__'অ্যাই অরা, বাইত দিক যাইস না! ওমুখো ঘটক যাইতে দেখছি। এনে আই, আমগো লগে লুকাইয়া থাক।'
আচমকা কারো কণ্ঠস্বর শুনে মাঝপথেই থমকে দাঁড়াল অরা। চারপাশে সন্ধ্যার আঁধার নেমে এসেছে। মাগরিবের আজান শেষ হয়েছে। বৈশাখ মাস। চলছে বোরো ধান কাটার মৌসুম তাই বাতাসে কাঁচা ধানের গন্ধ।
ঝোপের আড়ালে ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। পাশের গোয়ালঘর থেকে বাছুরের গলায় বাঁধা ঘণ্টার টুংটাং শব্দ ভেসে আসছে। চোর এলে যাতে সহজেই বোঝা যায় তাই আরিজ ভাই ছোটো দুটো ঘণ্টা বেঁধে দিয়েছে।
এই নিয়ে কত হাসাহাসি করেছে ওরা। আকাশে ধূসর মেঘের ঘনঘটা।
না জানি কখন ঝড় উঠে। মাগরিবের নামাজটা পড়ে উঠতেই মনে হলো গোয়ালে ধূপ দেওয়া হয়নি। এদিকে জঙ্গল বিধায় মশার উপদ্রব বেশি।
মশার কামড়ে অবলা গরু দুটো ছটফট করে। একটু ঘুঁটে কিংবা ধূপের ধোঁয়া দিলে মশা কম লাগে। কিন্তু এখন এখানে কার কথা শুনতে পেল? কে ডাকল? তার নাম ধরেই তো ডাকল মনে হলো। সে দূরের কথা একটু কম শোনে। কিন্তু এ ভর সন্ধ্যায় এদিকে কে আসবে? চোর টোর নাতো?
সে ভীতু নজরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাল। কেউ নেই, কাউকে দেখতে পেল না। ডান-বাম, সামনে-পেছনে মানুষের চিহ্ন নেই। তাহলে কি মনের ভুল? হবে হয়তো। সে যাওয়ার জন্য পা বাড়াতেই পাশের জঙ্গল কেমন নড়েচড়ে উঠল। পাতার ফাঁক দিয়ে দিয়ার আধখানা মুখ দেখা গেল। সে হাত নেড়ে ফিসফিস করে তাকেই ডাকছে,
_' কানা ছেমরি এইদিকে তাকা! কানেও হুনে না, বালডা আমার!'
দিয়ার দাঁত পিষে বলা কথাগুলো শুনে ভালো করে তাকিয়ে দেখল দিয়া নয়—এখানে ধারা, সারা, হিয়াও রয়েছে। বড় কচুপাতা আড়ালে লুকিয়ে আছে। কিন্তু লুকাচ্ছে কেন? সে অবাক হয়ে এগোতেই তখন বাড়ি থেকে তার মায়ের গলা ভেসে এল,
_'অরা! অ্যাই অরা! কই গেলি, বাইত আয় তো মা?'
তখন ধারা বলে উঠল,
_'বিয়া বইতে না চাইলে জলদি এনে আই ছেমরি। নয়তো সং সাজাইয়া ঘটকের সামনে বইয়া রাখবো।'
মায়ের ডাক আর ধারার কথা শুনে বুঝতে বাকি রইল না তার। নিশ্চয়ই ঘটক তাদের বাড়িতেও ঢুকেছে। নয়তো মায়ের সামনে দিয়েই তো এল। তাহলে আবার ডাকছে কেন? তাছাড়া এ ঘটককে দেখলে গ্রামের প্রায়ই কুমারী মেয়েরা লুকিয়ে পড়ে। পালাতে চায়। কারণ কোনো মেয়ে ডাঙ্গর হইলেই তার পেছনেই লেগে থাকে এই লোক। যাকে নজরে পড়ে তাকেই বিয়ের পিঁড়িতে বসিয়েই ছাড়ে। যতই মেয়ের বয়স কম হোক বা পড়ার দোহাই দেক কাজ হয় না৷ যেন একটা মেয়ের জীবনে বিয়েটাই সবকিছু।
বিয়ে ছাড়া কোনো গতি নেই। বিয়ে ছাড়া বাঁচা যায় না। সংসারের ঘাঁনি টানায় মেয়েদের জীবনের একমাত্র লক্ষ্য। বলা বাহুল্য, যেসব বাড়িতে বিবাহ যোগ্য মেয়ে আছে সেসব বাড়িতে ঢুঁ মারতে থাকেন। যেন ওগুলো উনার মামার বাড়ি। না ডাকলেও আসা জায়েজ। আর এসে যে কাজটা করেন, মুখে পান গুঁজে গরুর মতো জাবর কাটতে কাটতে পাত্রের নামে গুণকীর্তন শুরু করেন। তন্মধ্যে প্রথম চারটি গুণ, "এমন ছেলে দুনিয়ায়
আর দুইডা নাই", "মেলা জমিজমা", " বড় ব্যবসা", "ছেলে ভদ্র"- পুরনো সেই কাসুন্দি ঘাঁটতেই থাকেন যা একবার শুরু করলে থামার নাম নেয় না। যেন মিথ্যা কথার জলজ্যান্ত মেশিন একটা। মাঝে মাঝে সে ভেবে পায় না, তার বউ তাকে সহ্য করে কিভাবে? লোকটা যে এত মিথ্যা বলে এর বউ একে মারে না? কিভাবে মারে? একটা পা ল্যাংড়াও তো হয় না। হলে অন্তত তারা কিছুদিন শান্তিতে থাকত। শুধু এই লোকের অত্যাচারে
বাড়িতে শান্তিতে থাকা যায়না। কখন হঠাৎ করে পাত্র নিয়ে হাজির হয়, এরপর ধরেবেঁধে বিয়ে! এভাবেই তো সুমাইয়া আর হুমায়রা আপাদের বিয়ে হয়েছিল। বড় বোনদেরকে বিদায় করিয়ে তাদের পেছনে লেগেছে।
বিগত কয়েকমাস ধরে ঘনঘন আসছেন উনি। যদিও এর একটি কারণ রয়েছে। কারণ হলো ধারা, সারা, দিয়া, হিয়া আর সে অদ্ভুত এক কান্ডও ঘটিয়েছিল। সুযোগ বুঝে ঘটকের সাইকেল গোবরের মধ্যে ফেলেছিল। লোকটা সাইকেলের অবস্থা দেখে এমনভাবে তাকিয়ে ছিল যেন পৃথিবীর সবটুকু দুঃখ উনার ভাগ্যে নেমে এসেছে। ওদের মুখ দেখে বুঝেওছিলেন
একাজ তারাই করেছিল। তারপর উনিও তাদের পেছনে লেগে আছেন। যেন দুই দলের অদৃশ্য খেলা চলছে যে, তোরা আমার সাইকেল গোবরে ডুবিয়েছিস এবার তোদেরকে বিয়ে দিয়ে গ্রামছাড়া করব। আর তাদের কথা, বুইড়া তুই যতই পাত্র নিয়ে আসিস আমরা কিছুতেই ধরা দেব না।
বিয়ে আমরা করব না!
পায়ের কাছে ঢিল পড়তেই তার ধ্যান ভাঙল। পুরনো কথা ভাবার সময় নেই। আগে নিজের বিয়েটা বাঁচানো দরকার। তাই দৌড়ে গিয়ে বাকিদের পাশে বসে পড়ল। সবাই বড় বড় ঢাল ঢাল কচুপাতা মাথার ওপরে টেনে নিয়েছে। বাইরে থেকে দেখলে মনে হবে পাঁচটা লকলকে কচুগাছ এমনি পাশাপাশি দাঁড়িয়ে আছে। কেউ নেই এখানে। কিচ্ছুটি নেই। কচু গাছের
নিচে কে বা থাকবে? তবে মশাগুলোর যেন ঈদ লেগেছে। ঝাঁকে ঝাঁকে এসে হাত, পা, গাল, ঘাড়—যেখানে জায়গা পাচ্ছে, সেখানেই হুল ফুটিয়ে রক্ত চুষে খাচ্ছে। সেই সঙ্গে চুলকানি তো আছে। কিন্তু পাঁচজনের কারো
জোরে জোরে চুলকানোর সাহস হচ্ছে না। যদি কচুপাতা নড়ে ধরা খেয়ে যায়? যদি কেউ দেখে ফেলে? তাই মুখখানা বিকৃত করে অনবরত মশার
কামড় সহ্য করছে। বেশ কিছুক্ষণ এভাবে অনড় হয়ে চুপচাপ বসে রইল। ঘটকের সাইকেল এখনো ভুঁইয়া বাড়ির আঙিনায় দেখা যাচ্ছে। আপদটা এখনো বিদায় হয় নি। কিন্তু যেখানে পাঁচটা সমবয়সী যুবতী একসঙ্গে থাকে, সেখানে কি নীরবতা বেশিক্ষণ টিকে? টিকে না। টিকানোর চেষ্টা করাও অসম্ভব। এজন্যই বোধহয় সবার প্রথমে ধৈর্য হারাল ধারা। হাতে বসা মশাটা পিষে মেরে ফিসফিস করে বলল,
_'এ মশা দেখি মৌমাছিগোর বাপ! মনে অয় মৌচাকে ঢিল মারছি। এহন আইয়া সবডি মিলাইয়া কামড়াইতাছে। বাবাগো কি জ্বলতেছে!'
সে হাত-পা চুলকাতে চুলকাতে দাঁতে দাঁত চেপে দু-একটা গালিও দিল। তারপর বিরক্ত হয়ে বলল,
_'গুল্তিডা আনলেই ভালো হইত রে।'
সারা চোখ গোল গোল করে তাকাল। তারপর বিস্ময়ভরা কণ্ঠে শুধাল,
_'এই ভর সন্ধ্যায় গুল্তি দিয়া কী করবি? মশা মারবি? আইনা দিমু?'
_'আরে নারে, বাল! ওই ঘটকের চোখ বরাবর মারতাম। এক্কেরে কানা কইরা দিতাম। কানা হইলে কারো বিয়া ঠিক করতে পারত না। সারাদিন নিজের বউয়ের আঁচল ধইরা ঘুরত। আমরাও শান্তি পাইতাম, হের বউও খুশি হইত।'
কথাটা শেষ হতেই হিয়া মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করল। কিন্তু চাপা হাসির শব্দ বেরিয়েই গেল। অরাও ঠোঁট কামড়ে হাসি সামলাতে লাগল। দিয়া অবশ্য হাসল না। সে অস্থির হয়ে এদিক-ওদিকে তাকিয়ে বলল,
_'তোরা গুল্তির চিন্তায় আছোস? আমি যে বদনি ভইরাও যাইতে পারি নাই। প্যাডের ভিত্রে গুটুরমুটুর করতাছে। ওড়নাডাও বাথরুমের দরজায় ঝুলাইয়া আইছি। এহন কোনো পোলাপান আইলো লজ্জায় মইরা যামু।'
দিয়ার কথা শুনে বাকিরা হেসে গড়াগড়ি খেতে চাইলেও ধরা খাওয়ার ভয়ে মুখ চেপে ধরল। চারজনের কাঁধ কাঁপছে, হাসির চোটে চোখে পানি চলে এসেছে, অথচ হাসার উপায় নেই। ঠিক তখনই দূর থেকে ঘটকের গলা ভেসে এল। পাঁচ জোড়া চোখ একসঙ্গে বড় হয়ে গেল। কেউ নড়ল না। শব্দ করল না। শুধু বুকের ভেতর ধুকপুক করে কাঁপতে লাগল। ঠিক
তখনই পরিচিত কণ্ঠস্বর শুনে তাদের ঠোঁটে হাসি ফুটল। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। নড়েচড়ে বসল। তারপর কান খাড়া করে শুনল আরিজের বলা কথাগুলো।
_'বড় বাড়ির মাইয়াগোর বিয়ার প্রস্তাব আনবেন খুব ভালা কতা। ওগোর
মাইয়া বিয়া দিবো নাকি সাজাইয়া রাখব ওগোরে ব্যাপার। তয়, আমার বাইতে ভুলেও পা বাড়াইলে পা ভাংঙ্গা চুরচুর কইরা দিমু। আমি আমার বুইনের এহন বিয়া দিমু না, কানে ঢুকছে নি আমার কতা? নাকি কাজে কইরা দেখামু?'
আরিজের মুখোমুখি পড়ে ঘটক থতমত খেয়ে গেলেন। আরিজ যে সময় থাকে না তখনই আসেন। বাড়ির মহিলাদের ব্রেণ ওয়াশের চেষ্টা করেন।
আরিজের মাকেও যথেষ্ট বুঝিয়েন কিন্তু ছেলেটাকেই বোঝানো যায় না।
ছেলেটা কেমন মারমুখো স্বভাবের। তাই উনি জোরপূর্বক হেসে বললেন,
_'বিবাহযোগ্যা মাইয়ারা আগুনের লাহান। ওগোরে বেশিদিন ঘরে রাখতে নাই। বদনাম হয়। যুগজামানাও ভালা না। এহনকার মাইয়ারা প্যাট থিকা পইরা পিরিতের রীতিনীতি বুইজ্জা যায়। চিপায় চাপায় ঢলাঢলি করে।
হেরফর বাপ-মায়ের সম্মান খাইয়া দুদিনের লাঙ্গের সঙ্গে পলাইয়া যায়।
এর থিকা বিয়া দেওন ভালা না? আমি ভালোর জন্য আহি আরিজ, রাগ কইরো না বাপ।'
_'আমার ভালা আমি বুঝি। আপনের কষ্ট করন লাগত না। এবার রাস্তা মাপেন দেহি।'
_'তা তুমি বিয়া করতা না? পাত্রী দেকমু? একখান পরীর সন্ধান আছে। ছবি দেখবা, দেখাই?'
_'না। আপনের পরী আপনে নিজের গলায় ঝুলাইয়া বইয়া থাকে। ওসব পরী ফরী আমার লাগত না।'
একথা শুনে ঘটক বেজার মুখে চলে গেলেন। ছেলেটা বড্ড গোয়ার। খুব কড়া কথা বলে। উনি যেতেই আরিজ গোয়ালে ঢুকে গরুকে খড়-ভুষি দিলো। পানি খাওয়ালো। তারপর শুনিয়ে শুনিয়ে বলল,
_'এক মিনিটের মধ্যে সবডি বাহিরে বাইর হবি। নাইলে কাঁচা কঞ্চি দিয়া বাড়াইয়া ভুত বানাইয়া দিমু। বইয়া বইয়া সবডি গোবরের গন্ধ গিলতাছে, গীদরের ঝাড় কোথাকার!'
একথা শুনে পাঁচজন মিটিমিটি হাসতে হাসতে একে একে বাড়ির দিকে হাঁটা ধরল। ধারা, সারা, হিয়া, দিয়া ভুঁইয়া বাড়ির মেয়ে। আর এই গ্রামে ভূঁইয়ারা সবচেয়ে সম্পদশালী মানুষ। যাদের সম্পদ বেশি তাদের ক্ষমতা বেশি। আর যাদের ক্ষমতা বেশি তাদের দাপটও বেশি। আর একথাটা যে কতটুকু সত্য তা উনাদের দেখলেই বোঝা যায়। ধারারা বাড়িতে ঢুকলে অরাও ঢুকল তার বাড়িতে। তাদের বাড়িটা ভুঁইয়াদের মতো এত বড় না।
টিনের চালার তৈরি ছোট্ট একটি বাড়ি। যেখানে বড় ভাই আরিজ, বিধবা মা আর সে থাকে। মাত্র তিন সদস্যের ছোট্ট একটি সংসার তাদের।
______________
_'গুয়ে মারা যাবেন মামা?'
কথাখানা কর্ণকুহুরে পৌঁছানো মাত্রই ভ্যানওয়ালা কষে ব্রেক চাপলেন।
আকস্মিক কাণ্ডে পুরো ভ্যান রাস্তা থেকে ছিঁটকে একপাশে হেলে গেল। আচমকা এমন ধাক্কায় মুনতাসীর তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে যাচ্ছিল। কিন্তু তড়িৎ লোহার হাতলটা ধরে কোনোমতে নিজেকে সামলে নিল। ভ্যানওয়ালা অদ্ভুত দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছে। যেন এলিয়েন সে। উনাকে এভাবে তাকাতে দেখে সে নিজেও নিজের দিকেই তাকাল।
তার পরনে হাতা ফোল্ড করা সাদা শার্ট আর নেভি ব্লু কার্গো প্যান্ট। ডান হাতের কব্জিতে লেদারের রিস্টব্যান্ড আর বাম হাতে স্মার্ট ওয়াচ। গলায় ঝুলছে প্রিমিয়াম কোয়ালিটি নেকব্যান্ড ইয়ারফোন। এই তো, এই বেশ!
নিজে নিজেকে দেখে সে ভ্যানওয়ালার দিকে তাকাল। ভ্যানওয়ালা ভ্যান গলায় ঝুলানো গামছাটা কোমরে বাঁধলেন। তারপর রেগে খেঁকিয়ে উঠে বললেন,
— 'ছিঃ! আপনে কি কইলেন এডি? আমি ক্যান গুঁয়ে মারা যাইব? আমি ভালা মানুষ। প্রতি শুক্কুরবার জোহরের নমাজ পড়ি।'
একথা শুনে মুনতাসীর থতমত খেয়ে গেল।উনার রাগের কারণ বোধগম্য হল না তার। তাই নিজেকে সামলে জোরপূর্বক হেসে বলল,
— 'আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে মারা যেতে বলি নাই। আমি বলছি, গুয়েমারা যাবেন কি না?'
— 'আবারও কন, গুঁয়ে মারা যাব নাকি? মশকরা করেন মিঁয়া? শহরের মানুষ বইলা আমাগো গেরামরে ওসব হাগা-পাদাড় নাম দিয়া ডাকবেন? ভদ্রলোক মনে কইরা ভ্যানে তুলছিলাম, এহন দেহি আপনে আস্ত একটা খচ্চর!'
অকারণে গালমন্দ শুনে সে ভোলাভালা মুখে তাকিয়ে রইল। এ লোককে বলছে কী আর উনি বুঝছে কি? মুখভঙ্গি দেখে মনে হচ্ছে সিট খোলার রড দিয়ে তার মাথা ফাটিয়ে দেবে। উনার এমন রুদ্রমূর্তিতে কী বলবে ভেবে পেল না সে। তাই শেষ প্রচেষ্টা চালাতে পকেট থেকে কুঁচকে যাওয়া কাগজখানা বের করল। তারপর উনার সামনে ধরল। ফোনের ফ্ল্যাশ জ্বেলে দেখাবে তারও উপায় নেই। বিকেল থেকে মোবাইলটা মৃত লাশের মতো পকেটে পড়ে আছে। পাওয়ার ব্যাংকটা কাছে থাকলেও হতো। বাস থেকে নেমে হাত-মুখ ধুতে গিয়েছিল এসে দেখে তার ট্রলি হাওয়া! ট্রলি খুঁজতে খুঁজতে সন্ধ্যাটুকু কেটেছে। কিন্তু পেলে তাও হতো, কিন্তু পায়নি। ট্রলিতে জামা-কাপড়, জরুরি কাগজপত্রসহ কত কী যে ছিল। সব গেল! মন্দ ভাগ্য হলে যা হয়! কিন্তু এখন সেসব নিয়ে ভাবার সময় নেই, আগে ভুল বোঝাবুঝি থেকে বাঁচা দরকার। তাই সে মিনমিন করে বলল,
— 'মামা, দয়া করে লেখাটা একটু দেখেন। এই গ্রামের নাম এটাই লেখা আছে। কী জ্বালা বলুন দেখি, যে গ্রামে এসেছি সেই গ্রামের মানুষই নিজের গ্রাম চেনে না!'
—'কী! আমি আমার গেরাম চিনি না? এই গেরামের চৌদ্দগোষ্ঠী আমার চেনা-জানা। আপনে নামেন গাড়ি থাইকা! আপনেরে আমি এক পা-ও লইয়া যামু না। নামেন!'
ভ্যানওয়ালা চেঁচিয়ে উঠলে মুনতাসীর ভ্যান থেকে নেমে রাস্তায় দাঁড়াল। সে অসহায় চোখে চারিদিকে দৃষ্টি বুলাল। রাস্তায় একটা ল্যাম্পপোস্টও নেই। ঘুটঘুটে অন্ধকারে ধরণী ডুবে আছে। পথ কোনটা, ঘাট কোনটা? কোন দিকে যাবে সে? ঘড়ির কাঁটা না দেখলেও আন্দাজ করা যায় রাত এখন সাড়ে নটা। অথচ চারপাশটা দেখে মনে হচ্ছে রাত একটা-দেড়টা। ঠিক তখন দূর থেকে একটা টর্চের আলো কাঁপতে কাঁপতে তাদের দিকে এগিয়ে এল। তা দেখে মুনতাসীরও যেন আশার আলোও দেখতে পেল। এতক্ষণে একটা মানুষ পাওয়া গেছে। এবার উনার থেকে সাহায্য পাওয়া যায় কি না দেখা যাক। তাদেরকে মাঝপথে দেখে সাইকেলওয়ালা নিজে থেকেই থামলেন। ধীরে ধীরে সাইকেল থেকে নেমে দাঁড়ালেন। মুরুব্বি গোছের এক লোক। পরনে লুঙ্গি- ফতুয়া, চোখে মোটা কাঁচের চশমা।
তিনি টর্চের আলো মুনতাসীরের মুখে মেরে বললেন,
— 'এডা ক্যাডা? ঘটনা কী? তোমরা এহানে খাড়ায় রইছো ক্যা?
মুনতাসীর আর সুযোগ পেল না। তার আগে ভ্যানওয়ালা নালিশের সুরে বললেন,
_'দ্যাখেন চাচা, শহর থাইকা আইসা এই চ্যাংড়া আমারে কয় গুঁয়ে মইরা যাইতে! আমি কি এমন পাপ করছি আমারে এই কথা শুনতে হইবো?'
এবার মুনতাসীর বলল,
_'না চাচা! গড প্রমিস, আমি ওনাকে মরতে বলি নাই। আসলে আমি যাব 'গুয়েমারা' গ্রামে। আমাকে দেওয়া ঠিকানায় এই নামই লেখা আছে। কিন্তু উনি কিছুতেই বুঝতেছেন না।'
মুরুব্বি দুই পক্ষের কথা মন দিয়ে শুনলেন। তারপর চশমা নাকের ডগায় নামিয়ে মুনতাসীরের থেকে কাগজখানা নিলেন। বানান খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে মুনতাসীরকে বললেন,
— 'বাজান, এইডা গুয়েমারা না তো। এইডা হইলো গিয়ে 'গোয়া-মারা'!'
মুনতাসীরের জবাব যেন রেডিই ছিল। সে বলল,
_' দেখেছি আমি। আমি ভেবেছি যে লিখেছে সে ভুল করেছে। তাই আমি এতক্ষণ গুঁয়েমারা গ্রাম খুঁজছিলাম। তাছাড়া এমন ন্যাস্টিমার্কা গ্রামের নাম হয় নাকি?'
_'বুঝছি বাজান। তয় ঘটনার পিছনেও ঘটনা থাহে। আমাগো গেরামের নাম এডা রাখার পেছনেও বিরাট কারণ আছিল।'
_'অ্যাঁ?'
—'হ বাজান। এডা সত্য ঘটনায়। এইডা আমাগো গেরামের ঐতিহাসিক নাম। আর এই অঞ্চলের মানুষ পেয়ারারে 'গয়া/গোয়া' কয়। তো হ্যাঁ, যা কইতেছিলাম, আমাগো গেরামে আগে এক জমিদার বাস করত। উনার নাম আছিল হরিশচন্দ্র রায়। উনি খুব শখ কইরা একখান বিশাল গোয়ার (পেয়ারা) বাগান করছিল। সেই বাগানে কাউরে ঢুকতে দিতেন না। হুনছি বেশ বড় বড় ডাসা ডাসা মিষ্টি গোয়া হইত উনার বাগানে। এক রাইতে ডাকাইত আইসা জমিদার বাইতে হামলা করছিল। জমিদার মশাইরে মুডা রশি দিয়া বাঁনছিল। গোয়ার বাগান দেইখা ডাকাইতরা নাকি গোয়া ছিঁইড়া খাইতেছিল। জমিদারের এত শখের গোয়া এভাবে ছিঁড়া, সহ্য করতে পারছিলেন না জমিদার। তাই চিল্লাইয়া উনার পোলা গোবর্ধনরে ডাকতাছিল— 'ওরে গোবর্ধন, তর বাপের গোয়া লইয়া গেল রে! তোর বাপের গোয়া খাইয়া লইছে রে! ডাকাতইরা সব লুটেপুটে পুইছা লইয়া গেল রে!' (মানে উনার পেয়ারা বাগানের সব পেয়ারাগুলো সাবাড় করে দিচ্ছে)।'
এটুকু বলে মুরব্বি কপালের ঘাম মুছলেন। বলতে গিয়ে হাঁপিয়ে গেছেন। এদিকে মুনতাসীর চোখ বড় বড় করে উনার দিকে তাকিয়ে আছে। তার জীবনে অনেক লোমহর্ষক ঘটনা শুনেছে। কিন্তু এমন ঘটনা শুনেছে কী না মনে পড়ছে না। তার মুখে দেখে মুরুব্বি গলা ঝেঁড়ে আবারও বলতে লাগলেন,
— 'হরিশচন্দ্রের পোলা গোবর্ধন তখন খাটের তলায় কাঁপতেছিল। কিন্তু
বাপের ওই 'গোয়া লইয়া গেল রে' কওয়া চিৎকার শুইনা তার গায়ে ত্যাজ ভর করলো! একখান মরিচা পড়া শক্ত তলোয়ার লইয়া বাগানে আইল। তখনও নাকি ডাকাইত বস্তাভর্তি গোয়া লইয়া দেওয়াল টপকাইতেছিল।
গোবর্ধন আর ডানে-বামে তাকাইল না। অন্ধের মতো তলোয়ার দিয়া ওই ডাকাতের পাছা বরাবর..মানে আসল 'গোয়া' লক্ষ্য কইরা কোপ বসাইয়া দিল!'
এতক্ষণ উনার বলা ঘটনাখানা ভ্যানওয়ালাও শুনছিলেন। কিন্তু শেষের দিকে মিলল না দেখে ফোঁড়ন কেটে বললেন,
_'উঁহু চাচা, কোপ না। আমার দাদার মুখে তো হুনছিলাম, তলোয়ারখানা তীরের মতো কইরা ডাইরেক্ট কান্দা বরাবর ভইরা দিছিল!'
—'হ, ওই একই কতা।'
মুরুব্বি মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। তারপর বাকি ঘটনার সমাপ্ত টানতে পুনরায় বললেন,
_' তারপর ডাকাইত তো 'ওহ বাপ রো, মা রো' বইলা গোয়ার বস্তা ফেইলা
আপন গোয়া লইয়া পলাইয়া গেল। পরদিন সকালে পুরো এলাকায় রাষ্ট্র হইয়া গেল জমিদারের পোলায় ডাকাতের গোয়া মারছে! হেই থাইকা, এ গৌরবের ইতিহাস ধইরা রাখতে গেরামের নামডি হইয়া গেল'গোয়ামারা'!
এ ভাবেই দিন যাইতেছিল। নামের লিগা কতবার লজ্জায়ও পড়ছিলাম।
তয় মাস তিনেক আগে আমাগো গেরামে শরের (শহরের) পোলায় নাকি বিয়া বইতে আইছিল। বিয়ার কার্ডে গেরামের নাম দেইখা বিয়া ভাইঙা দেওয়ার হুমকি দিসিলো। পরে নেতার সুপারিশে সরকারি খাতায় নাম পাল্টাইয়া রাখা হইলো 'পদ্মডাঙ্গা।' এবারের নামডা কত্ত সুন্দর না? কিন্তু আমরা খাঁটি বাঙালি। ঘাড়ত্যাড়ার জাত। আমাগো সহজে ভালো কিছু রুচে? রুচে না। তাই সুন্দর নাম পাইয়াও মুখে মুখে আগের ঐতিহাসিক নামডাই বাঁচাইয়া রাখছি। তা বাজান, এই রাইত-বিরাইতে তোমার গোয়ামারা খাওনের... মানে গোয়ামারা যাওয়ার শখ চাপল ক্যান?'
মুনতাসীর ততক্ষণে রাস্তার ওপরে বসে পড়েছে। তার মাথা ভনভন করে ঘুরছে। একটা নামের পেছনে এমন কাহিনিও থাকতে পারে? কি অদ্ভুত মানুষজন! কি অদ্ভুত এদের চিন্তাভাবনা। না, এখানে থাকা সম্ভব না। সে
চট করে উঠে দাঁড়াল। তারপর মুরব্বিকে বলল,
_'চাচা, এখানে আসায় আমার ভুল হয়েছে। আমি গুয়ে মারাও যাব না,
গোয়ামারও খাব না..না মানে যাব না। আমি ঢাকা যাব। আমাকে জাস্ট রেলস্টেশন বা বাসস্ট্যান্ডের পথ দেখিয়ে দিন, প্লিজ!'
ভ্যানওয়ালা এতক্ষণে পুরো বিষয়টা বুঝতে পেরেছে। তাই কিছুটা নরম হয়েছেন। সব জেনে খুব খারাপও লাগল ছেলেটার জন্য। তাই বললেন,
_'বাসস্ট্যান্ড এহন বন্ধ। শেষ বাস ছাইড়া দিসে রাইত আটটায়। স্টেশন যাইতে হইলে মরা নদীর ওপার দিয়া যাইতে হইবো। এই গভীর রাইতে হেইহানে নাকি জাওরা জিনের আসর বসে। বাঁচতে চাইলে যাইয়েন না।'
মুনতাসীর কিছু বলার ভাষা খুঁজে পেল না। মাথা কাজ করছে না তার।
সে এখন কোথায় যাবে? তার কাছে যাবে? রাতটা খোলা মাঠে কাটাতে হবে নাকি? তখন মুরব্বি দাড়ি চুলকে বললেন,
_'তা বাজান, তুই আসলে যাইবা কই? কার কাছে আইছো?'
_'আকবর ভূইয়ার বাড়ি।'
_'ওহ, তা পাগল ছাওয়াল আগে কইবা না? সাইকেলে উঠো দেহি, এবার আমি তোমারে নিয়া যাইতেছি? এক্কেরে বাইতে গিয়া নামামু।'
মুনতাসীর হাফ ছাঁড়ল। অবশেষে একটা গতি হলো। সে ঠোঁটে হাসি ফুটিয়ে সাইকেলের পেছনে বসতে গিয়ে দেখে বসার জায়গা নাই। তখন মুরব্বি একগাল হেসে বললেন,
_'সামনে আইয়ো বাজান। ডর নাই, আমার বুকের ভিত্রে কইরা তোমারে লইয়া যামু। '
মুনতাসীর ঢোক গিলল। আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করল,
__'ওহ গড! এ কোন প্যারালাল ইউনিভার্সে ল্যান্ড করলাম?'
চলবে.....!!
__ #তৈলচিত্র __
#নূরজাহান_আক্তার_আলো
[০১]
