যে স্বামীর শূন্য পকেটে ইরা তার পাশে ছিল ঢাল হয়ে। সেই স্বামী আজ সাফল্যের দেখা পেয়ে ইরাকে অবহেলায় দূরে ঠেলে দিয়েছে। ইরা কে? তা হয়তো সে ভুলতে বসেছে। যার ব্যবসার মূলধন জোগাতে ইরা নিজের বাবার বাড়ি থেকে নিজের অংশের সম্পত্তিটুকু পর্যন্ত এনে বিক্রি করে দিয়েছে, যার কারণে ভাই ও বাবার সাথে তার রক্তের পবিত্র সম্পর্কটুকু আজীবনের জন্য ছিন্ন হয়ে গেছে, সেই স্বামী আজ তার দিকে একবার ফিরে তাকানোর ন্যূনতম প্রয়োজনটুকুও বোধ করে না। নওশাদ আর ইরার বিয়ের আজ চার বছর হলো একসময়ে নওশাদ ছিল একটা নামগোত্রহীন কোম্পানির সামান্য একজন গ্রাফিক ডিজাইনার। মাসের শেষে যার পকেটে দুটো টাকাও অবশিষ্ট থাকত না। আর আজকের নওশাদ? দেশের অন্যতম প্রভাবশালী এক ক্রিয়েটিভ এজেন্সির সহপ্রতিষ্ঠাতা ও চিফ ক্রিয়েটিভ ডিরেক্টর। ব্র্যান্ডিং, অ্যাডভার্টাইজমেন্ট, সিনেমাটিক ক্যাম্পেইন, লাক্সারি মার্কেটিং থেকে শুরু করে সেলিব্রিটি ইমেজ ম্যানেজমেন্ট, সবকিছুতেই আজ তার এজেন্সির একচ্ছত্র আধিপত্য। দেশের বড় বড় ফ্যাশন ব্র্যান্ড, কর্পোরেট কোম্পানি, রেস্টুরেন্ট চেইন, এমনকি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি পর্যন্ত তাদের ছোঁয়া ছাড়া একটা বড় ক্যাম্পেইন লঞ্চ করার সাহস পায় না। আর এই অভাবনীয় সাফল্যের পেছনে রয়েছে আল্লাহর অশেষ রহমত, আর শুধু ইরা।