--- সুইট ডেমোন নাম শুনেছিস কখনো? গতকাল রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে এদিকটায়,তাও দিবালোকে সূর্যদয় হয়নি।চারিদিক কেমন গুমোট হয়ে আছে, যেন টোয়াইলাইট উপন্যাসের সেই মেঘের চাদরে ঢাকা বৃষ্টিস্নাত ছোট্ট শহর "ফর্ক"। পিচঢালা ভাঙাচোরা রাস্তার যত্রতত্র জমে আছে বৃষ্টির জল। জমে থাকা সেই তুচ্ছ নোংরা জল পায়ে মাড়িয়ে পথচারীরা গন্তব্যের দিকে হেঁটে চলেছে নির্বিগ্নে। সারারাত বৃষ্টি হওয়ার দরুন শহুরে রাস্তায় ভেজা মাটির সোঁদা গন্ধটা বেশ সুস্পষ্ট। এই গন্ধটা নাকে এলে চারিদিকের সবকিছু আপনা-আপনি সতেজ মনে হয়। লোকাল বাসের কর্নারের সিটটায় বসে কানে ফোন নিয়েই, ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া বৃষ্টিস্নাত যান্ত্রিক শহরটার দিকে চেয়ে চেয়ে লম্বা শ্বাস নিলো ঈশানী। আজ বহুদিন বাদে ওর মনটাও সতেজ লাগছে, যদিও বা অসহায় চোখে মুখের কোথাও সেই সতেজতার লেশমাত্র নেই। ভীত হরিণীর মতো নীল রঙা জ্বলজ্বলে চোখের মনি দুটো তখনও বাসের জানালা ভেদ করে বাইরেই নিবদ্ধ তার, এমন সময় হুট করেই উক্ত প্রশ্নটা করে বসে ফোনের অপর প্রান্তের মানুষটা।