আয়নার গায়ে লাল বেনারসি শাড়ি। লালের মধ্যে সোনালি জরির ঢেউ তোলা কারুকাজ। মাথায় পাতলা বিয়ের ঘোমটা। গোল গোল চোখে মোটা করে টানা কাজল। ঠোঁটে লাল লিপস্টিক। কপালের মাঝ বরাবর লাল টিপের পাশ থেকে গাল পর্যন্ত সাদা, লাল কুমকুমের বিন্দু বিন্দু আলপনা। সেই আলপনার উপরে নিজ ছন্দে নৃত্য করছে টিকলি, টায়রা। তাদের সাথে ঠিক তাল মেলে দোল খাচ্ছে নাক থেকে কান পর্যন্ত টানা নাকের গোল নথ। আয়নার গায়ের রং সাদা। সাদা মানে বেশ সাদা। গ্রামের ধূলোবালি, খটখটে রোদে তার সৌন্দর্য কখনো ম্লান হয়নি। বরং শৈশব থেকে কিশোরী হতে হতে গ্রামের বুনো সাদা ফুলের মতো খিলখিল করে হেসে উঠেছে। তার দাদি বলে, -- সে পেটে থাকতে চকচকে পিতলের কলসি ঘরের দরজায় রাখতেন। তার মায়ের প্রতিদিন ঘুম থেকে উঠে সবার আগে এই সোনার রঙের চকচকে পিতলের কলসিতেই চোখ পড়ত। আর পড়ত বলেই তার গায়ের রংও হয়েছে সোনার রঙের মতো চকচকে।