কাল আমার বিয়ে। কিন্তু আজ এই মাঝ রাতে আমার বাসা থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বাবা-মা যেই ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন সে আবার এলাকার এমপি। ভালোবেসে সবাই এমপি সাহেব বলে ডাকেন। কিন্তু তাতে আমার কী? ওই সারাদিন মারধোর করা, সকল অবৈধ কাজে জড়িত ব্যক্তির যত টাকাই থাকুক না কেন আমি তৃষা নুজায়াত তার বউ হচ্ছি না, না মানে কখনোই না। তার মতো ভয়ানক ব্যক্তির বউ হওয়া আমার কাম্য নয়। আমার কাছে আমার স্বপ্ন পূরন সবার আগে। আমার কাছে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঙিনায় বিচরণ সবার আগে। নিজের মনে বেশ কয়েকবার কথা গুলো বিরবির করল তৃষা। এত লম্বা বাসযাত্রার পরে বান্ধুবী শিমলার বাসায় উঠে যখন বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল তখন কেমন যেন শান্তি শান্তি লাগছে ভেতরটা। তবে ভয়ও কম হচ্ছে না। কারণ চট্টগ্রামের এমপি যুবরাজ সরকার তাকে যে করেই হোক খুঁজে বের করবেই। আজ হোক কিংবা কাল। সে মানুষ কম বাজপাখি বেশি। এক নাম্বারের দজ্জাল লোক বললেও ভুল হবে না। সেদিনের কথা মনে আছে? এমপি এসেছে বলে পুরো রাস্তা ব্লক করে রাখা হয়েছিল। তৃষা কক্সবাজার ট্রিপে বন্ধুদের সঙ্গে যাওয়ার কথা বলে ঢাকায় এসে এডমিশন পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করে। একটা মাত্র ভার্সিটি তার লক্ষ ছিল। আর সেখানেই চান্স পেয়েছে সে। কিন্তু সে বুঝি জানে না ওই অমানুষটা তাকে খুঁজতে খুঁজতে এখানে ঠিক চলে আসবে? এতক্ষণে হারিকেন দিয়ে খুঁজছে গুন্ডা লোকটা তাকে। একটু হ্যান্ডসাম তাই বলে কী যা মন চায় তাই করবে? অধিকার যেখানে নেই সেখানে অধিকার খাটানোর প্রশ্ন আসে না। আর বাবা-মা গুলোও এক নাম্বারের গাদ্দার। ওই ছেলে বড় লোক দেখেই বুঝি মেয়েকে গলায় বুঝিয়ে দিতে হবে? ওইদিন এডমিশন পরীক্ষার উদ্দেশ্য রওনা হওয়ার সময় রাস্তার জ্যাম দেখে এত রাগ হচ্ছিল তৃষার। ট্রেন মিস করলে সব শেষ। মুখে যা গালি এসেছে ইচ্ছে মতো দিয়েছে। আশপাশের সবাই যদিও চুপ থাকতে বলেছিল কিন্তু মাথাটা তখন কাজ করছিল না। এখন কোনো লোক যে গালি খেয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বসবে কে জানে? নিশ্চয়ই গালির প্রতিশোধ বাসর রাতে উসুল করবে বলে বিয়ের প্রস্তাব দেওয়া? নেতারা ওপর ওপর হাসে, ভেতর ভেতর মারে। তৃষা পাশ ফিরতেই রুমের মধ্যে শিমলার মা এসে একগাদা খাবার দিয়ে গেল। তৃষা আর সময় হয়তো বলত, 'দরকার কী আন্টি? এত কিছু করার?' তবে আজ পেটে ক্ষুধা। টেনশন থাকলে তৃষার ক্ষুধা লাগে বেশি। আগে খেয়ে বাঁচা যাক। নিজে বাঁচলে বাপের নাম।'