্রু। কথাটা একেবারেই মিথ্যা নয়।
শশী ওই সুন্দর করে হাসতে থাকা নীহারকে দেখে আরেক দফা ফিদা হলো যে! নীহারের হাসিও তার কাছে হিরা-মুক্তার মতো মনে হচ্ছে। মুরুব্বিরা বলে— প্রেমে পড়লে প্রেমিকের নাকি গুর গন্ধটাও ভালো লাগে। সেটাই ঘটছে শশীর সাথে৷
নীহার হাসি থামিয়ে শিশিরের উদ্দেশ্যে বলল,
“ আমার বোনটাকে যে ল্যাদা বলে উপহাস করলি, তোর বোন তো আরো এক ধাপ উপর দিয়ে চলা ল্যাদা। এই ল্যাদা বাচ্চা তো একটা ইঁচড়েপাকা রে।”
শিশির এই বিষয়ে কথা বলল না আর। কুয়াশা রাগে শিশিরকে একবার দেখে নিয়ে কথায় মন দিল। কী সব বকর বকর করে যাচ্ছে। শিশির তা বহুত ধৈর্য নিয়ে শুনছে দেখেই বোঝা গেল। একটা সময় অধৈর্য হয়ে আবার ধমকে উঠল কুয়াশাকে। আনলিমিটেড তাদের ঠোকাঠুকি। কুয়াশাকে ধমকে-টমকে নীহারকে বলল,
“ ওসব রেখে, অ্যাঙ্গেজমেন্ট পার্টির প্ল্যান কর। সেটা নিয়েই সারপ্রাইজ প্ল্যান করা যাবে। আর ভাই আসলে ভাবির সাথে যে দেখা করতে যাবে না, এটা তুই জেনে রেখেছিস?”
শেষ প্রশ্নটা কুয়াশার উদ্দেশ্যে করল শিশির। কথায় যুক্তি আছে৷ তুষার এলে তো এমনিতেই বৃষ্টির সাথে দেখা করবে। এখানে আবার ঘটা করে কী চমক হবে? নীহার বলল,
“ তাহলে অ্যাঙ্গেজমেন্ট পার্টির কথা বাড়িতে তোলা উচিত। এটা নিয়ে কী মতামত হয় সবার থেকে জেনে এরপর প্ল্যান করা যাবে। যেহেতু আমাদের বিগ ব্রাদারের শাদীর ব্যাপার-স্যাপার। তুহিন ভাইকে দিয়ে বলাতে হবে৷ ও পারবে।”
“ তুহিন ভাই আছে কোথায়?”
কুয়াশার প্রশ্নে নীহার ফোন বের করল তুহিনকে কল করার জন্য। দেখল ইতোমধ্যে তুহিনের নাম্বার থেকে অনেকবার কল এসেছে। ফোন সাইলেন্ট মোডে রেখেছিল সেটাকে আর নরমাল মোডে দেয়া হয়নি। তাই টেরও পায়নি।
নীহার এতবার কল দেখে আশ্চর্যই হলো বটে। সঙ্গে সঙ্গে কলব্যাক করল তুহিনের নাম্বারে৷ প্রথমবার ধরল না। দ্বিতীয়বার কল রিসিভ হলো। আর ওপাশ থেকে যা শুনলো, তা শুনে নীহারের মুখ দিয়ে শুধু প্রতিক্রিয়া এলো,
“ হোয়াট!”
শিশির নীহারের মুখের দিকে তাকিয়েই ছিল। নীহারের মুখো ভঙ্গিমা পড়তে পারল বোধহয়। কিছু বিপদ হয়েছে হয়তো৷ দু'জনের মাঝে চোখে চোখে কিছু কথা হলো। এরপর নীহার নিঃশব্দে বিনা বাক্যে ফোন নামিয়ে এক লাফে নামল বিছানা থেকে৷ বেডসাইড টেবিলের ওপর থেকে বাইকের চাবি নিয়ে শিশিরকে ইশারা করল। নীহারের পেছন পেছন শিশিরও বেরিয়ে গেল তখনই। হন্তদন্ত হয়ে দুই ভাই এতটাই দ্রুত বের হলো যে কুয়াশা আর শশী কিছু বুঝে ওঠার আগেই সব হয়ে গেল। প্রশ্ন করার সুযোগটাও নীহার আর শিশির দেয়নি। ব্যাপারটা বুঝতে পারলে তো তৎক্ষণাৎ প্রশ্ন করবে?
…
রাত নয়টার দিকে যখন মালিথা ভিলার সবাই চিন্তায় খাওয়া-দাওয়া বাদ দিয়ে উদ্বিগ্ন হয়ে বসে আছে, ঠিক তখন তুহিনকে নিয়ে নীহার আর শিশির উঠে এলো বাড়িতে। দেখা গেল দু'জন তুহিনকে ধরে নিয়ে আসছে। বিষয়টা যখনই সবার নজরে পড়ল, তখনই প্রত্যেকে আঁতকে উঠল। তুহিনের হাতে-পায়ে এমনকি মাথাতেও ব্যান্ডেজ করার চিহ্ন। ঠোঁট কাটা এছাড়া আরো অনেক আঘাতের চিহ্ন। দেখেই বোঝা যাচ্ছে মারামারির কারণে এমন হাল হয়েছে।
সকলে সবরকম প্রশ্নকে নিজেদের ভেতর দমিয়ে রেখে তুহিনকে নিয়ে ব্যস্ত হলো তৎক্ষণাৎ। আম্বিয়া তো কান্নাই করে দিলেন বড় ছেলের এমন হাল দেখে। কী অবস্থা তার শান্ত ছেলেটার! এই ছেলের সাথে কারো ঝামেলা বাঁধতে বা থাকতে পারে, তা কল্পনা করাও যেন বোকামির কাজ। সেই ছেলের সাথে মারামারি ব্যাপারটা আম্বিয়া মানতে পারছেন না। বড় কথা হলো— র্যাবের অফিসার জাহিদ মালিথার ছায়ায় থেকে, তাঁর ছেলের গায়ে এভাবে কেউ হাত তোলার সাহস করবে বলে ধারণা করা যায় না। ছেলেদের জাহিদ মালিথা যেভাবে নিজের ছায়ায় রাখেন, সেই ছায়ার তলে ঢুকে তার ছেলের শরীরে কে হাত দিল? নাকি ছেলে তার ছায়া থেকে বেরিয়ে কিছু শত্রু বানিয়ে ফেলেছে!
আম্বিয়াকে থামাতে তুহিন স্মিতে বলল,
“ আম্মু, আমি ঠিক আছি। কান্না বন্ধ করো। নিজেকে সামলাও। এমন করছ কেন? এমন তো নও তুমি।”
“ এই হালে এসে বলছিস ঠিক আছিস? এখনও চুপ থাকবি?”
“বলব সব৷ সময় দাও৷ আর ঠাণ্ডা হও।”
“ আম্বিয়া, শান্ত হ। ওর শরীর ঠিক নেই। সব কথা এখনই বলতে পারবে না। ধীরে সুস্থে শুনিস বরং৷ আপাতত ছেলের যত্নের ব্যবস্থা কর।”
জাকিয়াও এই আম্বিয়াকে দেখে একটু অবাকই হচ্ছেন মনে হয়। আম্বিয়া এমন নয়৷ ভীষণ কঠিন ব্যক্তিত্বের বলা যায়। সহজে হেলে পড়ার মতো মানুষ তিনি নন। যেখানে সবরকম পরিস্থিতি মোকাবিলা করার মতো শক্তি তার কাছে মজুদ থাকে, সেখানে ছেলের অবস্থাতে অশান্ত হয়ে যাওয়ার দৃশ্যটা দেখে জাকিয়া একটু আশ্চর্যই হলেন। এটাই বোধহয় মাতৃত্বের আঘাত। জাকিয়া দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তুহিনের সেবা-শুশ্রূষার ব্যবস্থা করলেন। আজমীরা সঙ্গ দিয়ে তুহিনের দেখভাল শুরু হলো।
‘
রাত অনেকটা হয়ে গেছ তখন। ঘড়িতে এগারোটার কাঁটা ছুঁইছুঁই। শীতের টানা নিস্তব্ধ রাত৷ ইতোমধ্যে তুহিনের অবস্থার কথা জাহিদ মালিথাকে জানানো হয়েছে৷ জাহিদ মালিথা রেগে গিয়ে সম্পূর্ণ বিষয় খোলাখুলি ভাবে জানতে চেয়েছেন। কিন্তু তিনি তুহিনের কাছে তেমন কোনো উত্তর পাননি। ছেলে কী তবে নির্ভিক হয়ে নিজের কাজে সক্রিয় হতে চাইছে? প্রশ্নটা জাহিদ মালিথার বিবেকে এসে হানা দিলেও মুখে করতে পারেননি।
তুহিন সম্পূর্ণ বিষয়ে ভেঙে না বললেও, ঘটনার বিষয়বস্তু সম্পর্কে জানা গেছে— আজ বিকেলে বেরিয়েছিল যে কাজে, সে কাজটাই ছিল ঝামেলা সম্পর্কিত। ষড়যন্ত্র করে তাকে ডাকা হয়েছিল। ভার্সিটির ছাত্র-লীগের সাথে তুহিনের বিগত ছয়-সাত মাস যাবৎ অপ্রকাশ্যে ও প্রকশ্যে দুই ভাবেই লড়াই চলছে। যা নিয়ে তুহিন বাড়ির কারো সাথেই আলাপ-আলোচনায় আসেনি। লীগের কর্মীরা ধীরে ধীরে অনেক বেশি পেছনে পড়ে গেছে তার।
কারণ হলো তুহিনের দুঃসাহসিকতা ও নির্ভিক কাজকর্ম। কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী যে তুহিন। স্বপ্ন তার ক্রাইম রিপোর্টার হওয়ার। বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন ইনভেস্টিগেটিভ রিপোর্ট তৈরির কাজেও নিজেকে ব্যস্ত রাখে সে। শুরুতে ক্যাম্পাসে তেমন পরিচিত না হলেও ধীরে ধীরে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর নজরে পড়ে যায়। কারণও ছিল যথেষ্ট।
প্রায় আট মাস আগে ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী বাজেভাবে গণ ধর্ষণের শিকার হয়। ঘটনাটি কারা ঘটিয়েছে তা নির্দিষ্ট ভাবে প্রকাশ্যে না এলেও কোনোভাবে তার আভাস পেয়ে যায় তুহিন। এরপর গোপনে অনুসন্ধান শুরু করে সে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয়, কীভাবে ঘটনাটি ঘটেছিল, কেন ঘটেছিল, কারা সেটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে— প্রতিটি তথ্য সে ধৈর্য নিয়ে বিভিন্ন সূত্র থেকে যাচাই করতে থাকে। এবং জানতে পারে ঘটনাটি ঘটিয়েছে লীগের কর্মীরা। দীর্ঘ অনুসন্ধানের পর সত্যতার ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি করতে শুরু করে সে।
কাজের সময় থেকেই বাঁধা পাচ্ছিল তুহিন৷ অনেক ভাবে তাকে এসব থেকে সরতে বলা হয়েছে। সরিয়ে ফেলার হুমকি-ধামকি সবই এই অবধি বহাল ছিল। তুহিন সে-সব না মেনেছে আর না কানে তুলেছে। আরো নির্ভিকে নিজের কাজ সম্পন্ন করতে সক্রিয় থেকেছে।
তুহিন যে লীগের নেতাকর্মীদের শত্রু হয়েছে সেটা জাহিদ মালিথা শুনেই রেগে গেছেন। তাদের যেভাবে রাখা হয়েছে তাতে এমনটা ঘটার কথা ছিল না। এর অর্থ তুহিন বাঁধনহীন, ছায়াহীন হয়ে নির্ভিক পথে পা বাড়িয়েছে। এছাড়া জাকির মালিথার নির্দেশনা আছে। বলতে গেলে ঘোর নিষেধাজ্ঞা, ক্যাম্পাসে কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই যেন ছাত্রলীগের সাথে জড়ানো না হয়৷ অতীতের ঘটনা তো আর পুনরাবৃত্তি হতে দেয়া যায় না!
তুহিন শুনেছে সেসব। তার কোনো প্রতিক্রিয়া না পেয়ে ওঁনারা বুঝেছেন, তুহিন বাঁধনহারা স্রোতে রূপান্তরিত হয়েছে। তাকে আটকানোর আর কোনো অস্ত্র তাদের কাছে মজুদ নেই। এমনকি বাড়ির প্রতিটি সন্তানকে নিজেদের আদর্শে বড় করার একটাই কুফল পেতে চলেছেন, তা হলো— নির্ভিক এবং সত্য ও ন্যায়ের পথে নীতিবান রূপে প্রতিটি সন্তান পা বাড়াবে। এখানে তাদের দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই।
কুয়াশারা আর অতিরিক্ত রাত জাগতে পারল না। ফলস্বরূপ কুয়াশা, শশী শুতে চলে গেছে। এতক্ষণ সবাই তুহিনকে নিয়েই ব্যস্ত ছিল। শরীরের আঘাত গুরুতর না হলেও হাত-পায়ের হাড়ে আঘাত লেগে ফেটেছে৷ এছাড়া লাঠির আঘাত ও কিল ঘুষির আঘাত৷ তুহিনরা ছিল তিনজন। আর ওরা ছিল সাত-আটজন। তুহিনদের কাছে কোনো অস্ত্র-স্বস্ত্র ছিল না। লীগের কর্মীরা মনের মতো পিটিয়েছে বলা যায়। তবে পাল্টা আক্রমণও তুহিনরা করার চেষ্টা করেছে। এতে কতটা লাভ করতে পেরেছে তুহিনরা না জানলেও, তাদের যে ক্ষতি হয়েছে এটাই তারা এখন ভোগ করছে।
…
কুয়াশা সরতে শুরু করে কমলাটে কুসুমের মতো সূর্যটা পুবাকাশে সবার নজর কেড়েছে বড়। সারা দিন-রাতের ব্যস্ত শহর কখনো বিশ্রাম করে না। সেখানে পাখির কলতানি দিয়ে ঘুম ভাঙার চেয়ে গাড়ির হর্ণ, সাইকেল-রিকশার বেইলের শব্দেই ঘুম ভেঙে থাকে।
ফজরের নামাজ পর জাকির মালিথার অভ্যাস হলো জগিং করার। নিয়মনীতিতে চলা জাকির মালিথা এক ঘণ্টা জগিং করে ফিরে চা পান করেন। চা পানের সঙ্গে আজকের পত্রিকা পড়ছেন তিনি। দেশের গরম গরম খবর তিনি গরম গরম চায়ের সাথে নিঃশব্দে পড়ে চলেছেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি যে দিন দিন জঘন্য রূপ ধারণ করছে তা আর নতুন করে জানার নেই। আর সেই ব্যাপারগুলো না চাইতেও কেন যেন তার পরিবারের সাথে বারবার করে জড়িয়ে যায়!
জাহিদ মালিথা সকালেও তুহিনের কাছে লীগের নেতাকর্মীদের তথ্য চেয়েছেন। তুহিন বারবার এড়িয়ে গেছে তা। যা জাহিদ মালিথাকে যথেষ্ট রাগিয়েছেন। তখন তুহিনের অবস্থার দায় তিনি ছেলের ওপরই বর্তাতে চেয়েছেন। সেখানেও তুহিন সম্পূর্ণ নির্বিকার থেকেছে। তুহিন জানে ভবিষ্যতে সে কী পেশাতে যেতে চলেছে। সেই পেশায় তার কত রকম বাঁধা-বিপত্তি এবং জীবন কতটা অনিশ্চয়তার পথে নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকবে— সবটাই যখন জানে, তখন এগুলো এখন থেকেই কেন মোকাবিলা করবে না সে? কেন বাবার ক্ষমতাকে কাজে লাগাবে? এখানে তার বাবাও যদি বাঁধা হয়, তবে তুহিন সেটাকেও অতিক্রম করতে প্রস্তুত। আম্বিয়া ছেলের এমন দুঃসাহসীর ওপর গর্ব করবেন নাকি শাসন করবেন বুঝে উঠছেন না৷ ছেলে কি তার বড় হয়ে গেছে?
তবে তুহিনের ব্যাপারে বড় কর্তা জাকির মালিথা কেন যেন নির্বিকার নিশ্চুপ হয়ে গেছেন। তিনি বাড়ির সন্তানদের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন, সেটাও আজ থেকে চাপা পড়ে যেতে দেখা যাচ্ছে। ব্যাপারটাতে সবার মনোযোগ কেড়েছে বড়৷ বাকিটা জাকির মালিথা জানাননি। হঠাৎ করে সন্তানদের সাহসের ওপর তিনি চুপ কেন হলেন এটাই রহস্য হয়ে রইল।
‘
সকাল সকাল ইয়াসমিন এলো মালিথা ভিলায়৷ আমিনুল হক, হালিমা মৃধা, ইশাও এসেছে। তুহিনের অবস্থার খবর রাতেই পৌঁছে গেছে তাঁদের কাছে। রাতে হুটহাট করে আম্বিয়াই আসতে মানা করেছিলেন। নয়তো রাতেই আসতে চেয়েছিলেন ওঁনারা। এসে জানল তুহিন পুরোপুরি বেডরেস্টে আছে।
তুহিন তখনও ঘুমে ছিল। ব্যথা বেদনা তো কম নয়৷ ইয়াসমিন ঘরে ঢুকে তুহিনকে ঘুমেই পেল। সে নিজেও অসুস্থ। শরীরটা এখনও দুর্বলই আছে বলা যায়। পুরোপুরি সুস্থ নয় ইয়াসমিন। তুহিনের অবস্থা দেখে ভীষণ মায়া হলো। সাথে কষ্টও হলো একটু একটু। এই কষ্ট হওয়াটা ধীরে ধীরে তৈরি হয়েছে তার। রাত জেগে তার সেবা করার কথা ইয়াসমিন ভোলেনি। এমনকি তাকে নিয়ে হসপিটালে সারাদিন দৌড়াদৌড়ি করার কথাও ইয়াসমিন ভোলেনি। সেই ছেলেটাকে এমন অবস্থায় দেখে কষ্ট হওয়াটা স্বাভাবিক বটে।
ইয়াসমিন তুহিনকে ভীষণ সম্মান করে। তারা যেসময় থেকে জেনেছে— ভবিষ্যতে তারা স্বামী-স্ত্রী হবে, সেই সময় থেকেই তাদের মাঝের সম্পর্কটা ভিন্নতায় রূপ নিয়েছিল। একে-অপরকে খেয়াল রাখা, যত্ন করা, সম্মান করা ও ভালোবাসতে শেখা।
ইয়াসমিন তুহিনের দিকে এগিয়ে গিয়ে পাশে বসতেই তুহিন জেগে উঠল৷ ফোলা ফোলা চোখে চেয়ে সামনে ইয়াসমিনকে দেখে একটু হাসল৷ ইয়াসমিনের কাছে তুহিনের সেই হাসি বড় ম্লান বলে মনে হলো। ঠোঁটে দুই জায়গায় কাটা৷ কাটা স্থানগুলো ফুলেছে৷ ইয়াসমিনকে তাকিয়ে থাকতে দেখে তুহিন প্রশ্ন করল,
“ কখন এসেছ?”
“ মাত্রই৷”
“ ডাকতে পারতে৷”
ইয়াসমিন কিছুক্ষণ চুপ থেকে সামান্য ঢোক গিলল। যেন কান্নাটা আটকাল৷ কেঁদে ফেললে ভীষণ লজ্জাজনক পরিস্থিতি হবে৷ আর তুহিন সেটা পছন্দও করে না৷ ফ্যাচফ্যাচ করে কান্না জিনিসটা অপছন্দ। কোমল প্রাণের ইয়াসমিন বলল,
“ খুব প্রয়োজন ছিল এগুলোর?”
“ সবটা প্রফেশনাল প্রবলেম। তুমি এগুলো নিয়ে কৈফিয়ত চাইছ?”
“ না, জানতে চাইছি৷”
“ তবে বলব, এসবের জন্য প্রস্তুত হও৷ ভবিষ্যতে আরো দেখতে হতে পারে৷”
“ আপনি নিজেকে অনিশ্চয়তার ওপর ছাড়ছেন না?”
“ ছাড়ছি।”
ইয়াসমিন ফ্যালফ্যাল করে চেয়ে রইল কিছুক্ষণ। তুহিন পুনরায় বলল,
“ এগুলোকে যদি এখন থেকেই হ্যান্ডেল করতে না শিখি, ভবিষ্যতে আমার জগত অন্ধকার, ইয়াসমিন। তুমি কী চাইছ?”
“ আপনি শুধু নিজের খেয়াল রাখবেন।”
“ রাখব৷ বলো শরীর কেমন?”
“ সুস্থ আমি৷ অনেক বেশি আঘাত?”
“ একটু।”
“ শুনেছি আমি সব।”
ইয়াসমিন যেন গাল ফোলাল৷ তুহিন তা দেখে হাসল একটু৷ কিছুক্ষণ আপাদমস্তক দেখল ইয়াসমিনকে। মেয়েটা ভবিষ্যত বউ হবে তার। আর তাকে দেখা উচিত তার। সে সেই উচিত কাজটা কিছুক্ষণ ধরে করে হঠাৎ বলল,
“ আজ থেকে যেও। ভবিষ্যত বউয়ের একটু সেবা-শুশ্রূষার প্রয়োজনীয়তা আছে৷ কাজে দেবে বড়।”
ইয়াসমিন লজ্জাতে মরে যাবে মনে হলো৷ মুখটা কোথায় লুকাবে বুঝে না পেতেই ঘরে এলো শিশির আর নীহার। সকাল সকাল ভাইয়ের হালচাল জানতে চলে এসেছে৷ শিশির আর নীহারকে ঢুকতে দেখে ইয়াসমিন তুহিনের পাশে থেকে উঠে যেতে নিলে নীহার বলল,
“ তোর ফর্মালিটি ভাইয়ের পটেকে পুরে দে। আমাদের সামনে একদমই দেখাতে আসিস না।”
ইয়াসমিন চোখ তীক্ষ্ণ করল৷ নীহার গুরুত্ব দিল না তাতে। ভাইয়ের কাছে এগিয়ে এসে সকৌতুকে বলল,
“ কেমন ফিল করছিস ক্যালানি খেয়ে?”
“ বিন্দাস!”
“ সাবাস!”
দুই ভাইয়ের কথার ঢংয়ে ইয়াসমিন হেসে ফেলল৷ শিশির বলল,
“ সেবা-টেবা কিছু দাও হবু স্বামীকে। বেচারা তোমার সেবাতেই যদি দ্রুত রিকোভার করে।”
“ অনেক বেশি ফাজিল হয়ে গেছিস তোরা৷”
“ বলো বড় হয়ে গেছি।”
“ হ্যাঁ, অনেক বড় হয়েছ। আর বড় হইও না হবু ভাবির কাছে৷”
“ নো উডবি সিস্টার-ইন-ল, ইতনা কাফি নাহি৷ ত…”
“ থাক থাক, এই অবধি রাখ! আমি আর শুনতে চাইছি না। তোরা দু’টো বদমায়েশ মুখ খুললে শুধু লাগামহীন কথা বের হয়।”
“ এইতো! বুঝে গেছিস তবে?”
সে সময় শশী ঢুকল তুহিনের ঘরে। নীহারের কথাটা কানে পৌঁছেছে তার। সকাল সকাল নীহারকে দেখতে পেতেই মনে হলো তার অভ্যন্তরে সাতরঙা প্রজাপ্রতিরা উড়াউড়ি শুরু করল। বড় আজিব এ দাস্তান!
প্রত্যেকের তুহিনের প্রতি চিন্তা দেখে তুহিনের প্রশান্তি অনুভব হচ্ছে। শশী এসে তুহিনের অবস্থার হালচাল জিজ্ঞেস করে জানল। এরপর কুয়াশা আর ইশা এলো। কুয়াশা ঢুকেই ভাইয়ের আহ্লাদী বোন হয়ে উঠল। ম্লান হয়ে ওঠা মুখাবয়ব নিয়ে ভাইয়ের অন্য পাশে বসে বলল,
“ অনেক বেশি কষ্ট হচ্ছে, মেজো ভাইয়া?”
কুয়াশা এমন অবস্থার শিকার আজ হলো। তার ভাইদের এমন আঘাত সে কখনো দেখেনি। কুয়াশার সরল মুখে চেয়ে তুহিন ভালো হাতটা কুয়াশার হাতের ওপর ভরসা দিয়ে বলল,
“ না রে, পাগলি, আমি একদমই ঠিক আছি। আঘাত তো আছে। কিন্তু সুস্থ তো হব? তুই এভাবে আছিস কেন বল?”
“ তোমাকে এভাবে কখনও দেখিনি তো৷ আমি কখনো ভাবিইনি আমার ভাইদের এমন অবস্থাও দেখতে হবে।”
শিশির ভ্রু কুঁচকে ফেলল কুয়াশার মুখে ভাইদের শব্দটা শুনতেই। ভ্রু’জোড়া চোখা করে তুলল। ভেতরটা মনে হয় নাটকীয় সুর তুলে বলেও উঠল— উড়ি বাবা ভাইদের….!
তুহিন কুয়াশা গভীর কিছু না বুঝতে দিয়ে বলল,
“ব্যাপার না। এখন কষ্ট পাওয়া বন্ধ কর৷ আমার একটাই তো বোন।”
“ দ্রুত সুস্থ হয়ে যাও, ভাইয়া।”
কুয়াশা মাথাটা তুহিনের বুকের ওপর রাখে আলতো করে। তুহিন আদুরে কুয়াশার মাথায় হাত বুলিয়ে বলে,
“ কষ্ট পাস না, বাবু। তোরা থাকলে সুস্থ হতে সময় লাগবে নাকি আবার?”
অসুস্থ তুহিনকে ভাই-বোনেরা মিলে সুস্থ করতে তৎপর যেন। হাসি-মশকরা তুহিনের ব্যথা-বেদনাকে একদম ভুলিয়ে দিতে লাগল ওরা। এমনই হলো তাদের ভাই-বোনদের ভালোবাসা। এখানে কোনো চাচাতো শব্দ স্থান পায় না৷ তুহিন নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করল এই মুহূর্তে। জীবনের ভিন্ন ভিন্ন স্বাদ ভিন্ন ভিন্ন কিছুর শিকার না হলে পাওয়া যায় নাকি?
| চলবে |
