তিনটি জোড়ায় গাঁথা এই উপন্যাসে রয়েছে প্রধান ছয়টি চরিত্র৷ তিন জোড়ারই গল্প ভিন্ন। ছয় চরিত্রেরই বৈশিষ্ট্য ভিন্ন। পার্থ মুন্তাসির চৌধুরী পেশায় একজন রাজনীতিবিদ। রন্ধ্রে রন্ধ্রে যার রাজনীতি মিশে আছে, তার গরিমাকে ছুঁয়ে যায় এক নারী। পেশায় ডাক্তার তরী রশীদের মনে ছিল রাজনীতি এবং রাজনীতিবিদদের নিয়ে তীব্র অনিহা। ভিন্ন জগতের এই দুটো ব্যক্তি একই সুতোয় বাঁধা পড়ে একটি জোরপূর্বক বিবাহের মাধ্যমে। যাদের গল্পটাই শুরু হয় এতটা তিক্ততা দিয়ে, তাদের সমাপ্তিটা কেমন হয়েছিল? অপরদিকে রয়েছে শোভন মুহতাশিম চৌধুরী। পিতার অপছন্দের এক পুলিশের চাকরি করা এই তাগড়া যুবক পেশাদারি চরিত্রের বাহিরে হচ্ছেন একজন ফুলটাইম প্রেমিক। প্রেমিকা মধুমিতার জন্য তার নিকট রয়েছে অফুরন্ত সময়। তবে সম্পর্ককে বৈবাহিক পর্যায়ে নিতে গিয়ে দু'জন সম্মুখীন হয় শোভনের পিতার অসম্মতির? শেষ অব্দি কি শোভন এবং মধুমিতার গল্পটা একটা পরিণতি পায়? পার্থ এবং শোভনের একমাত্র ছোটবোন মুমতাহিনা চৌধুরী পৃথা একজন অষ্টাদশী রমণী। বিনা নোটিশের বৃষ্টির ন্যায়ই তার সাক্ষাৎ হয় তূর্য রশীদ নামক এক তরুণ সাংবাদিকের সঙ্গে। ফোনালাপে শুরু হওয়া মিষ্টি গল্পটা হুট করেই রূপ নেয় প্রতিশোধের অংকে। বোকা পৃথা বাজেভাবে ঠকে যায় আবেগে ভেসে। সে-ই ঠকে যাওয়া পৃথা কি শেষ অব্দি একটা লুজারই রয়ে যায়? না-কি জীবনের খাতায় সে-ও জয়ী হয়? প্রেমের হাওয়া ছুঁয়ে যাওয়া ছয়টি মানুষের গল্পই পাবেন, যেই তোমার হাওয়া আমাকে ছুঁলোতে। কখনো সমুদ্রের তীর, কখনো চায়ের টং, কখনো-বা ছাদের বুকে - প্রেমের গল্প জমা হয় আপন ভাষায়।